Category: সর্বশেষ

  • সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক মতিয়ার রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২০ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমা সুলতানা, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা প্রয়াত প্রধান শিক্ষক মতিয়ার রহমানের শিক্ষা ক্ষেত্রে অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। পরে বিশেষ মোনাজাতে মহান আল্লাহর নিকট তাঁর সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়।
    অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

  • “পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন সোনারগাঁয়ের কৃতি সন্তান অলিউর রহমান আপেল”

    “পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন সোনারগাঁয়ের কৃতি সন্তান অলিউর রহমান আপেল”

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কৃতি সন্তান অলিউর রহমান আপেল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
    অলিউর রহমান আপেল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলীয় সিদ্ধান্তে তাকে মনোনয়ন না দিয়ে বিএনপির প্রার্থী হিসেবে আজহারুল ইসলাম মান্নানকে মনোনয়ন দেওয়া হয়। পরবর্তীতে অনুষ্ঠিত নির্বাচনে আজহারুল ইসলাম মান্নান বিজয়ী হন।
    নির্বাচনের প্রায় চার মাস পর অলিউর রহমান আপেলকে দেশের জ্বালানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার এই পদোন্নতিতে সোনারগাঁবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
    স্থানীয়দের মতে, অলিউর রহমান আপেলের এই অর্জন সোনারগাঁ উপজেলার জন্য একটি গৌরবের বিষয়। তারা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে দেশের জ্বালানি খাত আরও সমৃদ্ধ হবে এবং তিনি সোনারগাঁ তথা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

  • সোনারগাঁয়ে নবম শ্রেণির ছাত্র নিখোঁজ

    সোনারগাঁয়ে নবম শ্রেণির ছাত্র নিখোঁজ

    নিজস্ব প্রতিবেদক : সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর গ্রামের নবম শ্রেণির শিক্ষার্থী হুজাইফা (১৬) দুইদিন ধরে নিখোঁজ রয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার।
    গতকাল শনিবার বিকেলে কোচিংয়ে পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় রবিবার বিকেলে ওই শিক্ষার্থীর বাবা মো: দেলোয়ার হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
    থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, শনিবার বিকাল অনুমান চারটায় হুজাইফা পাশর্^বর্তী বাহাউদ্দিনের বাড়িতে কোচিং করতে যাবে বলে বাড়ি থেকে বের হয়। পরে ৪.১৫ মিনিটে সে কোচিং সেন্টারে প্রবেশ করে। সেখানে তার বইপত্রের ব্যাগ রেখে সবার অলক্ষ্যে বের হয়ে যায়। পরে রাত হয়ে গেলে সে বাড়ি না ফেরায় আত্মীয় স্বজনের বাড়ি ও পরিচিত লোকজনদের কাছে খোঁজ খবর করে তাকে আর পাওয়া যায়নি।
    নিখোঁজ হুজাইফার উ”চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রঙ ফর্সা, মাথার চুল কালো, চেহারা গোলাটে, তাহার, সে নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে।
    এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি গোলাম সারওয়ার জানান, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে আশা করি পুলিশ তাকে উদ্ধার করতে সক্ষম হবে।

  • সোনারগাঁয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দুই চুনা কারখানাকে দেড় লাখ ৫০ টাকা জরিমানা

    সোনারগাঁয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দুই চুনা কারখানাকে দেড় লাখ ৫০ টাকা জরিমানা

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদে পরিচালিত মোবাইল কোর্টে ১ হাজার ৩০০টি আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে দুইটি চুনা কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
    রোববার (১৯ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী, সাদিপুর, নয়াপুর ও পঞ্চমীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
    অভিযানে একটি চুনা কারখানা এক্সকেভেটর মেশিনের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয় এবং অপর একটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ১ হাজার ৩০০টি আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নানাখী এলাকার কিংস কনফেকশনারিকে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
    নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সুহা তাবিল এবং তিতাস গ্যাসের সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী শবিউল আওয়ালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
    তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তাদের অভিযান অব্যাহত রয়েছে। যেখানে অবৈধ গ্যাস সংযোগের অস্তিত্ব পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

