Blog

  • সোনারগাঁ উপজেলা ভূমি অফিসে দালাল আটক, জরিমানা ও টাকা ফেরতের নির্দেশ

    সোনারগাঁ উপজেলা ভূমি অফিসে দালাল আটক, জরিমানা ও টাকা ফেরতের নির্দেশ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ভূমি অফিসে অভিযান চালিয়ে এক দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে অর্থদণ্ড প্রদান করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে সেবা গ্রহীতাদের কাছ থেকে নামজারি করিয়ে দেওয়ার নামে যে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছিল, তা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
    মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।
    আটক ব্যক্তি মো. জিয়াউর রহমান (৪৭) উপজেলার জামপুর ইউনিয়নের চরতালিমাবাদ এলাকার রুস্তমের ছেলে। অভিযোগ রয়েছে, নামজারি করে দেওয়ার কথা বলে তিনি তিনজন সেবা গ্রহীতার কাছ থেকে মোট ৪৫ হাজার টাকা নিয়েছিলেন।
    অভিযান চলাকালে সোনারগাঁ থানার এসআই মাসুম লাভলুর নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল। এছাড়াও উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. ইমরান হোসেন, সার্ভেয়ার ফয়েজ আহমেদ, পেশকার বায়েজিদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
    সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ সময় আটক দালালকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় জরিমানা করা হয় এবং মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
    তিনি আরও বলেন, ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য বন্ধ করে সাধারণ মানুষকে নির্বিঘ্ন সেবা দিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • মদিনা ইউনির্ভাসিটিতে পিএইচডিতে সোনারগাঁয়ের মুশাহিদ দেওয়ান

    মদিনা ইউনির্ভাসিটিতে পিএইচডিতে সোনারগাঁয়ের মুশাহিদ দেওয়ান

    আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান মদিনা ইউনিভার্সিটিতে ভাষাতত্ত্ব বিভাগে পিএইচডি প্রোগ্রামে সুযোগ পেয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কৃতী সন্তান মুহাম্মদ মুশাহিদ দেওয়ান ।

    ইউনিভার্সিটির স্নাতকোত্তর শিক্ষা অনুষদ কর্তৃক গত ৮ মার্চ এমফিল ও পিএইচডি প্রোগ্রামের ফাইনাল রেজাল্ট পাবলিশ করা হয়। গত ২১ জানুয়ারি এই প্রোগ্রামের এডমিশন টেস্টে তিনি বিদেশী ছাত্রদের সাথে অংশগ্রহণ করেছিলেন।

    উল্লেখ্য, তিনি ২০১৬ সালে সৌদি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্কলারশিপ পেয়ে মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হোন। পরবর্তীতে পর্যায়ক্রমে অনার্স মাস্টার্স ও এমফিল সম্পন্ন করেন। এছাড়া তিনি একই ভার্সিটিতে খন্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

    পবিত্র মদিনা মুনাওয়ারাহর মাটিতে এই একাডেমিক অর্জনে তিনি মহান আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং দেশবাসীর দুআ প্রত্যাশা করেন। ভবিষ্যতে  তিনি শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক পর্যায়ে অবদান রেখে যেতে চান। তদ্রুপ দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করতে চান। তিনি ভবিষ্যত সফলতার জন্য সকলের নিকট দুআপ্রার্থী।

  • মেঘনা নদীতে নৌভ্রমণের মাধ্যমে ইফতার মাহফিল

    মেঘনা নদীতে নৌভ্রমণের মাধ্যমে ইফতার মাহফিল

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ দক্ষিণ জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগের উদ্যোগে মেঘনা নদীতে নৌভ্রমণের মাধ্যমে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    পবিত্র মাহে রমজান উপলক্ষে ৮ মার্চ রবিবার বিকেলে নৌকায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগ সোনারগাঁ দক্ষিণের সভাপতি ইয়াকুব আলী মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পেশাজীবী বিভাগ সোনারগাঁ দক্ষিণের সেক্রেটারি ও সাংবাদিক হাজী মো. শাহ্জালাল মিয়া।

    ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক, দেশবরেণ্য শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোঃ হাবিবুর রহমান, আইনজীবী ও সাংবাদিক মোক্তার হোসেন মোক্তাদি, অফিসার্স ফোরামের সভাপতি শরীফ আহম্মদ প্রমুখ।

