Category: পিরোজপুর

  • টাকার অভাবে মুখের ক্যান্সারে ধুকে ধুকে মৃত্যুর দিকে তরুণ চন্দ্রশীল

    টাকার অভাবে মুখের ক্যান্সারে ধুকে ধুকে মৃত্যুর দিকে তরুণ চন্দ্রশীল

    নিউজ সোনারগাঁ: সোনারগাঁয়ের চেঙ্গাকান্দি গ্রামের হতভাগ্য এক নাম—তরুণ চন্দ্রশীল (৫৪)। এক সময় যিনি ছিলেন পরিবারে ভরসার প্রতীক, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ছোট্ট সুখের সংসার গড়েছিলেন দিন-রাত পরিশ্রম করে। পেশায় দারোয়ান ছিলেন তিনি, রাত জেগে পাহারা দিয়ে জীবিকার টাকা তুলে ঘর-বাড়ি করেছিলেন সোনার আশা নিয়ে।

    কিন্তু হঠাৎ করেই জীবনে নেমে আসে এক ভয়ানক অন্ধকার—মুখে ধরা পড়ে ক্যান্সার। চাকরি হারিয়ে চিকিৎসার খরচ চালাতে হিমশিম খেতে থাকেন তিনি। ঘরবাড়ি, শেষ সম্বলটুকুও বিক্রি করে দেন এক বুক আশা নিয়ে, হয়তো স্বামীকে সুস্থ করে তুলতে পারবেন।

    কিন্তু ভাগ্য যেন মুখ ফিরিয়ে নেয়। চিকিৎসা শেষ না হতেই থেমে যায় টাকার জোগান। অসহায় হয়ে পড়েন তরুণ। কোনো উপায় না পেয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরে সাহায্যের জন্য আবেদন করেন, কিন্তু সাড়া মেলেনি তেমন।

    আজ সেই তরুণ চন্দ্রশীল ধুকে ধুকে মৃত্যুর দিকে এগোচ্ছেন বিনা চিকিৎসায়, অন্ধকার একটি ঘরের চার দেয়ালে বন্দী জীবন।

    তার স্ত্রী লক্ষি রাণী কেঁদে কেঁদে বলেন,
    “ভাই, আমি সব কিছু বিক্রি করে ওর চিকিৎসা করাইছি। ডাক্তাররা বলছে ঠিকঠাক চিকিৎসা পাইলেই ভালো হয়ে যাইত। কিন্তু আর কয়টা দিন চিকিৎসা করানোর মতো টাকাও নাই আমার কাছে। তাই হাতজোড় করে বলতেছি—যদি কেউ সাহায্য করতেন, আমার স্বামীটা হয়তো আবার বাঁচত।”

    এই মুহূর্তে তরুণ চন্দ্রশীলের প্রয়োজন সঠিক চিকিৎসা ও সহানুভূতির হাত। একজন মানুষের জীবন হয়তো আপনার একটুকরো সহযোগিতাতেই ফিরে পেতে পারে আলোর মুখ।

    তরুণ চন্দ্রশীলের পরিবারের পাশে দাঁড়াতে ইচ্ছুক হৃদয়বান ও বিত্তবানদের প্রতি নিউজ সোনারগাঁ আন্তরিকভাবে সহযোগিতার আহ্বান জানাচ্ছে।

  • সোনারগাঁয়ে তিনটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

    সোনারগাঁয়ে তিনটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রবিবার (১৩ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত টানা মোবাইল কোর্টের অভিযানে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

    অভিযানে পিরোজপুর ইকোনমিক জোনের পাশে একটি, বিপরীত পাশে একটি এবং অপজিট এলাকায় আরও একটি—মোট তিনটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো গুড়িয়ে দেওয়া হয়।

    অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান এবং সোনারগাঁ তিতাস অফিসের ম্যানেজার আনোয়ারুল ইসলাম।

    পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি স্প্রে করে চুনা ভাটির কাঁচামাল নষ্ট করা হয় এবং এক্সকেভেটর দিয়ে কারখানার স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়।

    অভিযানকালে ১২০ ফিট দৈর্ঘ্যের এমএস গ্যাস পাইপ এবং ১.৫ ইঞ্চি পিভিসি পাইপ জব্দ করা হয়। সেই সঙ্গে উৎসস্থলে পাইপগুলো বিনষ্ট করে প্রতিটি সংযোগের মূল পয়েন্টে কিলিং ক্যাপিং করা হয়।

    তিতাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

  • আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ

    আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় গণসংযোগের অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে দলটির নেতৃবৃন্দ।

    রবিবার (২২ জুন) বিকেলে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের বটতলা থেকে শুরু করে বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লা, বাজারের দোকানদার ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

    গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মেম্বার, সহ-সভাপতি শফিউল আলম বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, বিএনপি নেতা শহীদ সরকার, মাসুম রানা, আলীনুর বেপারী, শাহীনুর মিয়া, শাহীন রেজা, ফারুক হাসানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতৃবৃন্দ।

    এসময় নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ চলমান থাকবে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ প্রতিটি গ্রামে ও পাড়া-মহল্লায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সোনারগাঁবাসী চায় আমি এখান থেকে নির্বাচন করি: গিয়াসউদ্দিন

    সোনারগাঁবাসী চায় আমি এখান থেকে নির্বাচন করি: গিয়াসউদ্দিন

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “সোনারগাঁবাসী চায় আমি এখান থেকে নির্বাচন করি। আমি তাদের সম্মান রাখব।”

    রবিবার (২২ জুন) দুপুরে পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আশরাফুল আলম আশরাফ প্রধান।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছেন। ৫ আগস্ট বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে এসেছে। শেখ হাসিনা আইনের সুশাসন ও গণতন্ত্রকে ধ্বংস করেছেন। এখন সময় এসেছে পরিবর্তনের। দেশবাসী নির্বাচন চায়, জনগণ পছন্দের প্রার্থীকে ভোট দিতে প্রস্তুত। আমাদের জনগণের আস্থা অর্জন করতে হবে।”

    তিনি আরও বলেন, “সোনারগাঁওয়ে বিএনপির নতুন সদস্য ফরম অনেককে দেওয়া হচ্ছে না—এটি ঠিক নয়। যারা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, তারা সবাই সদস্য ফরম পাবেন। আমি সে ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।”

    মনোনয়ন প্রসঙ্গে গিয়াস উদ্দিন বলেন, “দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাইকে একযোগে কাজ করতে হবে। ছোট মন নিয়ে বড় পদ লাভ করা যায় না। এমপি হতে চাইলে উদার মনের অধিকারী হতে হবে। সোনারগাঁওয়ের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, আমি তার যথাযথ মূল্য দেব।”

    অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সোনারগাঁও থানা যুবদলের আহ্বায়ক সহিদুর রহমান স্বপন।
    এছাড়াও উপস্থিত ছিলেন:

    • নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল
    • সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম
    • সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন
    • নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল
    • নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি মো. স্বপন চৌধুরী
    • সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন
    • সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান সরকার
    • সোনারগাঁও উপজেলা তাঁতী দলের সভাপতি আমির হোসেন

    এছাড়াও পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

  • সোনারগাঁয়ে ছাগলকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দাদা-নাতিকে বেধড়ক মারধর

    সোনারগাঁয়ে ছাগলকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দাদা-নাতিকে বেধড়ক মারধর

    নিজস্ব প্রতিবেদক:
    নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পিরোজপুর ইউনিয়নের বড় কোরবানপুর গ্রামে ছাগলকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই শিশু ও তাদের দাদাকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে স্থানীয় নাসির উদ্দিন, আলী আব্বাস ও ইয়াসিনসহ কয়েকজনকে।

    ভুক্তভোগী পরিবার জানায়, গত ১০ মে (শনিবার) বিকেলে ফাহিম হোসেন (১২) ও ফরহাদ হোসেন (১০) পার্শ্ববর্তী কাঠবাগানে ছাগল চরাতে গেলে প্রতিবেশী আলী আব্বাস, নাসির উদ্দিন ও ইয়াসিন গং তাদের ওপর চড়াও হন। তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে তারা দুই শিশুকে বেধড়ক মারধর করেন।

    পরবর্তীতে এলাকাবাসীর মধ্যস্থতায় সালিশি বৈঠকের চেষ্টা হলেও বিষয়টির সমাধান না হওয়ায় ভুক্তভোগী পরিবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

    এরই জের ধরে, গত সোমবার রাতে দুধঘাটা কবরস্থান এলাকায় সাহেব আলী (৭০) নামের বৃদ্ধকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে অভিযুক্তরা। তার মাথায় একটি, হাতে দুটি এবং পায়ে একটি ধারালো অস্ত্রের কোপ লাগে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলেও, পরে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার প্রচুর রক্তক্ষরণ হয় বলে জানা গেছে।