  • সোনারগাঁয়ে প্রবাসীকে কুপিয়ে জখম

    সোনারগাঁয়ে প্রবাসীকে কুপিয়ে জখম

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের চৌত্রাপাশা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাইদ খন্দকার (৩৬) নামে এক প্রবাসীকে হত্যার চেষ্টায় কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেছেন প্রতিপক্ষ। এ ঘটনায় আরও অন্তত ৪ জন আহত হয়েছেন।

    শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে সাইদ খন্দকার ও তার পরিবারের সঙ্গে তার চাচা ইসমাইল খন্দকার, আজমাইল খন্দকার, হাসমত খন্দকার, আব্দুল আলী খন্দকার ও চাচাত ভাই শফিকুল খন্দকার, সাদিকুর খন্দকার, শান্ত খন্দকারদের বিরোধ চলছিল। এই ঘটনার জের ধরে শনিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।
    এ সময় আওয়ামীলীগ নেতা ইসমাইল খন্দকারের নেতৃত্বে আজমাইল খন্দকার, হাসমত খন্দকার, ও চাচাত ভাই শফিকুল সাদিকুর শান্তসহ ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সাইদ খন্দকারকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করেন। পরে তার পরিবার তাকে বাচাতে এগিয়ে আসলে তাদের উপরও হামলা করেন।

    স্থানীয়রা সাইদ খন্দকারকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে বং বর্তমানে সাঈদ খন্দকারের অবস্থা আশঙ্কা জনক। সংঘর্ষে আরও ৪ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন

  • ​‘নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়কে একটি মডেল প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলবো’

    ​‘নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়কে একটি মডেল প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলবো’

    রুহুল আমিন: নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়কে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠারটির ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদুল ইসলাম।

    শনিবার (১৮ জুলাই) দুপুরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

    ​রাশেদুল ইসলাম বলেন, নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়কে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আমরা বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবো।

    তিনি বলেন, আমার কখনো সভাপতি হওয়া ইচ্ছা ছিল না। এলাকার অনেকের ইচ্ছায় শেষ পর্যন্ত আমি সভাপতি হতে বাধ্য হলাম। প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমি ফান্ড থেকে কোনে টাকা নিবো না। ছয় মাস পরে আশা করি এই প্রতিষ্ঠানের ফান্ডে ডাবল টাকা হবে। আপনারা যদি সহযোগিতা করেন আমি প্রতিষ্ঠানে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো।

    তিনি আরও বলেন, আপনার সবাই স্কুলের জন্য নিজ নিজ স্বার্থে কাজ করুন। কাজের প্রতিযোগিতা করুন। তখন সবাই মিলে আমার জায়গায় আপনাকে বসিয়ে দিবে। দেড় বছর আমি বাড়ি মজলিস স্কুলের সভাপতি ছিলাম। সেই সময়ে প্রতিষ্ঠানের চিত্রটা আমি পাল্টে দিয়েছি। সেটা সবাই জানে। এই স্কুলের যতদিন সভাপতি থাকবো ততদিন আমি কজ করবো।

    রাশেদুল ইসলাম বলেন, অনেকেই আমাকে বিভিন্ন রাজনৈতিক দলের ট্যাগ লাগিয়ে প্রচারণা চালিয়েছে। আসলে আমি একজন সরকারি কর্মকর্তা। আমি কোনো রাজনীতি করি না। যে সময় যে সরকার আসে আমি সেই দলের। আমি কোনো দলের না।

    ​সভায় অন্যান্য উপস্থিত বক্তারা জানান, প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নে রাশিদুল ইসলামের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরাও এই লক্ষ্য বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

    ​সংশ্লিষ্টরা মনে করছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় দ্রুতই এ অঞ্চলের একটি শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ হিসেবে আত্মপ্রকাশ করবে।

