Blog

  • সোনারগাঁয়ে ৪ চুনা কারখানা ও একটি ঢালাই কারখানা গুঁড়িয়ে দিল তিতাসের অভিযান

    সোনারগাঁয়ে ৪ চুনা কারখানা ও একটি ঢালাই কারখানা গুঁড়িয়ে দিল তিতাসের অভিযান

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪টি চুনা কারখানা ও একটি ঢালাই কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
    অভিযানে মল্লিকপাড়া এলাকায় ১টি, পিরোজপুর মুজাফফর ফাউন্ডেশন মাদরাসা সংলগ্ন ১টি, ঝাউচর মসজিদ সংলগ্ন ১টি এবং পিরোজপুর আমবাগান এলাকায় ১টিসহ মোট ৪টি চুনা কারখানা ও একটি ঢালাই কারখানা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
    অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম এবং তিতাস গ্যাসের মেঘনাঘাট জোনের ম্যানেজার প্রকৌশলী সুরঞ্জিত সেন।
    উচ্ছেদ অভিযানে এক্সকেভেটরের মাধ্যমে কারখানাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ ও পানি স্প্রে করা হয়।
    তিতাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি

    সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার গোয়ালদী গ্রামে অবস্থিত পাঁচশত আট বছরের পুরনো প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।

    বৃহস্পতিবার দুপুরে কমিটির আহবায়ক কবি শাহেদ কায়েসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওই শাহী মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেন। এর আগে এ কমিটি গত বছরের ৭ মার্চ ঐতিহাসিক জরাজীর্ণ এ মসজিদটি সংস্কার ও সংরক্ষণের দাবীতে মানববন্ধন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন।
    সেই দাবীর প্রেক্ষিতে চলতি বছর রমজান মাসে এ মসজিদের সংস্কার কাজ শুরু করে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
    ইতিমধ্যে এ মসজিদের প্রায় অর্ধেক সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।
    পরিদর্শন কালে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েস বলেন,
    “আমাদের কমিটির প্রধান লক্ষ্য হলো সোনারগাঁওয়ের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদকে যথাযথভাবে সুরক্ষা ও সংরক্ষণ করা। গবেষণা, ডকুমেন্টেশন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের মাধ্যমে আমরা এই অঞ্চলের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে দেশ-বিদেশে, বিশেষত নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা ২০২৪ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আনন্দের বিষয়, আমাদের ধারাবাহিক প্রচেষ্টার প্রেক্ষিতে সরকার সম্প্রতি গোয়ালদী শাহী মসজিদ-এর সংস্কার কার্যক্রম শুরু করেছে। এ জন্য আমরা সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমরা জোর দাবি জানাচ্ছি, সোনারগাঁওয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদগুলোর সংরক্ষণ ও সংস্কারের কাজও যেন দ্রুত শুরু করা হয়— যাতে আমাদের ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে সুরক্ষিতভাবে পৌঁছে দিতে পারি।”
    মুঘল আমলের স্থাপত্যকীর্তি পানাম সেতু, গোয়ালদী শাহী মসজিদ, কোম্পানিকা সেতু এবং প্রায় সাতশ বছরের প্রাচীন উপমহাদেশের প্রথম হাদিসচর্চা কেন্দ্র সংলগ্ন ঐতিহাসিক গ্রন্থাগার সংরক্ষণের দাবিতে মানববন্ধন এবং সংস্কৃতি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান এবং এর অনুলিপি বিভিন্ন সংবাদমাধ্যমে পাঠানো হয়েছে। এছাড়া সোনারগাঁও প্রেস ক্লাবে এই বিষয়ক একটি সেমিনারের আয়োজনও করা হয়েছিল।
    পরিদর্শন কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
    সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির যুগ্ম আহবায়ক কবি রহমান মুজিব, সদস্য সচিব রবিউল হুসাইন, সদস্য মোয়াজ্জেনুল হক প্রমুখ।

  • সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করেছেন এমপি আজহারুল ইসলাম মান্নান

    সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করেছেন এমপি আজহারুল ইসলাম মান্নান

    নিজস্ব প্রতিবেদক: জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিতকরণে মানবিক সহায়তার অংশ হিসেবে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নিজ অর্থায়নে ৬০০ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান।
    ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার জনাব আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মহিবুল্লাহ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত।
    এ সময় বক্তারা বলেন, জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনের সহজলভ্যতা নিশ্চিত করা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    স্থানীয়রা সংসদ সদস্যের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

  • আবেদন করার ১ ঘন্টার মধ্যে হুইলচেয়ার নিয়ে হাজির ইউএনও

    আবেদন করার ১ ঘন্টার মধ্যে হুইলচেয়ার নিয়ে হাজির ইউএনও

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জে দ্রুত সেবাদানের এক নজির স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিন্নাত। আবেদনের মাত্র এক ঘণ্টার মধ্যেই জন্মগত প্রতিবন্ধী রাজু (২৮)-এর হাতে তুলে দেওয়া হয়েছে একটি হুইলচেয়ার।
    বুধবার (৬ মে) সকালে উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে কাঁচপুর ইউনিয়নের ললাটি গ্রামে রাজুর বাড়িতে গিয়ে ইউএনও নিজেই এই সহায়তা পৌঁছে দেন।
    পরিবার সূত্রে জানা যায়, রাজু মো. জাকির হোসেন ও হাফেজা বেগম দম্পতির বড় ছেলে। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধিতার কারণে সে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী জীবনযাপন করছে। আর্থিক সংকটের কারণে এতদিন তার জন্য একটি হুইলচেয়ার কেনা সম্ভব হয়নি।
    রাজুর বাবা মো. জাকির হোসেন জানান, “এই হুইলচেয়ার আমাদের জন্য অনেক বড় পাওয়া। এখন আমার ছেলে কিছুটা হলেও চলাফেরা করতে পারবে। সকালে স্থানীয় এক বিএনপি কর্মীর মাধ্যমে আবেদন করি, আর মাত্র এক ঘণ্টার মধ্যেই ইউএনও স্যার নিজে এসে হুইলচেয়ার দিয়ে যান—এটা সত্যিই অবিশ্বাস্য।”
    এ বিষয়ে ইউএনও আসিফ আল জিন্নাত বলেন, রাজু জন্মগতভাবে প্রতিবন্ধী হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। আবেদন পাওয়ার পরপরই দ্রুত ব্যবস্থা নিয়ে তার বাড়িতে হুইলচেয়ার পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “উপজেলা প্রশাসনের কাছে কেউ সহায়তা চাইলে আমরা চেষ্টা করি দ্রুততম সময়ে তা নিশ্চিত করতে।”
    এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন, স্থানীয় নেতাকর্মী এবং রাজুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সোনারগাঁয়ে কলতাপাড়া ফাযিল মাদরাসার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে কলতাপাড়া ফাযিল মাদরাসার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে অবস্থিত কলতাপাড়া ফাযিল মাদরাসার নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকালে মাদরাসা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
    নবনির্বাচিত সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যুৎ শাহী সারোয়ার, দাতা সদস্য মনির হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য আনছার আলী, সানাউল্লাহ, নজরুল, জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য লুৎফর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    সভায় বক্তব্যে সভাপতি মোশারফ হোসেন বলেন, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সঠিকভাবে পালনের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে মাদরাসার শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি প্রতিষ্ঠানের যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন তিনি।
    প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি নজর বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানকে নিজেদের মনে করে দায়িত্বশীলভাবে পরিচালনা করার আহ্বান জানান তিনি।
    সভা শেষে নবগঠিত কমিটির সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

  • সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
    গতকাল মঙ্গলবার (৫ মে) রাত ৯টা ১০ মিনিটে সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নের উত্তর পিরোজপুর এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে বালুর মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।
    গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হুমায়ুন কবির বাদশা (৩৫), হাবিবপুর (চরমালিখালী) আজহারুল ইসলামের ছেলে ও মোঃ সেলিম (৪২), গজারিয়া উপজেলার টানবখালী এালকার মৃত আব্দুল মতিনের ছেলে।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ হারুন মিয়ার নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
    এ সময় তাদের কাছ থেকে দুটি সাদা পলিথিনে মোড়ানো মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট (প্রায় ৩ গ্রাম) উদ্ধার করা হয়।
    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১০(ক) ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

    সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যে কোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

  • সোনারগাঁওয়ে ব্র্যাকের উদ্যোগে খামারীদের মাঝে উপকরণ বিতরণ

    সোনারগাঁওয়ে ব্র্যাকের উদ্যোগে খামারীদের মাঝে উপকরণ বিতরণ

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় প্রান্তিক গরুর খামারীদের সহায়তায় উপকরণ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। যুব কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের আওতায় আয়োজিত এ উদ্যোগে ২০ জন খামারীর মাঝে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।
    বুধবার সকাল ১১টায় উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের চরনোয়াগাঁ এলাকায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক নারায়ণগঞ্জ-৩ অঞ্চলের প্রগতি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক জিন্নাহ আহমেদ খান।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহজমপুর এলাকার এলাকা ব্যবস্থাপক আলমগীর আলী খান, মহজমপুর শাখা অফিসের সিনিয়র শাখা ব্যবস্থাপক ফারুক মিয়া এবং সোনারগাঁও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা তোবারক হোসেন।
    আয়োজকরা জানান, প্রত্যেক খামারীকে একটি করে সিলিং ফ্যান, একটি গরুর মশারি, ১ কেজি সবুজ ঘাসের বীজ এবং গরুর কৃমিনাশক ট্যাবলেট বিনামূল্যে প্রদান করা হয়েছে।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, খামারীদের উৎপাদন ব্যয় কমানো এবং গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে গরম মৌসুমে সিলিং ফ্যান ও মশারি গরুর স্বাস্থ্যের জন্য সহায়ক হবে এবং সবুজ ঘাসের বীজ পশুখাদ্যের ঘাটতি পূরণে কার্যকর ভূমিকা রাখবে।
    ব্র্যাকের কর্মকর্তারা জানান, ভবিষ্যতে খামারীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা আধুনিক পদ্ধতিতে খামার পরিচালনা করে আরও লাভবান হতে পারেন।
    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের ইডিইউ প্রোগ্রামের জুবায়ের আহমেদ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী খামারীরা উপস্থিত ছিলেন।
    উপকারভোগীরা জানান, ব্র্যাকের এ উদ্যোগ তাদের খামার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং ভবিষ্যতে আরও সহায়তা প্রত্যাশা করেন তারা।

  • নতুন কুঁড়ি স্পোর্টসে সোনারগাঁ বালিকা দলের দাপট, ফাইনালে উঠলো ৩-০ জয়ে

    নতুন কুঁড়ি স্পোর্টসে সোনারগাঁ বালিকা দলের দাপট, ফাইনালে উঠলো ৩-০ জয়ে

    নিজস্ব প্রতিবেদক: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে দারুণ এক জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে সোনারগাঁ উপজেলা বালিকা দল। রূপগঞ্জ উপজেলা বালিকা দলকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে এই সাফল্য অর্জন করে তারা।
    সোমবার (৪ মে) বিকেল ৪টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ পৌর ওসমানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সোনারগাঁ। তবে একের পর এক সুযোগ তৈরি করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি দলটি।
    দ্বিতীয়ার্ধে চিত্র পুরোপুরি বদলে যায়। সোনারগাঁর ফরোয়ার্ড নুর মনি দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে একাই তিনটি গোল করেন। তার গতির সামনে কার্যত অসহায় হয়ে পড়ে রূপগঞ্জের রক্ষণভাগ। হ্যাটট্রিক করে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন নুর মনি।
    এই জয়ের ফলে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সোনারগাঁ উপজেলা বালিকা দল। আগামী ৯ মে সকাল ১০টায় নারায়ণগঞ্জ পৌর ওসমানী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে নারায়ণগঞ্জ সদর উপজেলা বালিকা দল।

