Blog

  • সোনারগাঁয়ে নজরুল ইসলাম হত্যাকাণ্ডে রহস্য, ডাকাতি নাকি পূর্বপরিকল্পিত হত্যা?

    সোনারগাঁয়ে নজরুল ইসলাম হত্যাকাণ্ডে রহস্য, ডাকাতি নাকি পূর্বপরিকল্পিত হত্যা?

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুতিশপুর গ্রামে নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। এটি ডাকাতির ঘটনা নাকি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা। এ ঘটনায় নিহতের স্ত্রী নাসু আক্তার আহত হয়েছেন।
    বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম মুতিশপুর গ্রামের মৃত গাজীউল রহমানের ছেলে।
    স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কে বা কারা নজরুল ইসলামের বাড়ির দেয়াল টপকে ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় তার স্ত্রী নাসু আক্তারকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
    এলাকাবাসী জানান, নজরুল ইসলামের দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। কয়েক বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় তার একমাত্র ছেলে মারা যায়। বর্তমানে তিনি স্ত্রীকে নিয়ে গ্রামের একটি টিনশেড বাড়িতে বসবাস করতেন। তিনি সুতা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সামান্য আয়েই চলত তাদের সংসার। বসতভিটা ছাড়া তেমন কোনো অর্থ-সম্পদও ছিল না বলে জানান স্থানীয়রা।
    স্থানীয়দের ভাষ্য, নজরুল ইসলামের বাড়িটি কিছুটা নির্জন স্থানে হওয়ায় ঘটনার সময় আশপাশের কেউ কিছু টের পায়নি। তবে বাড়ির দরজা-জানালা ও অন্যান্য আলামত দেখে ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন তারা। এটি সাধারণ ডাকাতির ঘটনা নাকি পূর্বশত্রুতার জেরে পরিকল্পিত হত্যাকাণ্ড, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
    আহত নাসু আক্তার অসুস্থ থাকায় তার কাছ থেকেও বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব হয়নি। তিনি সুস্থ হলে ঘটনার বিষয়ে আরও তথ্য জানা যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।
    ঘটনার পর সোনারগাঁ থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

  • মিষ্টিতে কেমিক্যাল রং, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন: সোনারগাঁয়ে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

    মিষ্টিতে কেমিক্যাল রং, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন: সোনারগাঁয়ে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
    বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক।
    অভিযান সূত্রে জানা যায়, মোগরাপাড়া চৌরাস্তা বাজার সংলগ্ন হাবিবপুর এলাকায় বিভিন্ন কারখানা ও ফার্মেসিতে তদারকি চালানো হয়। এ সময় “আদি মিষ্টি ভুবন” নামের একটি উৎপাদন কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন, মিষ্টিতে কেমিক্যাল রং ব্যবহার এবং খাদ্যে পোকামাকড়ের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
    এছাড়া “ভাই ভাই পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিন কর্নার” নামের একটি প্রতিষ্ঠানের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনসহ বিভিন্ন ওষুধ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
    অভিযানে সহযোগিতা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনের উপপরিদর্শক আনোয়ারের নেতৃত্বে একটি টিম এবং জেলা কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

    সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

    নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে জাহিদুল ইসলাম নামে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকার মহাখালী সংক্রামক রোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    মৃত জাহিদুল ইসলাম উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাবো গ্রামের মহাফুজের ছেলে এবং আলতাফ হোসেনের নাতি।
    হাসপাতাল সূত্রে জানা যায়, প্রথমে ডায়রিয়াজনিত সমস্যায় আক্রান্ত হলে শিশুটিকে মহাখালীর কলেরা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শরীরে হামের লক্ষণ দেখা দিলে তাকে মহাখালী সংক্রামক রোগ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
    এ বিষয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব জানান, শিশুটির মৃত্যুর খবর পাওয়ার পর স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল ওই গ্রামে পাঠানো হয়েছে। তারা এলাকায় খোঁজখবর নিয়ে দেখছেন, অন্য কোনো শিশুর শরীরে হামের লক্ষণ রয়েছে কি না।

