Category: সাদীপুর

  • “বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই” প্রতিবাদ সভায় সাবেক এমপি গিয়াস

    “বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই” প্রতিবাদ সভায় সাবেক এমপি গিয়াস

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটুক্তির প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

    ২০ জুলাই (রবিবার) বিকেলে নয়াপুর বাজারে এই কর্মসূচির আয়োজন করে সাদিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।

    সভায় সভাপতিত্ব করেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গিয়াসউদ্দিন।

    প্রধান অতিথির বক্তব্যে গিয়াসউদ্দিন বলেন,

    “বিএনপি দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারবে না। তারেক রহমানের বিরুদ্ধে যেসব মিথ্যাচার ও অপপ্রচার চলছে, তা দেশের গণতন্ত্রবিরোধী চক্রান্তের অংশ। যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অবিলম্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।”

    তিনি আরও বলেন,

    “ভবিষ্যতে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। কোনো ষড়যন্ত্র বিএনপিকে দাবিয়ে রাখতে পারবে না। সোনারগাঁয়ের মানুষের পাশে ছিলাম, আছি, থাকব। বিএনপিকে আরও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।”

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: সোনারগাঁ থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম স্বপন, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল রহমান, যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দীন, জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল মিয়া, সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজিজুল মোল্লা, যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম কিরন, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল প্রধান, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

    সভা শেষে নেতারা বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

  • আওয়ামী লীগের আমলে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি

    আওয়ামী লীগের আমলে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে বিএনপির সার্বিক অবস্থান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    গত ১৯ জুলাই শনিবার বিকেলে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হলদে বাড়িতে এ সভার আয়োজন করা হয়।

    সভায় সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল মাওলানা হুমায়ুন ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, বীর মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেল।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমা আক্তার শাম্মী, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. সুমন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আনিছুর রহমান, সাদিপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আয়তুল্লা, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন জয়সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    প্রধান অতিথির বক্তব্যে এস এম ওয়ালিউর রহমান আপেল বলেন,

    “আওয়ামী লীগ সরকারের সময় আমরা মন খুলে কথা বলতে পারিনি। আমাদের ওপর নানা ধরনের জুলুম ও নির্যাতন চালানো হয়েছে। তবুও আমরা দমে যাইনি—দুবার গতিতে এগিয়ে গেছি। সোনারগাঁ একটি ঐতিহ্যবাহী উপজেলা, যার নাম সারা বাংলাদেশে পরিচিত। এই সোনারগাঁকে আপনাদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সাজাতে হবে।”

    তিনি আরও বলেন,

    “আমাদের উচিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে, বিএনপিকে সুসংগঠিত করা এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়া।”

    আলোচনা সভায় নেতারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে স্থানীয় ও কেন্দ্রীয়ভাবে বিএনপিকে সংগঠিত করতে হবে এবং জনগণের অধিকার রক্ষায় সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে।

  • সোনারগাঁয়ে ১০ মাস ধরে যুবক নিখোঁজ, থানায় অভিযোগ দায়ের

    সোনারগাঁয়ে ১০ মাস ধরে যুবক নিখোঁজ, থানায় অভিযোগ দায়ের

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাজিদুল (৩৩) নামের এক যুবক গত ১০ মাস ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার পিতা আজিজুল হক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ মাজিদুল সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বেইলর এলাকার বাসিন্দা।

    অভিযোগ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে প্রায় ১০ মাস আগে মাজিদুল বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

    মাজিদুলের পিতা আজিজুল হক জানান, “১০ মাস পেরিয়ে গেলেও এখনো আমার ছেলের কোনো খোঁজ পাইনি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কোনো ধরনের সহায়তা পাচ্ছি না। আমি সবার কাছে সহযোগিতা চাই।”

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, “নিখোঁজের ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখছি এবং অনুসন্ধান চলছে।”

    এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ যুবককে খুঁজে পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।

  • সোনারগাঁয়ে বিএনপির নেতাদের অপকর্ম নিয়ে প্রশ্ন বিএনপি নেতা সেলিম সরকার

    সোনারগাঁয়ে বিএনপির নেতাদের অপকর্ম নিয়ে প্রশ্ন বিএনপি নেতা সেলিম সরকার

    পরিমল বিশ্বাস: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম সরকার ফেসবুকে একটি প্রশ্নবোধক পোস্ট দিয়ে দলীয় নেতাদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছেন। তিনি তাঁর ব্যক্তিগত আইডিতে দেয়া স্ট্যাটাসে দলের প্রকৃত ও বিবেকবান নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন।