    এ সময় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজা মানুষের মাঝে তাকওয়া, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান তারা।

    মেঘনা নদীতে নৌভ্রমণের মধ্য দিয়ে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন উপস্থিত সবার মাঝে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।

  • সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা

    সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান।
    অভিযান চলাকালে তরমুজের দাম বেশি রাখার অভিযোগে মো. মুছা নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার দায়ে বৈশাখী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি মুদি দোকানকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান জানান, পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় এবং অবৈধ মজুদ প্রতিরোধে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

    জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী ও কাঁচপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ফিলিং স্টেশন বন্ধ পাওয়া গেলেও অন্য স্টেশনগুলোতে নিয়ম অনুযায়ী জ্বালানি বিক্রি করতে দেখা গেছে। তবে বেশিরভাগ স্টেশনেই অকটেনের মজুদ প্রায় নেই বললেই চলে।
    রোববার (দুপুর ১২টা) কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
    অভিযান চলাকালে কাঁচপুর এলাকায় একটি ফিলিং স্টেশন বন্ধ পাওয়া যায়। এছাড়া সোনাখালী এলাকার মেসার্স আবাদী ফিলিং স্টেশন ও কাঁচপুরের এস ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, স্টেশন দুটি নির্ধারিত নিয়ম অনুযায়ী জ্বালানি বিক্রি করছে এবং তাদের স্টক রেজিস্টারও যাচাই করা হয়।
    এ সময় আবাদী ফিলিং স্টেশনে অকটেন সরবরাহ বন্ধ রয়েছে বলে জানা যায়। পরে তাদের কাগজপত্র পরীক্ষা করে নির্ধারিত নিয়মে জ্বালানি বিক্রির নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অন্যদিকে এস ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশনে ক্রেতাদের যথাযথভাবে বিক্রয় রশিদ প্রদান করতে দেখা গেছে।
    মোবাইল কোর্টের পক্ষ থেকে সরকার প্রদত্ত নির্দেশনা অনুযায়ী তেল মজুদ ও বিক্রয়ের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
    নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • সোনারগাঁয়ে মাদক কারবারি পরিবারের সদস্যদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ

    সোনারগাঁয়ে মাদক কারবারি পরিবারের সদস্যদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের উত্তর কাজিপাড়া গ্রামের মাদক কারবারি মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে।

    শনিবার বিকেলে তালতলা পুলিশ ফাঁড়ির সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে মহজমপুর, উত্তর কাজিপাড়া, তালতলা, ব্রাক্ষণবাওগা, মালিপাড়া এ ৫ গ্রামের দুই শতাধিক নারী পুরুষ অংশ নেন। মানবন্ধনে বক্তব্য রাখেন, জামপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক সদস্য আমজাদ হোসেন লতিফ, জামপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, উত্তর কাজিপাড়া গ্রামের মালেয়শিয়া প্রবাসী শফিকুল ইসলাম, আয়নাল হক, জয়নাল আবেদীন, জায়েদা বেগম প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি তালতলা- বারদী সড়ক প্রদক্ষিণ করে।
    মানববন্ধনে বক্তরা জানায়, দীর্ঘদিন ধরে উত্তর কাজিপাড়া গ্রামের মোতালেব হোসেন ও তার বাবা আজগর আলী ওরফে বান্না ও মা সালেহা বেগমসহ পরিবারের ৫ সদস্য মাদক ব্যবসা করে আসছে। তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সন্ধ্যা হলেই ওই এলাকায় মাদকের জন্য বহিরাগতরা মোটরসাইকে যোগে এসে মাদক ক্রয় করে থাকে। এছাড়াও তাদের কাছ থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে মাদক নিয়ে যায়। এতে বাধা দিলে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করে এলাকাবাসী। পুলিশের হাতে একাধিকবার এ পরিবারের সদস্যরা মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হলেও বন্ধ হয়নি এ মাদক ব্যবসা।

    মানববন্ধনে জামপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক সদস্য আমজাদ হোসেন লতিফ বলেন, মোতালেব হোসেন ও তার পরিবার চিহ্নিত মাদক কারবারি। তাদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হুমকি দেওয়া হয়। অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

