Blog

  • জনগনের দোরগোড়ায় সেবা পৌঁচ্ছে দিতে সোনারগাঁয়ে তিনদিন ব্যাপী ভুমি মেলা শুরু

    জনগনের দোরগোড়ায় সেবা পৌঁচ্ছে দিতে সোনারগাঁয়ে তিনদিন ব্যাপী ভুমি মেলা শুরু

    নিউজ সোনারগাঁ : “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারাদেশের মতো সোনারগাঁ উপজেলাতেও এ মেলার আয়োজন করা হয়।

    মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমিসেবা মেলার উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ মেলা চলবে।

    উদ্বোধনের পর উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনীমের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও আসিফ আল জিনাত।

    তিনি বলেন, একসময় ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্র, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে গ্রামীণ জনগণ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তেন। বর্তমানে সরকার ভূমিসেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে, যাতে মানুষ সহজেই প্রয়োজনীয় সেবা পেতে পারে।

    এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কানুনগো জাকির হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শামিম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ মিঠুসহ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ভূমি কর্মকর্তা এবং সেবাগ্রহীতারা।

  • সোনারগাঁয়ে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সাবেদ আলী

    সোনারগাঁয়ে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সাবেদ আলী

    নিউজ সোনারগাঁ : সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ মোঃ সাবেদ আলী।
    সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন বাংলাদেশ কালচারাল সাংস্কৃতিক ফোরাম-এর উদ্যোগে গত ১৩ মে জাতীয় শিশু কল্যাণ মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
    সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
    এ সম্মাননার খবরে শম্ভুপুরা ইউনিয়নে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তার শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও আত্মীয়স্বজনরা এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
    স্থানীয় সচেতন মহল মনে করছেন, সাবেদ আলীর এ অর্জন শম্ভুপুরা ইউনিয়নবাসীর জন্যও গর্বের বিষয়। সহকর্মীরা জানান, তিনি একজন দক্ষ জনপ্রতিনিধির পাশাপাশি মানবিক ও সেবাপরায়ণ ব্যক্তি হিসেবেও এলাকায় পরিচিত। এই সম্মাননা তাকে ভবিষ্যতে আরও বেশি জনকল্যাণমূলক কাজে অনুপ্রাণিত করবে।

  • সোনারগাঁয়ে মাদকাসক্ত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

    সোনারগাঁয়ে মাদকাসক্ত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামে ফয়সাল নামে এক মাদকাসক্ত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে নিজ বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে পাঠানো হয়।
    নিহত ফয়সাল জয়রামপুর গ্রামের ইব্রাহিমের ছেলে।
    স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সাল দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তার আচরণে অতিষ্ঠ হয়ে পরিবারের সদস্যরা তাকে ছেড়ে চলে যান। তার বাবা ঢাকায় অন্য ছেলেদের সঙ্গে বসবাস করতেন। স্ত্রীও দুই সন্তান নিয়ে আলাদা হয়ে যান।
    জানা গেছে, গত শুক্রবার ফয়সাল তার দুই সন্তানকে বড় স্ত্রীর কাছে রেখে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ করে দেন। এরপর থেকে তাকে আর বাইরে দেখা যায়নি।
    এদিকে রোববার থেকে তার ঘর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে ভাড়াটিয়ারা অন্যত্র চলে যান। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন।
    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফয়সালের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পুলিশ ধারণা করছে, কয়েকদিন আগেই তিনি আত্মহত্যা করেছেন। দীর্ঘ সময় লাশ ঘরের ভেতরে থাকায় তা পচে অর্ধগলিত হয়ে যায়।
    পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।
    এ বিষয়ে সোনারগাঁ থানার পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

  • সোনারগাঁয়ে বিস্ফোরণে একে একে তিনজনের মৃত্যু

    সোনারগাঁয়ে বিস্ফোরণে একে একে তিনজনের মৃত্যু

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মো. কাউসার (৩০) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।

    সোমবার (১৮ মে) সকাল সোয়া ৬টার দিকে জাতীয় বার্ন ও সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হলো।

     

    জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, বুধবার (১৩ মে) দুপুর পৌনে ২টার দিকে দগ্ধ অবস্থায় ১২ জনকে উদ্ধার করে জরুরি বিভাগে আনা হয়। এর আগে দগ্ধ শঙ্কর (২৫) ও মো. আমির (২৫) মারা যান। আজ কাউসারের মৃত্যু হয়েছে। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল।