    সেলিম সরকার লিখেছেন,
    “পা’চাটা চামচাদের নয়, আমি প্রশ্ন করছি প্রকৃত, বিবেকবান, খাঁটি বিএনপি নেতা-কর্মীদের কাছে। আশা করছি আপনারা উত্তর দেবেন।”

    তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অমার্জনীয় অপকর্মের অভিযোগ উঠেছে। এমনকি থানা বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধেও অভিযোগের ফিরিস্তি উঠে এসেছে বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলে।

    এরপর তিনি সরাসরি প্রশ্ন তোলেন:

    “আমি যদি আমার বৈধ লিজ ও দখলের জমি আওয়ামী কবল থেকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে থাকি, তাহলে গত ১১ মাসে ইউনিয়নভিত্তিক বিএনপি নেতাদের বিরুদ্ধে যে শত শত অপকর্মের অভিযোগ উঠেছে—তাদের কারও কি দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয় নাই? তাহলে তাদের অব্যাহতি বা বহিষ্কার করা হয়নি কেন?”

    এই পোস্ট ঘিরে ইতোমধ্যেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ বিষয়টিকে ‘ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ’ বললেও, অনেকেই মনে করছেন এটি বিএনপির অভ্যন্তরীণ গণতন্ত্র ও শৃঙ্খলার প্রশ্নে একটি সাহসী পদক্ষেপ।

    সেলিম সরকারের প্রশ্নের জবাব দেয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

  • বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সংবাদ সম্মেলন

    বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সংবাদ সম্মেলন

    নিউজ সোনারগাঁ :  নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা ওয়াজকুরুনি।

    সংবাদ সম্মেলনে তিনি বলেন, চাচাতো বোন জামাই রবিউল্লাহ আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে। আমার বাবারা তিন ভাই ও এক বোন। আমাদের চাচা ও ফুফুর জমি থেকে কয়েকদিন আগে বালু বিক্রি করি। পরে এর টাকা সবার মাঝে সমপরিমাণভাবে বন্টন করা হয়। অথচ রবিউল্লাহ (চাচাতো বোন জামাই) সংবাদ সম্মেলন করে বলেছে, আমি নাকি তাদের টাকা দেয়নি। এ কথা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ বিষয়ে আমি র‌্যাব-১১ কার্যালয়ে একটি অভিযোগ করেছি।

    তিনি আরও বলেন, আমি একজন মৎস্য চাষি। সে আমার সঙ্গে খামারে থাকতো। একদিন আমি জানতে পারি সে মাদকের ব্যবসা করে। পরে আমি তাকে খামার থেকে বের করে দেয়। এরপর থেকেই সে আমার বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা শুরু করে। এমনকি সে আমাকে হত্যা করার পরিকল্পনা করে। এছাড়া বিভিন্ন মোবাইল নাম্বার থেকে সে আমাকে হত্যার হুমকিও দেয়।

    সংবাদ সম্মেলনে দুই চাচাতো বোন ও এক ভাইয়ের বৌ বলেন, ওয়াজকুরুনি বালুর সম্পূর্ণ টাকা আমাদের সমপরিমাণভাবে ভাগ করে দেয়। রবিউল্লাহ যে বলেছে টাকা দেওয়া হয়নি তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

    উল্লেখ্য, ওয়াজকুরুনি নোয়াগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিএনপির সহ-সভাপতি ও চরতালিমাবাদ এলাকার মৃত গহন আলীর ছেলে। এছাড়া অভিযুক্ত রবিউল্লাহ একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে ও শেখকান্দী নূর মোহাম্মদ হত্যা মামলার আসামি।

     

  • সোনারগাঁয়ের নয়াপুর-রতন মার্কেট রাস্তার প্রশস্ত করণ কাজের পরিদর্শনে ইউএনও

    সোনারগাঁয়ের নয়াপুর-রতন মার্কেট রাস্তার প্রশস্ত করণ কাজের পরিদর্শনে ইউএনও

    নিউজ সোনারগাঁ:: সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর-রতনমার্কেট রাস্তার প্রশস্ত করণ  কাজের পরিদর্শন করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। এসময় তিনি রাস্তার দুই পাশের জমির মালিকদের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। পরে ইউএনও সাদিপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং বিভিন্ন কাজের তদারকি করেন।এসময় তিনি সাদিপুর ইউনিয়ন পরিষদের সেবার মান ভালো হওয়ায় সাদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী প্রধানকে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী প্রধান, সোনারগাঁ উপজেলা প্রকৌশল আলমগীর চৌধুরী, সহকারী প্রকৌশলী জাহিদুল আলম তালুকদার, মেসার্স এহসান এন্টারপ্রাইজ এর পক্ষে গোলাম সারোয়ার বাদল,  নুর উদ্দিন আহমেদ, সাদিপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকার, সাদিপুর ইউনিয়ন বিএনপি নেতা আমির হোসেন, রফিকুল ইসলাম সরকার, সাবেক ইউপি সদস্য শামসুল হক, সাদিপুর ইউনিয়ন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ভূঁইয়া প্রমূখ।