    এসময় উপস্থিত ছিলেন- নোয়াগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, নোয়াগাঁ হাই স্কুলের প্রধান শিক্ষক আতিকুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম ভূঁইয়া, বারদী ইসলািম সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইবরাহীমসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ।

     

  • অলিপুরা বাজারের সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, এমপির হস্তক্ষেপ কামনা

    অলিপুরা বাজারের সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, এমপির হস্তক্ষেপ কামনা

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অলিপুরা বাজারের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী কয়েক হাজার যাত্রী ও স্থানীয় বাসিন্দাকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
    সড়কটির বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে বৃষ্টি হলে সড়কের গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে দ্রুত সংস্কারের দাবি জানিয়ে আসছেন।
    এ অবস্থায় সড়কটি দ্রুত সিসি (কংক্রিট) ঢালাইয়ের মাধ্যমে স্থায়ীভাবে সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন অলিপুরা বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কের কারণে এলাকার মানুষের ভোগান্তির শেষ নেই। জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার করা না হলে দুর্ভোগ আরও বাড়বে।

    মানববন্ধন থেকে স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান (এমপি) এর হস্তক্ষেপ কামনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সড়কটি সিসি ঢালাইয়ের মাধ্যমে টেকসইভাবে নির্মাণের দাবি জানান এলাকাবাসী।

  • সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত

    সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আনন্দ বাজার এলাকায় যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে স্থানীয় বাসিন্দা ও মুসল্লিরা এ কর্মসূচিতে অংশ নেন।
    শুক্রবার (১৭ জুলাই ) জুমার নামাজ শেষে আনন্দ বাজার বাইতুল কারীম জামে মসজিদের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আনন্দ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদের সামনে এসে শেষ হয়।
    কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘মাদক ছাড়ো, নয়তো আনন্দ বাজার ছাড়ো’ স্লোগান দেন। বক্তারা বলেন, মাদকের বিস্তার সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
    মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় কয়েকজনকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তাদের দাবি, বিল্লাল নামে এক ব্যক্তিকে কেন্দ্র করে এলাকার কয়েকজনের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
    স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় বিল্লালের ছোট ভাই ইয়াসিন, ভাগিনা আনিছ, বড় বোন জয়নব, ছোট বোন তানিয়া এবং মা গোলবাহারের নাম উঠে এসেছে।
    এছাড়া মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ওসমান, পারভেজ, স্বপন ও কাউছার নামে কয়েকজনকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। অভিযোগকারীদের দাবি, তাদেরকে ‘মাথা কেটে ফুটবল খেলার’ মতো ভয়াবহ হুমকি দেওয়া হয়েছে।
    মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। আনন্দ বাজারকে মাদকমুক্ত ও নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

  • জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা

    জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা

    নিউজ সোনারগাঁ : জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি অর্জন করায় বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, সোনারগাঁ শাখা।
    সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি আবদুর রহিম ও সাধারণ সম্পাদক এমরান মিয়া জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন।
    এ সময় বক্তারা বলেন, বি. আর. বিলকিসের এই জাতীয় স্বীকৃতি শুধু সোনারগাঁ উপজেলার জন্য নয়, সমগ্র দেশের প্রাথমিক শিক্ষা পরিবারের জন্য গর্বের বিষয়। তাঁর এ অর্জন প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিয়োজিত শিক্ষকদের অনুপ্রেরণা জোগাবে এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক অবদান রাখতে উৎসাহিত করবে।
    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক আমিনুল ইসলাম, নাজমুল আলম খোকন, বশির উদ্দিন সবুজ, মাকসুদুর রহমান অপু, মোহাম্মদ আউয়ালসহ বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, সোনারগাঁ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
    অনুষ্ঠান শেষে সমিতির পক্ষ থেকে বি. আর. বিলকিসের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

  • আমাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়.. এমপি মান্নান

    আমাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়.. এমপি মান্নান

    সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
    ​নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, জুলাই বিপ্লবের অগ্নিস্ফুলিঙ্গ এই নারায়ণগঞ্জ থেকেই জ্বলে উঠেছিল। আন্দোলনের সেই উত্তাল দিনগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, তৎকালীন সময়ে আমাকে লক্ষ্য করে চালানো গুলির মুখে নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে আমাকে রক্ষা করেছিলেন। আমার মাথার ওপর দিয়ে যাওয়া সেই গুলিটি শাওনের শরীরে বিদ্ধ হলে সে রাজপথেই লুটিয়ে পড়ে প্রাণ হারায়। এই মর্মান্তিক ঘটনাটি সেই সময়ে সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
    ​বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত জুলাই বিপ্লবের শহীদদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
    ​শহীদদের প্রতি সম্মান জানিয়ে এমপি মান্নান বলেন, জুলাই বিপ্লবে আত্মদানকারী প্রতিটি যোদ্ধার প্রতি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যারা দেশের জন্য অকাতরে জীবন দিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের পাশে আমরা অতীতে ছিলাম এবং ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকব।
    ​সোনারগাঁয়ে জুলাই আন্দোলনে হতাহতদের সরকারি সহায়তার বিষয়ে তিনি বলেন, আমাদের সোনারগাঁয়ে ৩ জন শিক্ষার্থী শহীদ হয়েছেন এবং অসংখ্য ছাত্র ও নেতাকর্মী আহত হয়েছেন। তাদের তালিকা উপজেলা পরিষদে সংরক্ষিত আছে। সরকারি যেসব সুযোগ-সুবিধা রয়েছে, সেগুলো পাওয়ার ক্ষেত্রে ভুক্তভোগী পরিবার ও আহতরা যেন অগ্রাধিকার পায়, তা আমি নিশ্চিত করব।
    ​স্মরণসভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, জামায়াত নেতা খোরশেদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনারগাঁ শাখার সভাপতি ফারুক আহমেদ মুন্সী, জাতীয় যুব শক্তির যুগ্ম আহবায়ক তুহিন মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল ও কাউসার আহমেদসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শহীদ পরিবারের সদস্যরা।

  • সাদিপুরের জলাবদ্ধতা পরিদর্শনে খায়রুল ইসলাম সজীব, দ্রুত সমাধানের আশ্বাস

    সাদিপুরের জলাবদ্ধতা পরিদর্শনে খায়রুল ইসলাম সজীব, দ্রুত সমাধানের আশ্বাস

    নিজস্ব প্রতিবেদক : টানা বৃষ্টিপাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতায় তলিয়ে গিয়ে প্রায় ৫০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দ্রুত জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীব।
    বুধবার (১৫ জুলাই) দুপুরে তিনি জলাবদ্ধ এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় হাঁটুপানি ভেঙে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের চিত্র সরেজমিনে দেখেন।
    স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টিতে বারগাঁও, কাজীপাড়া, খিদিরপুর, বড়ভিটা, বাঘাপাড়া, চিরিপাড়া, বটপাড়া, বাদামতলা ও বেরিবাঁধ এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। অনেক পরিবারের রান্নাঘর ও বসতঘরে পানি ঢুকে পড়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন।
    এ সময় খায়রুল ইসলাম সজীব বলেন, “আমি আপনাদের কষ্ট অনুভব করছি। মানুষের দুর্ভোগ লাঘব করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। এই জলাবদ্ধতার স্থায়ী সমাধানে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”
    তিনি আরও বলেন, “আপনাদের এই দুর্ভোগের অবসান না হওয়া পর্যন্ত আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখব। অচিরেই আপনারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে আশা করছি।”
    পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের মতামত শোনেন এবং জলাবদ্ধতা নিরসনে সম্ভাব্য করণীয় বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
    এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সার্কেল-২-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (গ্রেড-৪) মাহবুব মাওলা, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক পাম্প হাউস) মো. আশরাফুজ্জামান, নির্বাহী প্রকৌশলী শুভ, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ মিঠু, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াছিন নোবেল, আমির হোসেন, যুবদল নেতা সোহেল রানা, সুমন, রোকন এবং সংসদ সদস্যের বিশেষ সহকারী সেলিম হোসেন দিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
    জলাবদ্ধতা কবলিত এলাকাবাসী দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