  • সোনারগাঁয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    সোনারগাঁয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ মাসের জিআর সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
    বুধবার (১৩ মে) সকাল আনুমানিক ৭টা ৫ মিনিটে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ফৌরদী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
    গ্রেফতারকৃত আসামির নাম মাহফুজ। তিনি শম্ভুপুরা ইউনিয়নের ফৌরদী এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
    পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মো. কামরুজ্জামানের নেতৃত্বে সোনারগাঁ থানার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
    গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
    সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

  • সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২

    সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাট এলাকায় অবস্থিত জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ১২ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
    দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
    দগ্ধরা হলেন, মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।
    দগ্ধদের সহকর্মীরা জানান, দুপুরে বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা নিজস্ব ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ক্যান্টিনে থাকা অন্তত ১২ জনের হাত, মুখ ও পা দগ্ধ হয়।
    পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
    বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে ১২ জন দগ্ধ রোগী হাসপাতালে এসেছেন। তাদের শরীরের কত শতাংশ পুড়েছে তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
    বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে আমির, শঙ্কর, কাউসার ও আল আমিন ক্যান্টিন বয় হিসেবে কর্মরত। বাকিরা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা। দুপুরে রান্নার কাজ শেষে অসাবধানতাবশত গ্যাসের চুলা চালু অবস্থায় ছিল। পরে কেউ আগুন ধরাতেই বিস্ফোরণের ঘটনা ঘটে।
    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, মেঘনা ঘাট এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দগ্ধদের চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

  • জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন সাংবাদিক আকতার হাবিব

    জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন সাংবাদিক আকতার হাবিব

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রেসক্লাব-এর সদস্যপদ লাভ করেছেন আকতার হাবিব। তিনি চ্যানেল আই-এর সিনিয়র রিপোর্টার এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির ১নং সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
    মঙ্গলবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন সদস্যদের তালিকা প্রকাশ করা হয়। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪৪১ জন সাংবাদিককে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
    সদস্যপদ লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আকতার হাবিব বলেন, জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ পাওয়া একজন সাংবাদিকের জন্য মর্যাদা ও স্বীকৃতির বিষয়। এ স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
    তিনি মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় করে প্রেসক্লাবের বাছাই কমিটি, ব্যবস্থাপনা কমিটি এবং যারা তাকে সহযোগিতা ও ভালোবাসা দিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    আকতার হাবিব আরও বলেন, “আমি সব সময় নীতি ও আদর্শ বজায় রেখে সাংবাদিকতার মতো মহান পেশায় দেশ, জাতি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এ পথচলায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
    উল্লেখ্য, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া স্বাক্ষরিত তালিকায় নতুন সদস্যদের নাম প্রকাশ করা হয়।
    প্রেসক্লাব সূত্র জানায়, দীর্ঘ যাচাই-বাছাই ও আবেদন প্রক্রিয়া শেষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে এসব সদস্য নির্বাচন করা হয়েছে। নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে জাতীয় প্রেসক্লাব আরও গতিশীল ও প্রতিনিধিত্বশীল হবে বলে আশা করা হচ্ছে।
    দেশের সাংবাদিকদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে জাতীয় প্রেসক্লাব দীর্ঘদিন ধরে সাংবাদিকদের পেশাগত অধিকার, কল্যাণ এবং গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