    মেসার্স এহসান এন্টারপ্রাইজ এর পক্ষে গোলাম সারোয়ার বাদল বলেন, রাস্তার দুই পাশে স্থাপনা থাকায় প্রশস্ত করন কাজে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। ইউএনও স্যার সরেজমিনে পরিদর্শন করেছেন এবং দুই পাশের স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন। বুধবার থেকেই দুই পাশের স্থাপনা উচ্ছেদ করা হবে।

    চেয়ারম্যান রমজান আলী প্রধান জানান, ইউএনও নির্দেশনায় রাস্তার প্রশস্ত করন কাজে যা যা সহযোগিতা করার দরকার পরিষদের পক্ষ থেকে সবই করা হবে। এই সড়কটি প্রশস্ত করনের জন্য দীর্ঘদিনের দাবি ছিল স্থানীয়দের।

    ইউএনও ফারজানা রহমান বলেন, সড়কের দুই পাশে যেসব স্থাপনা রয়েছে দুই দিনের মধ্যে ঐ সকল স্থাপনা উচ্ছেদ করা হবে। যদি কেউ উচ্ছেদ কাজে বাঁধা দেওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাইয়ের ঘটনায় শান্ত বহিষ্কার

    সোনারগাঁয়ে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাইয়ের ঘটনায় শান্ত বহিষ্কার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে পুলিশের কাছ থেকে ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় তাকে সংগঠনের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। এছাড়া শান্তর সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    মঙ্গলবার ১৭জুন স্বেচ্ছাসেবকদলের দফতর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্যটি নিশ্চিত করা হয়। বহিষ্কারের সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।

    জানা গেছে গত ১২ জুন সোনারগাঁয়ে রিপন (২৫) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত প্রধান এর বিরুদ্ধে। উপজেলার সাদিপুর ইউনিয়নের লস্করবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আসামি রিপন লস্করবাড়ি এলাকার আলী হোসেনের ছেলে।

    জানা গেছে, আসামি রিপনকে গ্রেফতার করার পর থানায় নিয়ে যাওয়ার সময়ে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত প্রধান দলবল নিয়ে পুলিশের কাজে বাঁধা দেন। এক পর্যায়ে দলীয় প্রভাব খাটিয়ে হাতকড়া লাগানো আসামিকে পুলিশের কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। এবং পুলিশের উপর চড়াও হন।

    ঘটনার সত্যতা জানতে চাইলে সোনারগাঁ তালতলা তদন্তকেন্দ্রের (এএসআই) সেলিম মিয়া জানান, বেশ কিছুমাস পূর্বে এক পুলিশ সদস্যের উপর হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলায় মামলার আসামি রিপন। তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। আমি বৃহস্পতিবার গোপন সংবাদের তথ্যে তাকে গ্রেফতার করে হাতকড়া পড়িয়ে থানায় নিয়ে আসার পথে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত প্রধান তার দলবল নিয়ে আমাকে বাঁধা দেন। সে বারংবার বলছিল আমরা বিএনপির লোক। তারা উত্তেজিত অবস্থায় ছিল। ঘটনাস্থলে আমারা দু’জন পুলিশ সদস্য ছিলাম। একপর্যায়ে আসামিকে আমাদের হেফাজত থেকে জোরপূর্বক ছিনিয়ে নেয়া হয়।

  • সোনারগাঁয়ে খালপাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

    সোনারগাঁয়ে খালপাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:;নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামানগর খালপাড় বেরিবাঁধের পূর্বপাশ থেকে রতন (৩৮) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    রোববার (১৭ জুন) সকাল ৮টার দিকে স্থানীয়রা খালপাড়ে মরদেহটি দেখতে পেয়ে সোনারগাঁ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

    নিহত রতন কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী-সন্তানসহ নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, নিহত রতন একজন মাদকাসক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

  • সোনারগাঁয়ে অজ্ঞাতভাবে ফেলে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার

    সোনারগাঁয়ে অজ্ঞাতভাবে ফেলে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি এলাকায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    ১২ জুন (বৃহস্পতিবার) সকালে স্থানীয়রা বড়িবাড়ি এলাকার রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