    আরও পড়ুননারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২সোনারগাঁওয়ে ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু

     

    ডা. শাওন বিন রহমান আরও জানান, দগ্ধের পরিমাণ কম থাকায় ছয়জনকে ছুটি দেওয়া হয়েছে।

    এর আগে বুধবার দুপুরে সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকার ‘জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেডে’ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ১২ জন দগ্ধ হন, তারা সবাই ওই বিদ্যুৎকেন্দ্রের কর্মী। ঘটনার সময় কর্মীরা ক্যানটিনে দুপুরের খাবার খাচ্ছিলেন।

  • সোনারগাঁয়ে গৃহবধূর গলায় ছুরি ধরে ডাকাতি, ১৭ লাখ টাকার মালামাল লুট

    সোনারগাঁয়ে গৃহবধূর গলায় ছুরি ধরে ডাকাতি, ১৭ লাখ টাকার মালামাল লুট

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে এক এনজিও কর্মীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল পরিবারের সদস্যদের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে আনুমানিক ১৭ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
    শনিবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জামপুর ইউনিয়নের জামপুর এলাকায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স-এর কর্মী মাজেদা আক্তারের (৪৮) বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    অভিযোগ সূত্রে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে। পরে তারা ঘরে ঢুকে মাজেদা আক্তারসহ পরিবারের সদস্যদের গলায় ছুরি ধরে জিম্মি করে ফেলে। এরপর আলমারির তালা ভেঙে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ২ লাখ ৭ হাজার টাকা লুট করে নেয়।
    লুটপাট শেষে পালিয়ে যাওয়ার সময় মাজেদা আক্তার ডাকাত দলের সদস্য ইউসুফ মিয়াকে চিনতে পারেন বলে দাবি করেন। এ সময় তিনি চিৎকার করে তাকে আটকানোর চেষ্টা করলে ডাকাতরা তাকে মারধর করে দ্রুত পালিয়ে যায়।
    ভুক্তভোগী মাজেদা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “গভীর রাতে হঠাৎ অস্ত্র নিয়ে ঘরে ঢুকে আমাদের জিম্মি করে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা আলমারি ভেঙে আমার কষ্টার্জিত সব স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় ইউসুফকে চিনে ফেলায় আমাকে মারধরও করা হয়। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।”
    এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁও থানা-এর এসআই মামুন জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
    জানা গেছে, অভিযুক্ত ইউসুফ মিয়া এর আগে মাজেদা আক্তারের দেবরের বাড়িতে প্রায় ১০ বছর ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

  • সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাস মামলার আসামি ফারুক র‍্যাবের হাতে আটক

    সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাস মামলার আসামি ফারুক র‍্যাবের হাতে আটক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ফারুক নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১১।
    গতকাল উপজেলার চরকিশোরগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফারুক ওই এলাকার শাহজালালের ছেলে বলে জানা গেছে।
    র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ফারুকের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে প্রায় ১৭ বছর আগে দায়ের হওয়া একটি অস্ত্র মামলাও রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।
    এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

  • ফেসবুকে ভিডিও পোস্টকে কেন্দ্র করে কলেজ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

    ফেসবুকে ভিডিও পোস্টকে কেন্দ্র করে কলেজ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

    ফেসবুকে ভিডিও পোস্টকে কেন্দ্র করে কলেজ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
    সোনারগাঁ প্রতিনিধি:
    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফেসবুকে একটি রাজনৈতিক ভিডিও পোস্ট করাকে কেন্দ্র করে মোবাশ্বির হোসাইন তামিম (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (১৭ মে) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
    অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকার বাসিন্দা মোবাশ্বির হোসাইন তামিম তার ফেসবুক আইডি থেকে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর একটি ভিডিও পোস্ট করেন। এরপর একই দিন দুপুরে ইমরান নামে এক যুবক তাকে মোবাইল ফোনে কলেজে আসতে বলে।
    অভিযোগে উল্লেখ করা হয়, দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে সোনারগাঁ আইডিয়াল কলেজের পূর্ব পাশে রবিউল ও আমিনুলের দোকানের সামনে গেলে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্তরা ও তাদের সঙ্গে থাকা আরও ১০ থেকে ১৫ জন তামিমের ওপর হামলা চালায়। এ সময় তাকে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারধর করা হয়।
    তামিম অভিযোগ করেন, হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয় এবং ইমরান তার বাম চোখের উপরে ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
    পরে স্বজনরা আহত তামিমকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
    এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে বস্তুল এলাকার ইমরান, তুহিন তিহিন, আকাশ, আবু জজ, মামুন এবং চনপাড়া এলাকার সিহাবসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে।
    ভুক্তভোগী জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।
    সোনারগাঁ থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