  • সোনারগাঁয়ে অজ্ঞাতপরিচয় বৃদ্ধা উদ্ধার, পরিবারের সন্ধান চায় স্থানীয়রা

    সোনারগাঁয়ে অজ্ঞাতপরিচয় বৃদ্ধা উদ্ধার, পরিবারের সন্ধান চায় স্থানীয়রা

    সোনারগাঁয়ে অজ্ঞাতপরিচয় বৃদ্ধা উদ্ধার, পরিবারের সন্ধান চায় স্থানীয়রা
    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুলালপুর এলাকায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধাকে পাওয়া গেছে। সোমবার সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা তাকে ঘোরাফেরা করতে দেখেন। পরে বিকেল আনুমানিক ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্বেচ্ছাসেবী সংগঠন জাগো তারুণ্য ফাউন্ডেশন।
    জানা যায়, দুলালপুর এলাকার মার্বেল ফ্যাক্টরির পেছনে, পানাম সিটি হাই স্কুলের পাশ থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৭০ বছরের বেশি। তবে তিনি নিজের নাম-ঠিকানা বা গ্রামের কোনো তথ্য স্পষ্টভাবে জানাতে পারছেন না।
    বর্তমানে স্থানীয়দের তত্ত্বাবধানে রয়েছেন ওই বৃদ্ধা। ধারণা করা হচ্ছে, তিনি পথ হারিয়ে এ এলাকায় চলে এসেছেন।
    এ বিষয়ে জাগো তারুণ্য ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো ব্যক্তি তার পরিচয় শনাক্ত করতে পারেন বা পরিবারের খোঁজ জানেন, তাহলে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
    যোগাযোগ:
    জাগো তারুণ্য ফাউন্ডেশন
    মোবাইল: ০১৮৪৫৫৫২৫৪৬
    স্থানীয়দের মতে, দ্রুত তার পরিবারের সন্ধান পাওয়া গেলে তাকে নিরাপদে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।

  • সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

    সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

    নিজ্স্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৪ মে ২০২৬) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার দড়িকান্দি এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী মেইন রোডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
    পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এসআই (নিঃ) মাছুম লাভলু ও এএসআই (নিঃ) আহাদ মিয়ার নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়।
    গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ শফিকুল ইসলাম (৩৪)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী থানার কান্দিগাও গ্রামের মৃত জহর আলীর ছেলে। বর্তমানে তিনি সোনারগাঁ উপজেলার হাতকোপা এলাকায় কামাল ঠিকাদারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
    অভিযানকালে তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
    সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দণ্ডবিধি আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। পাশাপাশি মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

  • সোনারগাঁয়ে তক্ষকসহ দুই পাচারকারী আটক, জরিমানা

    সোনারগাঁয়ে তক্ষকসহ দুই পাচারকারী আটক, জরিমানা

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিলুপ্তপ্রায় প্রাণী তক্ষকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজা সংলগ্ন চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
    আটককৃতরা হলেন—রংপুর জেলার তারাগঞ্জ থানার খাইরিয়াল খুটির এলাকার ইসমাঈলের ছেলে মো. খায়রুল ইসলাম (৪৬) এবং কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বড়ধনপুর এলাকার সিদ্দিকের স্ত্রী তানজিনা (৩৫)।
    ঘটনার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০২৬-এর ১০ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ৪৪(১) ধারায় তাদের প্রত্যেককে মোট ৫ হাজার টাকা জরিমানা করেন।
    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান জানান, চট্টগ্রামের লালমাই পাহাড় এলাকা থেকে একটি জীবিত তক্ষক বাসযোগে ঢাকায় পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি জীবিত তক্ষক উদ্ধার এবং পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
    পরে উদ্ধারকৃত তক্ষকটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
    অভিযানকালে সোনারগাঁ জোনের ফরেস্ট অফিসার সাব্বির হোসেন, এসআই আরিফসহ সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • হোসেনপুর শিশু বিদ্যানিকেতনে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন

    হোসেনপুর শিশু বিদ্যানিকেতনে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হোসেনপুর শিশু বিদ্যানিকেতনে বার্ষিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং SKA বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
    শনিবার (২ মে ২০২৬) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানটি হোসেনপুর ডিগ্রি কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।
    প্রতিষ্ঠানের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মোস্তাক আহম্মেদ, মো. রাশেদুল ইসলাম, মো. আশরাফুল আলম, মো. আব্দুল বাছেদ, মো. মেজবাহ উদ্দিন আহম্মেদ (স্বপন), মো. আরিফুল ইসলাম (রিপন), মো. শফিকুল ইসলাম ও মো. আনিছুল রহমান।
    এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. জাফর ইকবাল (জুয়েল) এবং অধ্যক্ষ মো. আরিফা আক্তারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
    প্রধান অতিথির বক্তব্যে মো. আক্তার হোসেন বলেন, হোসেনপুর শিশু বিদ্যানিকেতন একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। তিনি শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায় প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এর পাশে থাকার আশ্বাস দেন।
    সভাপতির বক্তব্যে মো. মোয়াজ্জেম হোসেন বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করা সময়ের দাবি। তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
    সকাল ১১টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য, গান, আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
    বিকালে আমন্ত্রিত অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

  • সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউসে সশস্ত্র ডাকাতি, ৭ লাখ টাকা ও ই-মানি লুটের অভিযোগ

    সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউসে সশস্ত্র ডাকাতি, ৭ লাখ টাকা ও ই-মানি লুটের অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি নগদ ডিস্ট্রিবিউশন হাউসে সশস্ত্র হামলা ও ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী প্রতিষ্ঠান মালিক।
    এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় জালাল টাওয়ারের ৪র্থ তলায় অবস্থিত ‘টি-এন্টারপ্রাইজ’ নামের একটি নগদ ডিস্ট্রিবিউশন হাউসে শনিবার (২ মে ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
    অভিযোগে উল্লেখ করা হয়, পশ্চিম সনমান্দি এলাকার বাসিন্দা শহিদুল্লাহর ছেলে রবিউল আউয়াল পিন্টু (৩০) তার নেতৃত্বে অজ্ঞাতনামা ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ অফিসে অনধিকার প্রবেশ করে। তাদের হাতে একটি শর্টগান, কয়েকটি পিস্তল, রামদা, চাপাতি ও ছুরি ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। রবিউল আউযার পিন্টু কেন্দ্রীয় জিয়া পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক বলে জানা যায়। সোনারগাঁয়ে বিভিন্ন বিএনপি নেতা সাথে তার ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
    এসময় হামলাকারীরা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে এবং তাদের জিম্মি করে ফেলে। পরে তারা অফিসের ক্যাশে থাকা নগদ ৭ লাখ টাকা, প্রায় ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ৫টি স্মার্টফোন, সিমকার্ডসহ সিসিটিভি ডিভিআর ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
    ভুক্তভোগীর দাবি, লুট হওয়া মোবাইল ফোনগুলোর সিমে প্রায় ১ কোটি টাকার ই-মানি ব্যালেন্স ছিল। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করে এ ডাকাতি সংঘটিত করেছে।
    এ ঘটনায় মামলা করলে প্রাণনাশের হুমকি ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।
    এ বিষয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সোনারগাঁওয়ে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

    সোনারগাঁওয়ে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

    নিউজ সোনারগাঁ :  সোনারগাঁওয়ে দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার  (২ মে) সকাল ১১টায় সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