    নিহতের পরিচয় পাওয়া গেছে। তিনি আড়াইহাজার উপজেলার মারুয়াদি এলাকার নুর মোহাম্মদের ছেলে সবুজ (৩৫)।

    স্থানীয়দের ধারণা, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা রাতের আঁধারে সবুজের মরদেহ এখানে ফেলে রেখে যায়।

    পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সোনারগাঁয়ে সামাজিক সংগঠনের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

    সোনারগাঁয়ে সামাজিক সংগঠনের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকমঃ বহু দলীয় গনতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।

    শুক্রবার বিকেলে নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সামাজিক সংগঠন বিশনাদী উন্নয়ন পরিষদের আহবায়ক মোঃ সারোয়ার হোসেন এ আয়োজন করেন। নোয়াগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের প্রতিটি মসজিদে জুমার নামাজ আদায়ের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।

    শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপস্থিত সকলে বিনম্র শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করেন। এছাড়াও মোহাম্মদ সারোয়ার হোসেন বানেশ্বরদী আবুযর গিফারী রা: মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহু দলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার অবদানের কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, যতদিন বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম দেশ থাকবে, ততদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। উক্ত দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন- বিশনাদী উন্নয়ন পরিষদের আহবায়ক মোহাম্মদ সারোয়ার হোসেন। এ সময় মাওলানা মোঃ রাশেদ ও আলেম ওলামাগন, মাদ্রসার সকল এতিম ছাত্র ছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশনাদী গ্রামের সমাজসেবক মোহাম্মদ ফাইজুল ইসলাম,
    জসিমউদ্দীন, ডালিম, রুবেল প্রমুখ।

  • সোনারগাঁয়ে তিতাসের মোবাইল কোর্টের অভিযানে ১২শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    সোনারগাঁয়ে তিতাসের মোবাইল কোর্টের অভিযানে ১২শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    পরিমল বিশ্বাস: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি ও নয়াপুর এলাকায় ১২০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ২৬ মে, সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।

    তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, প্রায় ৩ কিলোমিটার জুড়ে ৫০০টি বাড়িতে ব্যবহৃত ১২০০টি চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বড়িবাড়ি ও নয়াপুর রিয়া মহলের বিপরীত পাশে ২টি স্থানে অভিযান চালিয়ে প্রতিটি অবৈধ সংযোগের উৎসস্থলে কিলিং ক্যাপিং করা হয়েছে।

    অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হাসিবুর রহমান এবং তিতাস গ্যাসের জেনারেল ম্যানেজার আনোয়ারুল আজিম।

    তিতাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারা সতর্ক করে বলেন, “যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।”

  • নয়াপুর গরু হাটের ইজারা পেলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির নেতা হাজী সেলিম সরকার

    নয়াপুর গরু হাটের ইজারা পেলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির নেতা হাজী সেলিম সরকার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর গরু হাটের ইজারা পেয়েছেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির প্রভাবশালী নেতা হাজী সেলিম সরকার। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ দরদাতা হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

    ইজারা পাওয়ার পর প্রতিক্রিয়ায় হাজী সেলিম সরকার বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন গরুর হাটের ইজারা থেকে বঞ্চিত ছিল। এখন সেই স্বৈরাচারের পতনের পর আমরা আবারও ইজারায় অংশগ্রহণ করতে পারছি। আমি আমার সকল সহকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে হাট পরিচালনা করবো।”

    তিনি আরও বলেন, “এই বছর অন্য যেকোনো সময়ের তুলনায় হাঁসিলের হার কম থাকবে। গরু ক্রেতা-বিক্রেতাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। সকলের সহযোগিতা কামনা করছি, যেন একটি সুন্দর ও সুশৃঙ্খল হাট পরিচালনা করা যায়।”

    এদিকে নয়াপুর গরু হাটের ইজারা পেয়ে সাদিপুর ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

  • সোনারগাঁয়ে গণঅধিকার পরিষদের প্রধান কার্যালয়ের উদ্বোধন করলেন ভিপি নুর

    সোনারগাঁয়ে গণঅধিকার পরিষদের প্রধান কার্যালয়ের উদ্বোধন করলেন ভিপি নুর

    পরিমল বিশ্বাস, সোনারগাঁ:

    গণঅধিকার পরিষদের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ললাটি বড়িবাড়ি এলাকায়। শুক্রবার (২৩ মে) সন্ধ্যার পর এ কার্যালয়ের উদ্বোধন করেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা।
    এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর সদস্য আবু হানিফ, সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কী, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল, নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সহ-সভাপতি কাউছার আলী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল, শিক্ষা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মাস্টার।

    এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কমিটির

  • সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, নগদ টাকা লুট

    সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, নগদ টাকা লুট

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বরগাঁও এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোঃ মতিন দেওয়ান (৪০) নামে এক ইট-বালুর ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। আহত মতিন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

    ভুক্তভোগীর স্ত্রী মোসাঃ শিবু আক্তার থানায় দায়েরকৃত অভিযোগে জানান, গত ১৭ মে সন্ধ্যা ৭টার দিকে বরগাঁও চেয়ারম্যানপাড়া বাজারের বাতেনের চায়ের দোকানে বসে চা পান করছিলেন তার স্বামী মতিন। এ সময় একই এলাকার শহিদুল্লাহ (২২), যুবরাজ (২২), মামুন (২৪), হাসান (২২) ও অজ্ঞাতনামা আরও ২-৩ জন দেশীয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়।

    বাদি অভিযোগে আরো উল্লেখ করেন, আসামিরা পুরনো দেনা-পাওনার জের ধরে ব্যবসায়ী মতিনের উপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় শহিদুল্লাহ রামদা দিয়ে মাথায় কোপ মেরে মারাত্মক জখম করে, মামুন লোহার রড দিয়ে কাঁধে, যুবরাজ পায়ে এবং হাসান হাতে আঘাত করে রক্তাক্ত জখম করে। হামলার একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়া মতিনের লুঙ্গির কোচা থেকে নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয় যুবরাজ নামক এক সন্ত্রাসী। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর আত্মীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। সেখানে তার মাথায় ১০টি সেলাই দেওয়া হয় বলে জানান চিকিৎসকরা।

    এ ঘটনায় আহত মতিনের স্ত্রী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, অভিযোগটি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • নিখোঁজ সংবাদ

    নিখোঁজ সংবাদ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: গত ১৫ মে সকাল ১০টার দিকে মো. তালেব আলী নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

    তালেব আলী স্ট্রোকজনিত কারণে অস্পষ্ট ও এলোমেলোভাবে কথা বলেন। কেউ যদি তার সন্ধান পান, অনুগ্রহ করে তাকে হাতুরাপাড়া তেলের পাম্প (নয়াপুর)—চাঁন সূর্য ফিলিং স্টেশনে পৌঁছে দিলে পরিবারের পক্ষ থেকে চিরকৃতজ্ঞ থাকা হবে।

    যোগাযোগ:
    হাতুরাপাড়া তেলের পাম্প,
    চাঁন সূর্য ফিলিং স্টেশন,
    সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

    মোবাইল:
    01819-049827
    01996-092672

    সবাইকে অনুরোধ, দয়া করে পোস্টটি শেয়ার করুন।

     

  • সোনারগাঁয়ে রাস্তার কাজে বাধা ও ইউপি সদস্যকে মারধরের অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

    সোনারগাঁয়ে রাস্তার কাজে বাধা ও ইউপি সদস্যকে মারধরের অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কোনাবাড়ী এলাকায় রাস্তার নির্মাণ কাজে বাধা দেওয়া এবং ইউপি সদস্য ও তার ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আওলাদ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (৯ মে) দুপুরে নারী-পুরুষ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    ভুক্তভোগী ইউপি সদস্য তাজুল ইসলাম জানান, তিনি সাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য হিসেবে স্থানীয় একটি কাঁচা রাস্তা ভরাটের কাজ করছিলেন। এ সময় নিজেকে বিএনপির সাদিপুর ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি পরিচয় দেওয়া আওলাদ হোসেন তার সহযোগী রোকনসহ ১০-১২ জনের একটি দল নিয়ে এসে কাজ বন্ধ করে দেয় এবং তাজুল ইসলামের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মারধর ও লাঞ্ছিত করা হয়। এ সময় বাধা দিতে গেলে তার ছেলেকেও মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

    ইউপি সদস্য আরও বলেন, “আমি আগে আওয়ামী লীগের সময়ে একাধিক রাজনৈতিক মামলার শিকার হয়েছি। অথচ এখন বিএনপির নাম ব্যবহার করে আমাকে চাঁদা দিতে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি আমি দলীয় হাইকমান্ড এবং উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে জানাবো। আমি আশা করি দলীয়ভাবেই এসব চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

    অভিযুক্ত আওলাদ হোসেন অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “জমিটি আমার মামা কিনেছেন। রাস্তার কাজ বন্ধ রাখতে বলেছি, তবে কাউকে চাঁদা দাবি করিনি।”

    এ বিষয়ে সোনারগাঁ তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক বলেন, “ইউপি সদস্য তাজুল ইসলামের কাছ থেকে চাঁদা দাবি ও মারধরের বিষয়ে একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”