  • সোনারগাঁয়ে পঞ্চমীঘাট-গোলনগর ব্রিজ নির্মাণে এমপি মান্নানের ডিও লেটার

    সোনারগাঁয়ে পঞ্চমীঘাট-গোলনগর ব্রিজ নির্মাণে এমপি মান্নানের ডিও লেটার

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট-গোলনগর সড়কে একটি ব্রিজ নির্মাণের দাবিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর কাছে ডিও লেটার দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
    ডিও লেটারে উল্লেখ করা হয়, সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট-গোলনগর সড়কটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে সাদিপুর ও সনমান্দী ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ এবং শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছেন।
    বিশেষ করে বর্ষা মৌসুম ও ঝড়-বৃষ্টির সময় সাঁকো পারাপারে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে অনেক দূর ঘুরে যাতায়াত করতে হচ্ছে বলে ডিও লেটারে উল্লেখ করা হয়েছে।
    এছাড়া প্রস্তাবিত ব্রিজটি নির্মিত হলে সোনারগাঁ ও আড়াইহাজার উপজেলার মধ্যে সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। একই সঙ্গে এলাকার একটি কলেজ, উচ্চ বিদ্যালয়, দুটি হাট এবং ঢাকা-মদনপুর মহাসড়কের সঙ্গে যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    ডিও লেটারে “উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে অনূর্ধ্ব ১০০ মিটার ব্রিজ নির্মাণ প্রকল্প”-এর আওতায় দ্রুত ব্রিজটি নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

  • ফারিয়া গার্সেন্টেসের স্টোর রুমে মিলল গোয়ালদীর ইদ্রিস আলীর ঝুলন্ত লাশ

    ফারিয়া গার্সেন্টেসের স্টোর রুমে মিলল গোয়ালদীর ইদ্রিস আলীর ঝুলন্ত লাশ

    মঙ্গলবার (১২ মে) সকালো এনায়েতনগর ইউনিয়নের বারৈভোগ এলাকায় অবস্থিত ফারিহা নিট টেক্স লিমিটেড কারখানার স্টোররুমে তার মরদেহ মেলে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম।

    নিহতের নাম ইদ্রিস আলী (৪৩)। তিনি সোনারগাঁ উপজেলার গোয়ালদীর আবুল কাশেমের ছেলে এবং কারখানাটির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

    কারখানাটির সিকিউরিটি ম্যানেজার মোহাম্মদ মনির হোসেন বলেন, সকাল দশটার দিকে ইদ্রিসের মরদেহটি দেখতে পান কারখানার একজন শ্রমিক। পরে পুলিশে খবর দেওয়া হয়।

    “সোমবার সন্ধ্যায় সাতটায় ছুটি হবার পর তার গাড়িতে করে বাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু তার সহকর্মীরা থাকে ফোন দিয়েও পাচ্ছিল না। পরে তাকে ছাড়াই গাড়ি ছেড়ে যায়। আজ তার লাশ পাওয়া গেলো।  ইদ্রিসের মরদেহটি যে স্টোররুমে মিলেছে সেটি নিয়ন্ত্রণেরও দায়িত্বে ছিলেন তিনিই। ওই ঘরটির লাইট বন্ধ ছিল,” যোগ করেন মনির।

    নিহতের স্ত্রী হাফিজা আক্তার বলেন, বিকেলে ছুটি হবার পর সন্ধ্যায় তিনি কারখানার গাড়িতেই বাড়ি ফেরেন। সোমবার না ফেরায় তার মোবাইলে কল দিলে তা কেউ রিসিভ করেননি। পরে বিষয়টি কারখানার কর্মকর্তাদের জানালে তাদের পক্ষ থেকে বলা হয়, ‘ইদ্রিস কারখানাতে নেই।’

    “আমরা পুলিশকেও জানিয়েছিলাম রাতেই। সকালে শুনি স্টোররুমে লাশ পাওয়া গেছে। উনি নামাজ-কালাম পড়তেন, ভালো মেজাজের মানুষ ছিলেন। তিনি আত্মহত্যা করবেন এমন কোনো কারণ নেই। আমাদের এ মৃত্যু নিয়ে সন্দেহ হচ্ছে।”

    এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেবার কথাও জানান নিহতের স্ত্রী।

    এদিকে থানা পুলিশের ওসি মাহবুব বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাতে কারখানাটির সামনে গেলে নিহতের সহকর্মী ও শ্রমিকদের ক্ষোভের মুখে পড়ে। তাদের নিভৃত করার পর আইনি কার্যক্রম চলছে।

    এদিকে, ‘হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার’ অভিযোগ তুলে সেখানে বিক্ষোভ করছেন কারখানাটির শ্রমিকরা। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

  • সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চার ঔষধ ব্যবসায়ীকে জরিমানা, আদায় ১৮ হাজার টাকা

    সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চার ঔষধ ব্যবসায়ীকে জরিমানা, আদায় ১৮ হাজার টাকা