  • মোগরাপাড়া চৌরাস্তা উচ্ছেদ অভিযান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, যানজট নিরসনেই উদ্যোগ: ইউএনও

    মোগরাপাড়া চৌরাস্তা উচ্ছেদ অভিযান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, যানজট নিরসনেই উদ্যোগ: ইউএনও

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
    তিনি জানান, ঈদের আগ মুহূর্তে উচ্ছেদ অভিযান পরিচালনা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। তবে এই সিদ্ধান্তের পেছনে বেশ কিছু বাস্তব কারণ রয়েছে। ঈদকে কেন্দ্র করে অল্প সময়ে বিপুল সংখ্যক মানুষের বাড়ি ফেরা, মহাসড়কে তীব্র যানজট এবং সেই সুযোগে ছিনতাই ও ডাকাতির ঝুঁকি বেড়ে যাওয়ার বিষয়গুলো বিবেচনায় রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
    ইউএনও বলেন, বৃহৎ জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। অতীতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। এবার সেটি টেকসই করার জন্য প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে।
    তিনি আরও জানান, মহাসড়কের যানজট নিরসনে সরকার ইতোমধ্যে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে। এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান নিজে উপস্থিত থেকে সকলের সহযোগিতা কামনা করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে কাজ করছে।
    উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়েও প্রশাসন কাজ করছে বলে জানান তিনি। একই সঙ্গে উপজেলার পরিবেশকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন ইউএনও।
    এদিকে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পরিবেশ স্বাভাবিক ও সুশৃঙ্খল না হওয়া পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

    উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পথচারী ও সুশিল সমাজের লোকজন। তারা উপজেলা প্রশাসনের এই উদ্যোগটি চলমান থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

  • সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

    সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্ত্র ও গুলিসহ মোঃ ফারুক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
    বৃহস্পিবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামের মোতালেব মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক (পিতা: মানিক মিয়া) আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের বাসিন্দা।
    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
    অভিযানে নেতৃত্ব দেন মোঃ মহিববুল্লাহ। সঙ্গে ছিলেন তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হক, এসআই সেলিম, এসআই আরিফ ও এসআই পারভেজ।
    এ ঘটনায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

  • ওপেন টেন্ডারে ৯৭ লাখ টাকায় আনন্দবাজার হাটের ইজারা পেলেন দুই ইউপি সদস্যের পরিবার

    ওপেন টেন্ডারে ৯৭ লাখ টাকায় আনন্দবাজার হাটের ইজারা পেলেন দুই ইউপি সদস্যের পরিবার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী আনন্দবাজার হাটের ইজারা ওপেন টেন্ডারের মাধ্যমে সম্পন্ন হয়েছে। ৯৭ লাখ টাকার সর্বোচ্চ দর দিয়ে বাজারটির ইজারা পান বাছেদ মেম্বার।
    বাজার পরিচালনার দায়িত্বে রয়েছেন নবী মেম্বারের ভাই নজরুল ইসলাম। টেন্ডার প্রক্রিয়া শেষে আজ সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়।
    ইজারা কার্যক্রম শেষে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আরা জিনাত আনুষ্ঠানিকভাবে ইজারাদারের নাম ঘোষণা করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
    উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি বিধি-বিধান অনুসরণ করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে ইজারা প্রদান করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন ইজারাদারের মাধ্যমে বাজারের শৃঙ্খলা ও রাজস্ব আদায়ে ইতিবাচক পরিবর্তন আসবে।

  • সোনারগাঁয়ে পীরজাদা মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

    সোনারগাঁয়ে পীরজাদা মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লপীরজাদা মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (০৪ এপ্রিল) উপজেলার দরপত আমিনীয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। হাফেজ মাওলানা মহিউদ্দিন খানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

    অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে পীরজাদা মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। বক্তারা বলেন, তিনি সমাজের কল্যাণে কাজ করেছেন এবং ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

    আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় তাঁর কবরের আজাব মাফ, জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়।

    দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। আয়োজনটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