    সোনারগাঁয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নের বড় আলমদী শাউপাড়া বাগান এলাকা থেকে আশরাফুল (১৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
    নিহত আশরাফুল বারদী ইউনিয়নের মহিলা গ্রাম পুলিশ ফুলেছা বেগমের বাবাহারা একমাত্র ছেলে। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়।
    নিহতের মা ফুলেছা বেগম ও তার বোন অভিযোগ করে বলেন, আশরাফুল আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা।
    এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন

  • সোনারগাঁয়ে ঠিকাদারকে কুপিয়ে হত্যা, থানায় মামলা

    সোনারগাঁয়ে ঠিকাদারকে কুপিয়ে হত্যা, থানায় মামলা

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নিউটন আবাসিক এলাকায় নুর উদ্দিন হাওলাদার নামে এক ঠিকাদারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মাইমুনা আক্তার সোনারগাঁ এ একটি মামলা দায়ের করেছেন।
    মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নিহত নুর উদ্দিন হাওলাদার পেশায় একজন ঠিকাদার ছিলেন। প্রায় দেড় বছর আগে অভিযুক্তদের বাড়িতে বিল্ডিং নির্মাণের কাজ সম্পন্ন করেন তিনি। পরবর্তীতে নতুন কাজ ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
    অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৪ মে বিকেল আনুমানিক ৩টার দিকে নিউটন আবাসিক এলাকায় ভাড়াটিয়া বাসায় অবস্থান করছিলেন নুর উদ্দিন। এ সময় জাহিদ ওরফে হাসা, মেহেদী হাসান ওরফে শুভ, আব্দুর রব, হোসনা আক্তারসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন লোহার রড, ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সেখানে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
    একপর্যায়ে নুর উদ্দিন প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে। তার চিৎকারে স্থানীয় ভাড়াটিয়া মিজান ও জামালসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
    পরে গুরুতর আহত অবস্থায় নুর উদ্দিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান।
    নিহতের স্ত্রী মাইমুনা আক্তার বলেন, “আমার স্বামীর ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
    এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি বলেন, “ঘটনার অভিযোগ পেয়েছি। মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

  • জাতীয় যুবশক্তির প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা পেলেন তুহিন মাহমুদ

    জাতীয় যুবশক্তির প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা পেলেন তুহিন মাহমুদ

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁয়ে তরুণ নেতৃত্ব, সামাজিক সম্পৃক্ততা ও গণমানুষের আস্থার প্রতীক হিসেবে পরিচিত তুহিন মাহমুদ জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন। এ সম্মাননাকে সোনারগাঁয়ের তরুণ সমাজের জন্য একটি অনুপ্রেরণামূলক স্বীকৃতি হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতাকর্মীরা।
    জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি। অনুষ্ঠানে তিনি তরুণ সমাজের ইতিবাচক রাজনৈতিক অংশগ্রহণ, সামাজিক দায়বদ্ধতা এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তুহিন মাহমুদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের মধ্যে নেতৃত্ব তৈরির ক্ষেত্রে তুহিন মাহমুদ ইতোমধ্যে সোনারগাঁয়ে একটি পরিচিত ও গ্রহণযোগ্য নাম হয়ে উঠেছেন। বিভিন্ন সামাজিক কার্যক্রম, জনসচেতনতামূলক উদ্যোগ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন। বিশেষ করে তরুণদের সংগঠিত করা এবং উন্নয়নমুখী চিন্তাধারাকে এগিয়ে নিতে তার ভূমিকা প্রশংসিত হচ্ছে।
    সম্মাননা গ্রহণের পর তুহিন মাহমুদ বলেন, “এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি সোনারগাঁয়ের তরুণ সমাজের প্রতি একটি স্বীকৃতি। আমি সবসময় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তরুণদের শক্তিকে দেশের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের কাজে যুক্ত করতে আমরা সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
    তিনি আরও বলেন, “জাতীয় যুবশক্তি তরুণদের মধ্যে নতুন রাজনৈতিক ও সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসা ধরে রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”
    অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, তরুণ সংগঠক এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