    নিজস্ব প্রতিনিধি:  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চার ঔষধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ সময় মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
    মঙ্গলবার (১২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তৌফিকুর রহমান।
    অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারায় চারটি ফার্মেসি ও ঔষধ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
    এ সময় অভিযানে সহায়তা করেন কে এম মুহসীনিন মাহবুব এবং মোঃ কবির হোসেন।
    অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোগরাপাড়া চৌরাস্তা বাজারসহ বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়েছে। এ সময় ব্যবসায়ীদের আইন মেনে ঔষধ বিক্রি ও ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।
    তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
    অভিযানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন।

  • তালতলা-বারদী সড়কে আস্থাফিডের ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

    তালতলা-বারদী সড়কে আস্থাফিডের ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মহঝমপুর বাজার এলাকায় বেহাল সড়কের কারণে আবারও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। সোমবার (১১ মে) রাত আনুমানিক ১০টার দিকে তালতলা-বারদী আঞ্চলিক সড়কের লাধুরচর এলাকায় আস্থাফিড কোম্পানির একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

    স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি পশুখাদ্য বহন করে যাচ্ছিল। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, কাদা ও ভাঙাচোরা অংশ থাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার এক পাশে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা মালামাল সড়কে ছড়িয়ে পড়ে।
    দুর্ঘটনার পরপরই সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। স্থানীয় লোকজন ও শ্রমিকরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে উল্টে যাওয়া ট্রাকটি সরানোর কাজ করেন। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
    প্রত্যক্ষদর্শীরা জানান, মহঝমপুর বাজারসহ তালতলা-বারদী সড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি ও কাদা জমে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
    এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও পণ্যবাহী যান চলাচল করে। দ্রুত সড়কটি সংস্কার না করা হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
    এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

  • সোনারগাঁয়ে ২১শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    সোনারগাঁয়ে ২১শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ২১০০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
    সোমবার (১১ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার জামপুর ও সাদিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
    অভিযানে জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় চান অ্যান্ড সূর্য ফিলিং স্টেশন সংলগ্ন কালভার্টের ভেতরে, মিরেরটেক বাজারের পশ্চিম পাশে, ফিলিং স্টেশনের পূর্ব পাশে এবং সাদিপুর ইউনিয়নের কাঠালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রায় ২ কিলোমিটার এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করা হয়।
    অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিল এবং তিতাস গ্যাসের সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী শবিউল আওয়াল।
    মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালিত এ অভিযানে অবৈধ গ্যাস লাইনের সোর্স পয়েন্ট কিলিং করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
    তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

  • মিলেমিশে রাতের আঁধারে আনন্দবাজার সংলগ্ন বালু উত্তোলন, হুমকির মুখে ঐতিহ্যবাহী হাট

    মিলেমিশে রাতের আঁধারে আনন্দবাজার সংলগ্ন বালু উত্তোলন, হুমকির মুখে ঐতিহ্যবাহী হাট

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদী খননের নামে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে বিলীনের শঙ্কায় পড়েছে শতবর্ষী ঐতিহ্যবাহী আনন্দবাজার হাট। নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এ হাটের পাশ থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করায় নদীর পাড় দুর্বল হয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর।

    স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) থেকে মুন্সিগঞ্জের চাকদা ড্রেজিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট) লিমিটেড মেঘনা নদী খননের কাজ পায়। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির পক্ষে সোনারগাঁয়ের মোমেন সিকদারের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় প্রশাসনকে ম্যানেজ করে নদী ড্রেজিংয়ের নামে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।
    এলাকাবাসীর দাবি, প্রতিদিন রাতের আঁধারে ১০ থেকে ১২টি ড্রেজার বসিয়ে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে আনন্দবাজার, ছনপাড়া, টেকপাড়া, খামারগাঁও ও পূর্ব দামোদরদী এলাকার বিস্তীর্ণ জনপদ। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।

    স্থানীয়রা জানান, আনন্দবাজার হাট শুধু একটি বাণিজ্যকেন্দ্র নয়, এটি এলাকার ইতিহাস, ঐতিহ্য ও মানুষের জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত মানুষ এ হাটে কেনাবেচার জন্য আসেন। হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান ও কর্মসংস্থান।