  • সোনারগাঁয়ে তিতাসের অভিযানে ২ চুনা কারখানা গুড়িয়ে, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    সোনারগাঁয়ে তিতাসের অভিযানে ২ চুনা কারখানা গুড়িয়ে, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    পরিমল বিশ্বাস, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে দুটি চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস কর্তৃপক্ষ। একই সঙ্গে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
    বুধবার (৪ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আব্দুল মোনায়েম সুগার মিলের বিপরীত পাশে একটি এবং মোনায়েম গেটের বিপরীতে আরেকটি চুনা কারখানা ভেঙে ফেলা হয়।
    অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা। তার সঙ্গে উপস্থিত ছিলেন সোনারগাঁ জোনের ম্যানেজার শবিউল আওয়ালসহ তিতাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
    তিতাসের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে স্থাপিত গ্যাস বিতরণ লাইনের উৎস পয়েন্ট কিলিং ও ক্যাপিং করা হয়েছে। অভিযানের সময় কারখানাগুলোতে কোনো মালামাল পাওয়া যায়নি। অবৈধ স্থাপনা হিসেবে চিহ্নিত হওয়ায় বেজসহ পুরো কাঠামো গুড়িয়ে দেওয়া হয়।
    তিতাস কর্তৃপক্ষ জানান, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • আবেদন করতে গিয়ে নিজেই বাতিল: সোনারগাঁয়ে আলোচনায় আলতাফ হোসেন

    আবেদন করতে গিয়ে নিজেই বাতিল: সোনারগাঁয়ে আলোচনায় আলতাফ হোসেন

    নিজস্ব প্রতিবেদক নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০৯ জনকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে তালিকা বাতিলের আবেদন করেছিলেন আলতাফ হোসেন। তবে যাচাই–বাছাই শেষে উল্টো তার নিজের নামই মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাতিল করা হয়েছে।
    মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)–এর ১০৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে ৭৮ জনকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে তালিকা থেকে বাদ দিয়ে গত সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়। প্রকাশিত তালিকায় আলতাফ হোসেনের নাম ৫৪ নম্বরে রয়েছে। সোনারগাঁ উপজেলা থেকেই বাতিল হয়েছেন ৫১ জন।
    বর্তমানে আলতাফ হোসেন সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা দাবি করে জামুকায় ১০৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
    অভিযোগের পরিপ্রেক্ষিতে জামুকার একটি প্রতিনিধি দল ২০২৫ সালের ২৩ নভেম্বর সোনারগাঁয়ে পরিদর্শনে এসে গণশুনানি করে। গণশুনানি ও নথিপত্র যাচাই শেষে আলতাফ হোসেনসহ ৫১ জনকে বাতিলের সুপারিশ করা হয়।
    জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন–এর নেতৃত্বে অনুষ্ঠিত গণশুনানিতে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অব.) সৈয়দ মুহিবুর রহমান, হাবিবুল্লাহ আলম, মেজর (অব.) ফজলুর রহমান, সাদেক আহমেদ খান, মেজর (অব.) আব্দুস সালাম এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন প্রতিনিধি দল।
    এ বিষয়ে আলতাফ হোসেন বলেন, শতাধিক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আবেদন করায় একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে তাকে বাতিল করিয়েছে। তিনি দাবি করেন, তিনি ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকালে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রয়োজনীয় প্রমাণপত্রসহ তিনি পুনর্বিবেচনার জন্য জামুকায় আবেদন করবেন বলে

  • ধ্বংসের মুখে ঐতিহাসিক পিঠাওয়ালীর ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি

    ধ্বংসের মুখে ঐতিহাসিক পিঠাওয়ালীর ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মুঘল আমলের ঐতিহাসিক কোম্পানিকা সেতু (যা স্থানীয়ভাবে পিঠাওয়ালীর ব্রিজ নামে পরিচিত) বর্তমানে ধ্বংসের মুখে। প্রায় পাঁচশত বছরের পুরোনো এক খিলানবিশিষ্ট এই সেতুটি সংস্কারের অভাব ও অতিরিক্ত যানবাহনের চাপে নড়বড়ে হয়ে ভেঙ্গে পড়ছে।

    স্থানীয় ইতিহাসবিদ, সংস্কৃতিসেবী ও সচেতন নাগরিকরা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, এটি শুধু সোনারগাঁ নয়, সমগ্র বাংলার ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। বিলম্ব হলে অমূল্য স্থাপত্য ইতিহাস হারিয়ে যেতে পারে।

    সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ কমিটির নেতারা জানান, ইতোমধ্যে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।