  • বিএনপির সব পদ থেকে জোবায়ের সামির পদত্যাগ

    বিএনপির সব পদ থেকে জোবায়ের সামির পদত্যাগ

    নিউজ সোনারগাঁ : বারদী ইউনিয়ন বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ও বারদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মোঃ জোবায়ের আহমেদ সামি স্বেচ্ছায় বিএনপির সকল রাজনৈতিক পদ-পদবী থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
    শুক্রবার (১৫ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।
    স্ট্যাটাসে জোবায়ের সামি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দলীয় দায়িত্ব পালন করে আসছেন। তিনি জানান, ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি দেওয়া এক পোস্টে তিনি বলেছিলেন, “যেদিন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং আজহারুল ইসলাম মান্নান সাহেব এমপি হবেন, সেদিনই আমি আমার সকল পদ-পদবী থেকে পদত্যাগ করবো।”
    তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আজ সেই দিন এসেছে। তাই আমি আমার স্বইচ্ছায় দলের সকল পদ-পদবী থেকে পদত্যাগ ঘোষণা করলাম।”
    তবে তিনি স্পষ্টভাবে জানান, রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে নিজেকে কখনো দূরে সরিয়ে নিচ্ছেন না। ভবিষ্যতে দলের দুঃসময় এলে এবং প্রয়োজন হলে জনগণের দাবি আদায়ের আন্দোলনে রাজপথে সামনের সারিতে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
    জোবায়ের সামি আরও বলেন, “সুদিনের কোকিল হয়ে থাকতে চাই না; দুঃসময়ের সাহসী কর্মী হয়েই মানুষের পাশে থাকতে চাই।”
    সবশেষে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

  • সোনারগাঁয়ে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার কড়া সমালোচনা তুহিন মাহমুদের

    সোনারগাঁয়ে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার কড়া সমালোচনা তুহিন মাহমুদের

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবশক্তি (এনসিপি)-এর যুগ্ম সম্পাদক তুহিন মাহমুদ বলেছেন, সোনারগাঁয়ের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় এখনো কোনো গুণগত পরিবর্তন আসেনি। দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম, দুর্নীতি, দখলবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড এখনো আগের মতোই অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
    সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, “সোনারগাঁয়ের মানুষ পরিবর্তনের আশা করেছিল। কিন্তু বাস্তবে আমরা দেখছি সবকিছু আগের মতোই চলছে। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, চুনা ফ্যাক্টরির মাধ্যমে সরকারি গ্যাসের হরিলুট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চুরি-ডাকাতি এবং মানুষ হত্যার মতো ঘটনাও এখনো ঘটছে।”
    তিনি আরও বলেন, একসময় মাদকের বিস্তার কিছুটা কমে এলেও বর্তমানে তা আবার উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে মাদকের বিস্তার ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় ফুটপাত দখল এবং ওভারব্রিজ দখলের চিত্রও আগের মতোই রয়েছে বলে অভিযোগ করেন তুহিন মাহমুদ।
    উপজেলার প্রশাসনিক কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, “উপজেলায় কী পরিমাণ দুর্নীতি হচ্ছে, সাধারণ মানুষ তার প্রকৃত তথ্য জানতে পারছে না। জনগণের কাছ থেকে অনেক কিছু গোপন রাখা হচ্ছে। এমনকি বিরোধী রাজনৈতিক দল বা ভিন্নমতের মানুষদের কোনো সভা-সমাবেশ কিংবা সরকারি প্রোগ্রামেও ডাকা হয় না।”
    তিনি অভিযোগ করে বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী পুরো উপজেলা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে এবং সাধারণ মানুষের মতামতের কোনো মূল্য দেওয়া হচ্ছে না। এতে করে গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সহাবস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
    তুহিন মাহমুদ বলেন, “জনগণ যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। সোনারগাঁয়ের মানুষ এখনো নানা সমস্যা, অনিয়ম ও নিরাপত্তাহীনতার মধ্যেই দিন পার করছে।”
    তিনি সোনারগাঁয়ের সার্বিক পরিস্থিতি উন্নয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