    এলাকাবাসীর অভিযোগ, সোনারগাঁ উপজেলা যুবদলের সদস্য ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানার নেতৃত্বে একটি প্রভাবশালী সিন্ডিকেট বালু উত্তোলনের সঙ্গে জড়িত। এ সিন্ডিকেটে সোনারগাঁ ও মেঘনা উপজেলার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এবং মেঘনা উপজেলার নলচর গ্রামের রবিউল্লাহ রবিসহ শতাধিক ব্যক্তি রয়েছেন বলে দাবি স্থানীয়দের।

    স্থানীয়রা আরও জানান, নদী ড্রেজিংয়ের কাজ দিনের বেলায় অনুমোদিত কাটিং ড্রেজারের মাধ্যমে করার নিয়ম থাকলেও রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে রাতে বালু উত্তোলনের চেষ্টা করা হলে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুলবে।
    ব্যবসায়ীরা বলেন, নদীর তীর ঘেঁষে বালু উত্তোলনের ফলে মাটির স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। এতে ভয়াবহ নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। ভাঙন শুরু হলে হাটের দোকানপাট, সড়ক ও আশপাশের বসতবাড়ি মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

    এলাকাবাসীর ভাষ্য, ইতোমধ্যে নদীর পাড়ের কয়েকটি অংশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে কয়েক বছরের মধ্যেই আনন্দবাজার হাটের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের জরুরি পদক্ষেপ দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

    অবৈধ বালু উত্তোলনের বিষয়ে মোমেন সিকদারের ছোট ভাই মামুন বলেন, “বিআইডব্লিউটিএ’র নিয়ম অনুযায়ী ইজারাদার নদী খননের কাজ করছে। আমার বড় ভাই শুধু কাজটি দেখভাল করছেন। যদি কেউ রাতের আঁধারে অবৈধভাবে বালু কাটে, তার দায়ভার আমাদের নয়। পারলে নিউজ করে ব্যবস্থা নেন।”

    এ বিষয়ে পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও যুবদল নেতা মাসুদ রানা বলেন, “আমি নদী থেকে বালু উত্তোলনের সঙ্গে জড়িত নই। সেখানে বালু কাটার জন্য আমার ড্রেজার ভাড়া দেওয়া হয়েছে।”

  • সোনারগাঁয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

    সোনারগাঁয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

    নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে অভিযান চালিয়ে মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

    রোববার (১০ মে) বিকেলে উপজেলার কাঁচপুর মাছ বাজারে পরিচালিত যৌথ অভিযানে ৮ কেজি ৮ শত গ্রাম পিরানহা মাছ জব্দ করা হয়। পাশাপাশি নিষিদ্ধ মাছ বিক্রি ও মজুদের অভিযোগে সোহেল নামে এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
    অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।
    অভিযান সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে কাঁচপুর মাছ বাজারে কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
    সিনিয়র উপজেলা

    মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, “মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
    সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, “পিরানহা মাছ বাজারে বিক্রি ও চাষ সরকারিভাবে নিষিদ্ধ। মাছটি দেখতে রুপচাঁদা মাছের মতো হওয়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিক্রি করছে।”

    তিনি আরও বলেন, “অভিযানে জব্দ করা মাছ বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