  • সোনারগাঁয়ে সরকারি রাস্তা দখলের অভিযোগ, এলাকাবাসীর প্রতিবাদ

    সোনারগাঁয়ে সরকারি রাস্তা দখলের অভিযোগ, এলাকাবাসীর প্রতিবাদ

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দড়িকান্দি ইলালদি এলাকায় গোল্ডেন অয়েল মিলস ও সেভয় আইসক্রিম ফ্যাক্টরির বিরুদ্ধে সরকারি পাকা রাস্তার অংশ দখল করে টিনের বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়,গোল্ডেন অয়েল মিলস ও সেভয় আইসক্রিম ফ্যাক্টরি লোকজন রাতের আঁধারে প্রায় ১২ ফুট প্রশস্ত সরকারি রাস্তা সংকুচিত করে ১০ ফুটে নামিয়ে এনে রাস্তার ওপর টিনের বেড়া নির্মাণের কাজ শুরু করা হয়। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে এর প্রতিবাদ জানালে কাজ বন্ধ হয়ে যায়।

    এলাকাবাসী জানান, দড়িকান্দি থেকে কালীগঞ্জ গুদারাঘাট পর্যন্ত এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর লাঙ্গলবন্দ হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র স্নানোৎসবে শত শত নয়, হাজার হাজার ভক্ত এই সড়ক ব্যবহার করে গুদারাঘাটে যাতায়াত করেন। তাই সরকারি রাস্তা সংকুচিত করার যে কোনো উদ্যোগ জনস্বার্থের পরিপন্থী বলে তারা মনে করছেন।
    স্থানীয় বিএনপি নেতা ইকবাল হোসেন বলেন, “সরকারি রাস্তার ওপর টিনের বেড়া দিয়ে রাস্তা সংকুচিত করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এলাকাবাসীর প্রতিবাদের মুখে কাজ বন্ধ হয়েছে। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”
    এদিকে, অভিযোগের বিষয়ে গোল্ডেন অয়েল মিলস ও সেভয় আইসক্রিম ফ্যাক্টরির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
    এ ঘটনায় স্থানীয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং সরকারি রাস্তা দখলের চেষ্টা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

  • হাসনাত আবদুল্লাহর বক্তব্য ঘিরে সোনারগাঁয়ে বিএনপি নেতাকর্মীদের মিশ্র প্রতিক্রিয়া

    হাসনাত আবদুল্লাহর বক্তব্য ঘিরে সোনারগাঁয়ে বিএনপি নেতাকর্মীদের মিশ্র প্রতিক্রিয়া

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে কেন্দ্র করে সোনারগাঁ থানা বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বক্তব্যটি নিয়ে বিএনপির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের মতামত প্রকাশ করেছেন।
    জানা গেছে, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে সারাদেশব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পদযাত্রার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
    এসময় বক্তব্যে হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যকে উদ্দেশ করে বলেন, “এখানে বাপ হচ্ছে এমপি আর তার ছেলে করে চাঁদাবাজি। থানায় গিয়ে দিতে হয় মুচলেকা। আমরা সারা দেশে দেখি গ্যাসের হাহাকার, আর সোনারগাঁয়ে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান অবৈধ গ্যাস সংযোগ নিয়ে কোটি কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছে। চুনা কারখানাগুলো কোটি টাকার অবৈধ গ্যাস পোড়াচ্ছে। সোনারগাঁয়ের নদী ও খালগুলো রাজনৈতিক সমঝোতার মাধ্যমে দখল হয়ে গেছে।”
    তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সোনারগাঁ থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রতিক্রিয়া জানান। অনেকে বক্তব্যটি প্রত্যাখ্যান করে এর তীব্র সমালোচনা করেন। কেউ কেউ হাসনাত আবদুল্লাহকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। আবার কয়েকজন নেতাকর্মী বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন।