  • প্রাচীন পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

    প্রাচীন পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাচীন পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার ঐতিহাসিক পানাম নগরী সংলগ্ন পঙ্খিরাজ নদীর সামনে এ মানববন্ধনের আয়োজন করে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’।
    মানববন্ধনে স্থানীয় সংস্কৃতিকর্মী, কবি, লেখক, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
    সংগঠনটির আহ্বায়ক কবি ও সংস্কৃতিকর্মী শাহেদ কায়েসের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তারা বলেন, ঐতিহাসিক পানাম নগরীকে ঘিরে থাকা পঙ্খিরাজ নদী বর্তমানে খালে পরিণত হয়েছে। একসময় এ নদী ছিল প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এই নদীপথ ব্যবহার করেই বিশ্বখ্যাত মসলিন কাপড় প্রাচ্য ও পাশ্চাত্যে রপ্তানি করা হতো।
    বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে দখল ও ভরাটের কারণে নদীটি এখন বিলুপ্তির পথে। দ্রুত নদীটি পুনঃখনন করে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
    তারা অভিযোগ করেন, সোনারগাঁয়ের পঙ্খিরাজ নদীসহ বিভিন্ন খাল ও জলাশয় দখল এবং ভরাট হওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান বক্তারা।
    মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা মো. মতিউর রহমান, ‘সোনারগাঁও পরিক্রমা’র প্রধান সম্পাদক আরিফুর রহমান, উদীচী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান শামসুর রহমান, ৭১ টিভির সোনারগাঁ প্রতিনিধি শেখ ফরিদ, লেখক ও সাংবাদিক গাজী মোবারক, দেশ বার্তা পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি এরশাদ হুসাইন অন্য এবং নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবীসহ আরও অনেকে।

  • ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট, গরমে ভোগান্তিতে যাত্রীরা

    ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট, গরমে ভোগান্তিতে যাত্রীরা

    নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনার প্রভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে শুক্রবার সকাল থেকে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।

    শুক্রবার (১৫ মে) সকাল থেকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। মেঘনা টোলপ্লাজা থেকে শুরু হয়ে যানজট মদনপুর এলাকা ছাড়িয়ে বিস্তৃত হয়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে। নারী, শিশু ও দূরপাল্লার যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।

    সোনারগাঁয়ের জামপুর এলাকার বাসিন্দা রুবেল হোসেন জানান, সকাল থেকেই মহাসড়কে তীব্র চাপ ছিল। অনেক যানবাহন ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে যায়।

    চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানের চালক সেলিম মিয়া বলেন, ভোরে ঢাকার দিক থেকে পণ্য নিয়ে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় এসে দীর্ঘ সময় ধরে যানজটে আটকে আছেন। পরে জানতে পারেন দাউদকান্দি এলাকায় দুর্ঘটনার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

    এদিকে কুমিল্লাগামী যাত্রী নাজমা বেগম বলেন, পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়েছিলেন। কিন্তু মহাসড়কের যানজটের কারণে কয়েক ঘণ্টা ধরে একই স্থানে বসে থাকতে হচ্ছে। কখন গন্তব্যে পৌঁছাবেন তা নিয়েও অনিশ্চয়তায় আছেন তিনি।
    কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, গভীর রাতে দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনার কারণে যান চলাচল ব্যাহত হয়। এর প্রভাব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশ পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নেওয়া হয়েছে এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
    তিনি আরও জানান, দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় অনেক চালক গাড়ির ভেতরেই বিশ্রাম নিচ্ছিলেন। যান চলাচল সচল রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

  • সোনারগাঁয়ে ৮ মামলার আসামি সাইদুর ইয়াবাসহ গ্রেপ্তার

    সোনারগাঁয়ে ৮ মামলার আসামি সাইদুর ইয়াবাসহ গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ সাইদুর (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাভেরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ জানায়, সাব-ইন্সপেক্টর মো. ছারোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সাইদুরের বসতঘর থেকে আনুমানিক ৫ গ্রাম ওজনের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    গ্রেপ্তারকৃত সাইদুর প্রতাভেরচর এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে। তার বিরুদ্ধে সোনারগাঁ ও মতলব উত্তর থানাসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

  • মদনপুরে সড়ক দুর্ঘটনায় আড়াইহাজার ভূমি সহকারী কর্মকর্তার মৃত্যু

    মদনপুরে সড়ক দুর্ঘটনায় আড়াইহাজার ভূমি সহকারী কর্মকর্তার মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মদনপুর-আড়াইহাজার সড়কের জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার সংলগ্ন সেবা হাসপাতালের এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

    নিহত আনোয়ার হোসেনের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকায় বলে জানা গেছে।