    প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানায়, প্রাথমিক জরিপ শেষ হয়েছে এবং শিগগিরই সংরক্ষণ প্রকল্পের আওতায় ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

    সচেতন মহলের দাবি, সরকার ও স্থানীয় প্রশাসনের সমন্বিত পদক্ষেপেই রক্ষা পেতে পারে ঐতিহাসিক এই সেতু।

  • সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, পরিবারের সিদ্ধান্তে সুরতহাল হয়নি

    সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, পরিবারের সিদ্ধান্তে সুরতহাল হয়নি

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলী হোসেন (৬৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
    তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল থেকে গাউছিয়া অংশে, জামপুর ইউনিয়নের প্যাচাইন এলাকায় জামান এগ্রো ফিশারিজের গেট থেকে প্রায় ১০০ গজ দক্ষিণে পাকা সড়কের ওপর এ ঘটনা ঘটে।
    খবর পেয়ে তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে সেখানে নিহত ব্যক্তিকে পাওয়া যায়নি। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, দুর্ঘটনার পরপরই স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
    নিহত আলী হোসেন বরগাঁও দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম আমির হোসেন এবং মাতার নাম ফয়সান বিবি।
    পুলিশ জানায়, নিহতের বড় ছেলে আনোয়ার হোসেন মোবাইল ফোনে জানান, এটি সড়ক দুর্ঘটনা এবং এ বিষয়ে তাদের কোনো সন্দেহ নেই। তাই তারা সুরতহাল বা আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করতে আগ্রহী নন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী জোহরের নামাজের পর জানাজা ও দাফন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
    এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে

  • সোনারগাঁও সরকারি কলেজে নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নানকে ফুলেল শুভেচ্ছা

    সোনারগাঁও সরকারি কলেজে নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নানকে ফুলেল শুভেচ্ছা

    নিউজ সোনারগাঁ: সোনারগাঁও সরকারি কলেজ-এর পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আনুষ্ঠানিকভাবে তাকে শুভেচ্ছা জানান।
    অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়ে শিক্ষা খাতে তার সহযোগিতা প্রত্যাশা করেন।
    এ সময় আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁও সরকারি কলেজে শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক সমাজকে দায়িত্বশীল ও যত্নশীল ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
    পরিশেষে কলেজের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

  • লাঙ্গলবন্দ ব্রিজে সংস্কার কাজ, টানা দুইদিন ধরে তীব্র যানজট

    লাঙ্গলবন্দ ব্রিজে সংস্কার কাজ, টানা দুইদিন ধরে তীব্র যানজট

    নিউজ সোনারগাঁ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ ব্রিজের একপাশ বন্ধ রেখে সংস্কার কাজ চালানোর কারণে গত দুইদিন ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে বিশেষ করে রোজার মাসে যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে ব্রিজটির বিভিন্ন স্থানে ঢালাই উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দের কারণে সেতুর ওপরের স্টিল প্লেট সরে গিয়ে বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয়। এতে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
    সড়ক ও জনপথ অধিদপ্তর গত কয়েক বছর ধরে একপাশ বন্ধ রেখে অন্যপাশ দিয়ে যান চলাচল চালু রেখে আংশিক সংস্কার কাজ করে আসছে। তবে পুরোপুরি সংস্কার না হওয়ায় কিছুদিন পরপরই একই সমস্যা দেখা দিচ্ছে। ফলে আবারও একপাশ বন্ধ করে কাজ শুরু করতে হচ্ছে। এতে মহাসড়কে দুই পাশে ১০ কিলোমিটার পযর্ন্ত যানজট তৈরি হচ্ছে।
    মহাসড়কে চলাচলকারী যাত্রীরা জানান, সামান্য পথ পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে। রোজার মধ্যে এমন ভোগান্তি কল্পনাতীত। অনেকেই সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
    চালকরা জানান, একপাশ দিয়ে যান চলাচল করায় ব্রিজের উভয় প্রান্তে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। এতে জ্বালানি খরচ বাড়ছে এবং নির্ধারিত সময়ে ট্রিপ শেষ করা যাচ্ছে না। দ্রুত স্থায়ী সমাধান না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
    সংশ্লিষ্টদের মতে, টেকসই ও পূর্ণাঙ্গ সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা না হলে এ ভোগান্তি থেকে মুক্তি মিলবে না।