    আহত সাহেব আলী জানান, “আমার নাতিদের ওপর হামলার পর আমি আইনের আশ্রয় নিয়েছিলাম, সেই কারণেই আজ আমাকে কোপানো হয়েছে। আমি সঠিক বিচার চাই।”

    এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

  • সোনারগাঁয়ে গভীর রাতে ১২ লাখ টাকার ৫টি গরু চুরি

    সোনারগাঁয়ে গভীর রাতে ১২ লাখ টাকার ৫টি গরু চুরি

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এক গৃহস্থের গোয়াল ঘর থেকে গভীর রাতে ১২ লক্ষাধিক টাকার গরু চুরির অভিযোগ পাওয়া গেছে।

    ভুক্তভোগী মোসাঃ তাসলিমা জানান, তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করে আসছেন। প্রতিদিনের মতো গত ২৩ মে রাতে তিনি তার খামারে থাকা ২টি ষাড়, ২টি গাভী ও ১টি বাছুর মোট ৫টি গরু গোয়াল ঘরে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন।

    পরদিন ২৪ মে ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের সময় গোয়াল ঘরে গিয়ে তিনি দেখেন, তালা ভাঙা এবং গরুগুলো আর সেখানে নেই। এসময় সেখানে চোরদের আনা দুইটি রামদা পাওয়া যায়।

    ভুক্তভোগীর ধারণা, রাত আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে ৪টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা দেশীয় অস্ত্র নিয়ে গোয়ালঘরে প্রবেশ করে গোয়াল ঘরের তালা ভেঙে গরুগুলো চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ১২ লাখ ১০ হাজার টাকা বলে তিনি জানান।

    তিনি আরও জানান, এ বিষয়ে পাশ্ববর্তী ও হাইওয়ে এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

    এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

  • সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২টি চুনা কারখানা গুড়িয়ে দিলো তিতাস

    সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২টি চুনা কারখানা গুড়িয়ে দিলো তিতাস

    পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নে মোবাইল কোটের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেন তিতাস কতৃপক্ষরা।

    এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান ও তিতাস অফিসের ম্যানেজার সুরঞ্জিত এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।

    ১৪ মে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘনাঘাট আওয়াতাধীন প্রতাপেরচর, ঝাউচর, এলাকায় ২ টি স্পটে অভিযান চালিয়ে ২ টি অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।

    অপসারিত মালামালের পরিমাণ: এমএস পাইপ ১” ব্যাসের ৩০ ফুট আনুমানিক জিআই পাইপ ৩/৪” ব্যাসের ৪০ ফুট ও হোজ পাইপ ৪৫০ ফুট জব্দ করা হয়।

    এ সময় কারখানাগুলোর মালিকগণকে স্পটে না পাওয়ার কারণে জেল জরিমানা করা সম্ভব হয়নি।
    চুন কারখানা ১টির জমির মালিক/ভাট্টির মালিকের নামে সোনারগাঁও থানায় একটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।

    উল্লেখ্য, উক্ত অভিযানে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের বিপরীতে ১০,০০০ ঘনফুট ঘন্টা গ্যাস সাশ্রয় হয়েছে এবং সাশ্রয়কৃত গ্যাসের আনুমানিক মূল্য ১,৬৩,১০৪/- টাকা

    এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান প্রতিনিয়ত চলছে যেখানেই অবৈধ গ্যাস ও কারখানায় অবৈধ সংযোগ পাওয়া সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

  • সোনারগাঁয়ে মারীখালি নদে অজ্ঞাত সনাতন নারীর মরদেহ এর পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ

    সোনারগাঁয়ে মারীখালি নদে অজ্ঞাত সনাতন নারীর মরদেহ এর পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে এক অজ্ঞাত সনাতন ধর্মাবলম্বী নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার (৩০ এপ্রিল) সকালে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে বৈদ্যেরবাজার নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

    নৌপুলিশের ওসি মাহবুবুর রহমান জানান, মরদেহটি নদীতে মাছ ধরার বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নারীকে হত্যার পর মরদেহটি নদীতে ফেলে রেখে পালিয়ে যায়।

    তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো মৃত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি এবং তার কোনো স্বজনও পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি।

    পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • সোনারগাঁয়ে নদে ভাসছিলো হাত-পা বাঁধা নারীর মৃতদেহ

    সোনারগাঁয়ে নদে ভাসছিলো হাত-পা বাঁধা নারীর মৃতদেহ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

    বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম নারীর মৃত মহিলার লাশ উদ্ধার নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে নৌ-পুলিশের টিম রয়েছে। তারা মরদেহ উদ্ধার করেছে।

    এ বিষয়ে বৈদ্যারবাজার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, উপজেলার জিয়ানগর এলাকায় মারীখালি নদীতে একটি নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মরদেহটি নদীতে মাছ ধরার বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে বেঁধে রেখে যায়।

  • সোনারগাঁয়ে তিনটি কারখানা ও ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস কর্তৃপক্ষ

    সোনারগাঁয়ে তিনটি কারখানা ও ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস কর্তৃপক্ষ

    পরিমল বিশ্বাস:

    সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে দুটি চুনা কারখানা, একটি ঢালাই কারখানা এবং প্রায় ৫০০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

    রবিবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘনাঘাটের আওতাধীন পিরোজপুর মক্কা ফুট সংলগ্ন এবং পিরোজপুর ও জৈনপুর এলাকায় তিনটি পৃথক স্পটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ চুনা কারখানা, ঢালাই কারখানা ও প্রায় ৫০০টি আবাসিক বার্নারের অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করা হয়।

    এ সময় অভিযানে নেতৃত্ব দেন খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন রায় এবং তিতাস গ্যাস অফিসের ম্যানেজার সুরঞ্জিত।

    অভিযানকালে কোম্পানির বৈধ বাণিজ্যিক গ্রাহক মেসার্স অস্ট্রিজ চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার (২৩৭-০১২৫), মোগরাপাড়া-এর অনুমোদিত সীমার অতিরিক্ত গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

    কারখানাগুলোর মালিকদের উপস্থিত না পাওয়ায় ঘটনাস্থলেই কোনো জরিমানা বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে চুনা কারখানা দুটি ও ঢালাই কারখানাটির জমির মালিক/ভাট্টির মালিকদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

    অভিযান চলাকালে অবৈধ কারখানাগুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

    উল্লেখ্য, অভিযানে মোট ২১,৭০০ ঘনফুট/ঘণ্টা গ্যাস সাশ্রয় হয়েছে, যার বাজারমূল্য দৈনিক প্রায় ২,০০,৬৭৭ টাকা।

    তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান অব্যাহত থাকবে এবং যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই তাৎক্ষণিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।

  • সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধ ও ২য় বিয়ে করার বৃদ্ধ পিতাকে পিটালো সন্তানরা

    সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধ ও ২য় বিয়ে করার বৃদ্ধ পিতাকে পিটালো সন্তানরা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে এক বৃদ্ধকে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে তার ছেলে-মেয়েদের বিরুদ্ধে। রোববার (২৭ এপ্রিল) দুপুরে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় এ ঘটনা ঘটে।

    অভিযুক্তরা হলেন- আব্দুর রহিমের ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার।

    জানা যায়, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আষাঢ়িয়াচর গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহিমকে লাথি মেরে মাটিতে ফেলে দেয় তার সন্তানরা। পরে তাকে পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করে। এক পর্যায়ে বৃদ্ধের চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থল পৌঁছে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

     

    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান বলেন, ‘জমি সংক্রান্ত বিষয়ে সন্তানদের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করার ঘটনা শুনেছি। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। লিখিত কিছু পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

  • মেঘনা পাওয়ার হাউস থেকে ফেরার পথে সোনারগাঁয়ের কুরিয়ার কর্মীর ওপর ছিনতাই ও হামলা

    মেঘনা পাওয়ার হাউস থেকে ফেরার পথে সোনারগাঁয়ের কুরিয়ার কর্মীর ওপর ছিনতাই ও হামলা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: মেঘনা পাওয়ার হাউস সংলগ্ন সড়ক থেকে গঙ্গানগর এলাকায় পৌঁছতেই ছিনতাইকারীর কবলে পড়েছেন স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের কর্মী আবির হোসেন। গতকাল বিকেলে কুরিয়ার এর মাল ডেরিভারী দিয়ে ফেরার পথে তিনি ছিনতাইকারীদের কবলে পড়ে।