    এদিকে, রাজনৈতিক অঙ্গনে হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সোনারগাঁর রাজনীতিতে নতুন করে বিতর্কেরও জন্ম দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

  • পিরোজপুর ইউনিয়নে একই স্থানে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মসূচি ঘিরে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপ

    পিরোজপুর ইউনিয়নে একই স্থানে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মসূচি ঘিরে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপ

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে কর্মসূচি আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    স্থানীয় এলাকাবাসীরা জানান, চেয়ারম্যান প্রার্থী মাসুম রানার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার পূর্বনির্ধারিত উঠান বৈঠক বানচাল করার উদ্দেশ্যে পাল্টা কর্মসূচি দেওয়া হয়। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

    স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান প্রার্থী মাসুম রানা পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী পিরোজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে একটি উঠান বৈঠক ও মতবিনিময় সভার আয়োজন করেন। এ সময় একই স্থানে অপর চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম বিডিআর ও তার সমর্থকদের নিয়ে পৃথক মতবিনিময় সভার আয়োজন করেন।

    একই সময় ও একই স্থানে দুই প্রার্থীর কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

    পুলিশের হস্তক্ষেপে উভয় পক্ষকে শান্ত করা হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সম্ভাব্য সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।

    এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের উচিত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে প্রচার-প্রচারণা চালানো। একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি পরিহার করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।

    এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

  • সোনারগাঁয়ে সরকারি বরাদ্দের (জি আর) চাল বিতরণ, সুবিধাবঞ্চিত পরিবারের পাশে জামপুর ইউনিয়ন

    সোনারগাঁয়ে সরকারি বরাদ্দের (জি আর) চাল বিতরণ, সুবিধাবঞ্চিত পরিবারের পাশে জামপুর ইউনিয়ন

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে সরকারের বরাদ্দকৃত জি আর (গ্র্যাচুইটাস রিলিফ) চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে জামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতিতে প্রায় ২০০টি সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়।

    এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের তত্ত্বাবধানে সরকারের বরাদ্দকৃত জি আর চাল এলাকার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

    সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের এমপি আজহারুল ইসলাম মান্নান আমাকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে বর্তমান সরকারের দিকনির্দেশনা অনুযায়ী সোনারগাঁ উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”

    চাল বিতরণ কর্মসূচিতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ পেয়ে সোনারগাঁয়ের মুখ উজ্জ্বল করলেন বি. আর. বিলকিস

    দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ পেয়ে সোনারগাঁয়ের মুখ উজ্জ্বল করলেন বি. আর. বিলকিস

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি. আর. বিলকিস জাতীয় পর্যায়ে দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করে সোনারগাঁবাসীর মুখ উজ্জ্বল করেছেন। শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মানজনক পদকে ভূষিত হয়েছেন।

    ‎বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এই পদক গ্রহন করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনেসহ দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

    পদক প্রদান অনুষ্ঠানটি সারাদেশে সরাসরি সম্প্রচার করা হয়। সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিন্নাত, বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    দীর্ঘদিন ধরে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন বি. আর. বিলকিস। তাঁর নেতৃত্বে ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
    দেশের সর্বোচ্চ পর্যায়ে এই স্বীকৃতি অর্জনের মাধ্যমে তিনি শুধু তাঁর বিদ্যালয়ের নয়, সমগ্র সোনারগাঁ উপজেলার জন্য গৌরব বয়ে এনেছেন। তাঁর এই অর্জনে শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক এবং সোনারগাঁবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
    প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জনের জন্য বি. আর. বিলকিসকে সর্বস্তরের মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।