  • সোনারগাঁয়ের হাট কাঁপাবে সজিব/ফয়সাল ক্যাটল এন্ড এগ্রো ডেইরি ফার্মের গরু

    সোনারগাঁয়ের হাট কাঁপাবে সজিব/ফয়সাল ক্যাটল এন্ড এগ্রো ডেইরি ফার্মের গরু

    সজীব হোসেনের, আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কোরবানির জন্য বড় আকারের ৮টি ষাঁড় প্রস্তুত করেছে সজিব/ফয়সাল ক্যাটল এন্ড এগ্রো ডেইরি ফার্ম। ইতোমধ্যে এসব গরু দেখতে দূর-দূরান্ত থেকে খামারে ভিড় করছেন ক্রেতারা। অনেকেই আগাম পছন্দ করে অগ্রিম টাকা দিয়ে বুকিং দিচ্ছেন, আবার কেউ কেউ সরাসরি খামার থেকেই গরু কিনে নিয়ে যাচ্ছেন।
    সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মনাইরকান্দি এলাকায় অবস্থিত এই খামারটি ২০১৫ সালে মাত্র একটি গরু দিয়ে যাত্রা শুরু করে। খামারের কর্ণধার মো. সজীব জানান, তার বাবার অনুপ্রেরণায় ছোট পরিসরে শুরু হলেও বর্তমানে এটি একটি পরিচিত খামারে পরিণত হয়েছে।
    খামার কর্তৃপক্ষ জানায়, গরু মোটাতাজাকরণে কোনো ধরনের রাসায়নিক বা ক্ষতিকর ইনজেকশন ব্যবহার করা হয় না। সম্পূর্ণ প্রাকৃতিক ও অর্গানিক উপায়ে পশুর খাদ্য প্রস্তুত করা হয়। খাদ্য তালিকায় রয়েছে খৈল, ভুষি, খড়, সবুজ ঘাস, ছোলা ও ঝাউসহ বিভিন্ন পুষ্টিকর প্রাকৃতিক খাবার।
    খামারের আরেক কর্ণধার মো. ফয়সাল বলেন, “আমাদের খামারে বর্তমানে কোরবানির উপযোগী ৮টি বড় সাইজের গরু রয়েছে। গরুগুলোর লাইভ ওয়েট প্রায় ৬০০ থেকে ৯০০ কেজির বেশি। দাম ধরা হয়েছে সর্বনিম্ন ৪ লাখ টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত।”
    তিনি আরও বলেন, “প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা খামারে এসে গরু দেখছেন এবং বুকিং দিচ্ছেন। আশা করছি, এবারের কোরবানির ঈদে বিক্রি ভালো হবে।”
    যোগাযোগঃ
    মো. সজীব — ০১৮১৮-৭৩৮২৯২
    মো. ফয়সাল — ০১৭৩৪-০৫৭৫৫৬

  • সোনারগাঁয়ে অটোরিকশা উল্টে নিহত ১

    সোনারগাঁয়ে অটোরিকশা উল্টে নিহত ১

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা এ অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ইব্রাহিম মিয়া (৪৮) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
    নিহত ইব্রাহিম মিয়া রূপগঞ্জ উপজেলার সাহাপুর এলাকার রবিচন্দ্র সাহার ছেলে। তিনি একজন নওমুসলিম বলে জানা গেছে।
    ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জসিম উদ্দিন জানান, এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাব এলাকায় একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ইব্রাহিম মিয়া গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এ নেওয়ার পথে তার মৃত্যু হয়।
    তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

  • সোনারগাঁয়ে সৌদি প্রবাসীর বাড়িতে দিনে-দুপুরে চুরি, লুট ২২ লাখ টাকার মালামাল

    সোনারগাঁয়ে সৌদি প্রবাসীর বাড়িতে দিনে-দুপুরে চুরি, লুট ২২ লাখ টাকার মালামাল

    নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক সৌদি প্রবাসীর বাড়িতে দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা প্রায় ২২ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
    বুধবার (৭ মে) সকালে উপজেলার আনন্দবাজার টেঙ্গারচর এলাকার সৌদি প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী শামীমা আক্তার বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
    অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে শামীমা আক্তার ফার্নিচার কেনার উদ্দেশ্যে মোগরাপাড়া চৌরাস্তায় যান। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়ির বাথরুমের অ্যাডজাস্ট ফ্যান ভেঙে ঘরে প্রবেশ করে। পরে তরকারি কাটার বটি দিয়ে আলমারির তালা ভেঙে ভেতরে থাকা ১০ ভরি স্বর্ণ, ৩ ভরি রুপা, ২০০ সৌদি রিয়াল ও নগদ ৮০ হাজার টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
    ভুক্তভোগী শামীমা আক্তার জানান, বাড়ি ফাঁকা থাকার সুযোগে পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটানো হয়েছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা।
    এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিবুল্লাহ বলেন, “ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।”