    আবির হোসেন সোনারগাঁও পৌরসভার মোমের এর ছেলে।

    প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, গতকাল বুধবার সাড়ে বারোটার দিকে মেঘনা পাওয়ার হাউজ রোডে ৪‒৫ জনের একটি সংঘবদ্ধ দল মোটরসাইকেল থামিয়ে “গাড়ি সাইড করো” বলে হুমকি দেয়। আবির হোসেন সাইড করতে অস্বীকৃতি জানালে তাদের একজন চাপাতি দিয়ে দুই দফা কোপ মারার চেষ্টা করে। দৌড়ঝাঁপের মাঝে তিনি গুরুতর আঘাত থেকে রক্ষা পেলেও হামলাকারীরা তাকে কিলঘুষি ও লাথি মেরে ডান কানে আঘাত করে। ফলে তিনি এখনও ঐ কান দিয়ে শুনতে পারছেন না।

    হামলাকালে ছিনতাইকারীরা তার কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা ও বিকাশ থেকে উত্তোলন করা অতিরিক্ত অর্থ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী হামলাকারীদের মধ্যে মেঘনা ইসলামপুর এলাকার সুজন ও মোবারক নামে দুই জনকে শনাক্ত করেছেন বাকি সদস্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    আহত আবির হোসেনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা ইতোমধ্যে আসামিদের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছি। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”

    স্থানীয় বাসিন্দাদের মতে, গঙ্গানগর-মেঘনা সড়কটি সন্ধ্যার পর থেকেই কম জনবহুল হয়ে পড়েছে। ফলে এ পথে নিয়মিত টহল জোরদারের দাবি ওঠেছে।

  • সোনারগাঁয়ে ৫ লাখ টাকার অবৈধ কাঠসহ ট্রাক আটক

    সোনারগাঁয়ে ৫ লাখ টাকার অবৈধ কাঠসহ ট্রাক আটক

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ের ফরেস্ট চেকপোস্টে নিয়মিত টহলের সময় বুধবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে একটি কাঠ বোঝাই ট্রাক আটক করেছে বন বিভাগ। ট্রাকটি থেকে উদ্ধার করা হয় আনুমানিক ২০০ ঘনফুট আকাশমনি রদ্দা কাঠ, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

    জানা যায়, ট্রাকটি ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। চেকপোস্ট এলাকায় সন্দেহজনকভাবে চলাচল করায় ট্রাকটি থামিয়ে তল্লাশি চালানো হয়। ত্রিপল দিয়ে মোড়ানো থাকায় প্রথমে কিছু বোঝা যাচ্ছিল না। পরে সার্চ করে দেখা যায়, ট্রাকভর্তি গাছের রদ্দা কাঠ।

     

    তল্লাশির সময় কাঠ পরিবহনের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি চালক ও হেলপার। বরং কর্মকর্তারা কাগজপত্র চাইলেই তারা ট্রাক ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।

     

    সোনারগাঁও বন বিভাগের স্টেশন কর্মকর্তা আবু তাহের বলেন, “আটক ট্রাক ও কাঠ বন বিভাগের হেফাজতে আনা হয়েছে। কাঠ পরিবহনের কোনো বৈধ অনুমোদন না থাকায় বন আইনের বিধি মোতাবেক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

    স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁও মহাসড়ক দিয়ে দীর্ঘদিন ধরেই কাঠ পাচারের অভিযোগ রয়েছে। এ বিষয়ে বন বিভাগের নিয়মিত অভিযানের পাশাপাশি প্রশাসনের নজরদারি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন পরিবেশ সচেতন নাগরিকরা।

  • সোনারগাঁয়ে কীটনাশক পানে চিকিৎসকের মৃত্যু

    সোনারগাঁয়ে কীটনাশক পানে চিকিৎসকের মৃত্যু

    সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে মো: রেদোয়ান অনিক (২৬) নামের এক তরুন চিকিৎক  আত্মহত্যা করেছেন।

    আজ (২২ এপ্রিল) মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার ভবনাথপুর এলাকায় নিজ বাড়িতে সে কীটনাশক পান করে আত্ন হত্যা করেন।

    চিকিৎসক রেদোয়ান অনিক ভবনাথপুরের  আশেক আলীর ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়,গত শুক্রবার রাতে অনিক পারিবারিক কলহের জেরে রাতের কোন এক সময় কিটনাশক পান করলে তাকে উদ্ধার’ করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল সোমবার রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