    অনুষ্ঠানে দেশ রূপান্তর পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি রবিউল হুসাইন এর সভাপতিত্বে ও সোনারগাঁও প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায়  প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁওয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্নসম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েস, বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাবেক সভাপতি কবি রহমান মুজিব, সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আল আমিন তুষার, দৈনিক নয়া দিগন্ত  পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি হাসান মাহমুদ রিপন, উদীচী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ ও সোনারগাঁও সাহিত্য নিকেতনের শিক্ষা ও গবেষণা সম্পাদক কবি মোয়াজ্জেনুল হক।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও প্রেস ক্লাবের প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন,  একাত্তর টেলিভিশনের সোনারগাঁও প্রতিনিধি শেখ ফরিদ, সংগঠক রোকেয়া আক্তার,  কবি ও সাংবাদিক এরশাদ হুসাইন অন্য, সোনারগাঁও  রিপোর্টাস ক্লাবের যুগ্ম সম্পাদক ইমরান হোসেন, সাংবাদিক কামরুল ইসলাম পাপ্পু, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সদস্য রামীম হাসান প্রমুখ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকা শুরু থেকেই ব্যতিক্রমী সংবাদের মাধ্যমে পাঠকের মনজয় করেছে।

    এ পত্রিকা জনগণের পাশে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে আমরা এটাই প্রত্যাশা করছি।

    বক্তারা আরো বলেন, বর্তমানে এ পত্রিকায় জনাব  মুস্তাফিজ শফি সম্পাদক হিসেবে যোগদান করেছেন। তিনি ইতিমধ্যে এ পত্রিকায় অনেক নতুনত্ব এনেছেন। আশা করি এ পত্রিকা আরো বেশি পাঠক প্রিয় হবে।

    আলোচনা শেষে কেক কেটে দেশ রূপান্তরের সাত বছর পূর্তি উদযাপন করা হয়।

  • সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

    সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

    নিউজ সোনারগাঁ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, ট্রাক চালক মোহাম্মদ আলী (৩৫) এবং ট্রাকটিতে বহন করা আনারসের মালিক মনির খলিফা (২৮)। তারা ঘটাস্থলেই নিহত হয়েছেন বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ কাঁচপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম আহমেদ। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১ মে) দিবাগত রাত ২টার দিকে।

    নিহত ট্রাক চালক মোহাম্মদ আলী বরিশালের মেহেন্দিগঞ্জের সেকান্দর আলী মাঝির ছেলে। মনির খলিফা খাগড়াছড়ি জেলার মানিকছরির গোপামারা এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে।

    ওসি শামিম আহমেদ জানান, সোনারগাঁ থানাধীন টিপরদী এলাকায় চৈতি গার্মেন্টসের বিপরীত পাশে ঢাকামুখী লেনে একটি মিনিট্রাক সামনে থাকা অজ্ঞাত একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মিনিট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

    খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করেন।

  • সোনারগাঁ থানায় নতুন ওসির যোগদান, দায়িত্ব নিলেন গোলাম সারোয়ার

    সোনারগাঁ থানায় নতুন ওসির যোগদান, দায়িত্ব নিলেন গোলাম সারোয়ার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গোলাম সারোয়ার। তিনি এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
    জানা গেছে, সোনারগাঁ থানার বিদায়ী ওসি মুহিববুল্লাহকে বদলি করে নারায়ণগঞ্জ জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে গোলাম সারোয়ার আনুষ্ঠানিকভাবে সোনারগাঁ থানার দায়িত্বভার গ্রহণ করেন।
    নতুন ওসি গোলাম সারোয়ার দায়িত্ব গ্রহণের পর সোনারগাঁ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সোনারগাঁ একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের আস্থা অর্জনই হবে আমার প্রধান লক্ষ্য।”
    এদিকে, নতুন ওসির যোগদানে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রত্যাশা দেখা গেছে। তারা আশা করছেন, নতুন নেতৃত্বে থানার কার্যক্রম আরও গতিশীল হবে এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
    উল্লেখ্য, সোনারগাঁ থানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হওয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা হিসেবে বিবেচিত। ফলে এখানকার আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।