    সোনারগাঁয়ে উপ-পরিদর্শক (ওসি তদন্ত)রাশেদুল ইসলাম খাঁন বলেন,’পারিবারিক ভাবে কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে’।

  • সোনারগাঁয়ের পিরোজপুরে উশৃংঙ্খল খাইরুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

    সোনারগাঁয়ের পিরোজপুরে উশৃংঙ্খল খাইরুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের উশৃংঙ্খল খাইরুল ইসলামের (২৬) অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে এলাকাবাসী ও তার পরিবারের লোকেরা। এঘটনায় উশৃংঙ্খল খাইরুলের বড় ভাই মফিজুল ইসলাম ও তার বড় ভাইয়ের স্ত্রী জোনাকি বাদী হয়ে সোনারগাঁ থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    জানাগেছে, পারিবারিক শক্রতার জেরধরে উশৃংঙ্খল খাইরুল গত ১৬ এপ্রিল বুধবার মফিজুল ইসলামের উপর অতর্কিত হামলা এবং তার বাড়িঘরে ইট পাটকেল দিয়ে ঢিল ছুড়ে হামলা চালায়। উশৃংঙ্খল খাইরুল প্রায়ই তার মা জবেদা ও পরিবারের অন্যান্যদের সাথে উশৃংঙ্খল আচরন ও মারধর করার কারনে তার বড় ভাই মফিজুল ইসলাম এসব ঘটনার প্রতিবাদ জানালে খাইরুল তার বড় ভাই ও বড় ভাইয়ের স্ত্রী জোনাকি’র উপর ক্ষিপ্ত হয়ে তাদের বাড়ি ঘরে হামলা ও তাদের উপর শারিরীক নির্যাতন চালায়। তাদের টিনের ঘর ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে ঝাজড়া করে দেয়। এঘটনায় গত ২৯ মার্চ তার বড় ভাইয়ের স্ত্রী জোনাকি এবং গত ১৬ এপ্রিল তার বড় ভাই মোঃ মফিজুল ইসলাম সোনারগাঁ থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে উশৃংঙ্খল খাইরুল শুধু পরিবারের সদস্যদের সাথেই নয় এলাকাবাসীও তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে। উশৃংঙ্খল খাইরুল জৈনপুর কেন্দ্রীয় মসজিদের পেশ ইমামের সাথে উশৃংঙ্খল আচরন করলে স্থানীয় এলাকাবাসী মৃত জব্বার আলী প্রধানের ছেলে হোসেন মিয়া এর প্রতিবাদ জানালে খাইরুল তার উপর চড়াও হয়ে তাকে মারধর করে। এছাড়াও খাইরুল তার বাড়ির লোকজনের সাথে উশৃংঙ্খল আচরন করার সময় পাশের বাড়ির মৃত মনছুর আলীর ছেলে ফুল মিয়া প্রতিবাদ জানালে তাকে বেদম মারধর করে। খাইরুলের প্রহারে আহত ফুল মিয়াকে স্থানীয় গ্রামবাসী উদ্ধার করে সোনারগাঁ হাসপাতালে ভর্তি করে। উশৃংঙ্খল খাইরুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী ও তার পরিবারের লোকেরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • নিখোঁজের ৬ দিন পর ঝোপে মিলল বৃদ্ধ সিরাজের অর্ধগলিত লাশ

    নিখোঁজের ৬ দিন পর ঝোপে মিলল বৃদ্ধ সিরাজের অর্ধগলিত লাশ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকা থেকে নিখোঁজের ৬ দিন পর মো. সিরাজুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের একটি ঝোপের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তিনি স্থানীয় মো. শামীম হোসেনের পিতা। সে ঝাউচর গ্রামের বাসিন্দা।

    পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল (রোববার) সকাল ১০টার দিকে সিরাজুল ইসলাম নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর থেকে তার খোঁজে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হয়। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও লুঙ্গি।

    ঘটনার পরদিনই পরিবারের পক্ষ থেকে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি, যা পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম উৎকণ্ঠা তৈরি করে।

    অবশেষে ১২ এপ্রিল (শনিবার) সকালে পিরোজপুর কান্দারগাঁও গ্রামের  স্থানীয়রা মেরিখালী ব্রিজ সংলগ্ন বালুর মাঠের একটি ঝোপে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

    এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।