নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, প্রতিটি রোগীকে নিজের পরিবারের সদস্য মনে করে আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিতে হবে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তিগত অর্থায়নে জরুরি ওষুধ প্রদানকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক মডেল হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে এবং চিকিৎসাসেবায় কোনো ধরনের ত্রুটি সহ্য করা হবে না। অতীতে হাসপাতালটির নাজুক অবস্থা এলাকাবাসীর জন্য কষ্টের কারণ ছিল বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় তিনি বলেন, তাঁর নিজের ভাইও যথাযথ চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন, যা তাঁর জীবনের একটি বেদনাদায়ক অভিজ্ঞতা। জরুরি ওষুধের অভাবে চিকিৎসা ব্যাহত হওয়ার বিষয়টি জেনে তিনি নিজ উদ্যোগে ওষুধ সরবরাহ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের সংকট আর হতে দেওয়া হবে না বলে আশ্বাস দেন।
এমপি মান্নান আরও বলেন, সোনারগাঁয়ের মানুষ যেন উন্নত চিকিৎসার জন্য ঢাকামুখী না হয়, সে লক্ষ্যেই ২৪ ঘণ্টা কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অবহেলা বরদাশত করা হবে না।
তিনি জানান, হাসপাতালের পুরোনো ভবন সংস্কার, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট দপ্তরে ইতোমধ্যে সুপারিশ করা হয়েছে। খুব শিগগিরই দৃশ্যমান উন্নয়ন শুরু হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুমাইয়া ইয়াকুব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়াসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
Blog
-

প্রতিটা রোগীকে নিজের মনে করে চিকিৎসা দিতে হবে: এমপি মান্নান
-

সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মদনপুর-গাজীপুর এশিয়ান হাইওয়ে সড়কের হাতুড়াপাড়া এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।বুধবার (৮ এপ্রিল) দুপুরে জামপুর ইউনিয়নের হাতুড়াপাড়া এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মদনপুর-গাজীপুর এশিয়ান হাইওয়ে সড়কটি অত্যন্ত ব্যস্ত একটি সড়ক, যেখানে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। আশপাশে অবস্থিত স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, কমিউনিটি হাসপাতাল ও ফিলিং স্টেশনসহ অন্তত ১০ থেকে ১২টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু নিরাপদ পারাপারের কোনো ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে তাদের রাস্তা পার হতে হচ্ছে।বক্তারা আরও অভিযোগ করেন, সড়ক ও জনপদ বিভাগ আন্ডারপাস নির্মাণের ব্যবস্থা না করেই সড়কের উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে, যা স্থানীয়দের জন্য চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে।এ সময় দ্রুত আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। অন্যথায়, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। -

সোনারগাঁয়ে গোয়ালঘর থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ধৃত আসামিরা হলেন— মাহস (৩০), পিতা- ইসলাম; সিরাজুল (৩০), পিতা- আলি আহম্মদ; এবং মো. শাহজাহান (৪৮), পিতা- সৈয়দ আলী। তাদের মধ্যে মাহস ও সিরাজুলের বাড়ি ইসলামপুর এবং শাহজাহানের বাড়ি কাদিরগঞ্জ এলাকায়। সকলেই পিরোজপুর ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় তোফাজ্জল (৩৫) নামে এক ব্যক্তির গোয়ালঘরে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে কথিত ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। -

কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার
নিউজ সোনারগাঁ :নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় দিঘি থেকে এক অজ্ঞাতনামা লাষ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) সকালে কাঁচপুর বাজার সংলগ্ন পশ্চিম বেহাকুর এলাকার একটি দিঘি থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচপুর বাজার সংলগ্ন পশ্চিম বেহাকুর এলাকার একটি দিঘির পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, লাশটির পরিচয় শনাক্তে কাজ চলছে। আশেপাশের থানাগুলোতে নিখোঁজ সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
-

বাড়ছে চার্জার ফ্যান কেনার হিড়িক, সোনারগাঁয়ে চাহিদা তুঙ্গে
নিউজ সোনারগাঁ : অব্যাহত লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাধারণ মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে। বিশেষ করে গরমের তীব্রতায় পরিস্থিতি আরও অসহনীয় হয়ে ওঠায় বিকল্প হিসেবে চার্জার ফ্যানের দিকে ঝুঁকছেন সবাই।
উপজেলার বিভিন্ন ইলেকট্রিক দোকান ঘুরে দেখা গেছে, গত কয়েক সপ্তাহে চার্জার ফ্যানের বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। ক্রেতাদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। অনেক দোকানে জনপ্রিয় মডেলের ফ্যান ইতোমধ্যেই স্টক আউট হয়ে গেছে।
কাঁচপুর, মোগরাপাড়া ও বৈদ্যেরবাজার এলাকার একাধিক দোকানি জানান, আগে যেখানে দিনে ২-৩টি চার্জার ফ্যান বিক্রি হতো, এখন সেখানে প্রতিদিন ১০-১৫টি পর্যন্ত বিক্রি হচ্ছে। হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় কিছু ক্ষেত্রে দামও কিছুটা বেড়েছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় শিশু ও বয়স্কদের নিয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। রাতে ঘুমানোও কষ্টকর হয়ে উঠছে। এ অবস্থায় চার্জার ফ্যানই তাদের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ ঠিক রাখতে তারা ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে অতিরিক্ত পণ্য আনানোর চেষ্টা করছেন। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।
সচেতন মহল মনে করছেন, দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে এবং চার্জার ফ্যানের বাজারে চাপ অব্যাহত থাকবে। -

সোনারগাঁয়ে ৫টি অবৈধ চুনা ফ্যাক্টরী গুড়িয়ে দিলো প্রশাসন
নিউজ সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ-এ ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫টি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ পৌরসভা ও পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে এসব কারখানা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিফ আল তাওহিদ। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি-এর কর্মকর্তা, সোনারগাঁ থানা পুলিশ ও সোনারগাঁ ফায়ার সার্ভিস উপস্থিত ছিলেন।
অভিযানে পিরোজপুর ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত ৫টি কারখানা উচ্ছেদ করা হয়। এছাড়া একটি রেস্টুরেন্টে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে মালিককে ২৫ হাজার এবং অপর একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন জানায়, এসব কারখানায় প্রতিদিন প্রায় ৫৬ হাজার ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল, ফলে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছিল। অভিযানে প্রায় ১১০০ ফুট পাইপ জব্দ করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। -

সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে ফলের গাছ কেটে ফেলা, কুপিয়ে আহত ১
সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে ফলের গাছ কেটে ফেলা, কুপিয়ে আহত ১
নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সেকেরহাট এলাকায় পূর্ব শত্রুতার জেরে ফলের গাছ কেটে ফেলা ও এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
শনিবার (৪ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি রুবেল ভুঁইয়া, যিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার আব্দুল জলিল, আল মুজাহিদ, সুমি আক্তারসহ ৪-৫ জনের একটি সংঘবদ্ধ দল মাহফুজ ভুঁইয়ার পৈত্রিক সম্পত্তিতে থাকা বিভিন্ন ফলজ গাছ জোরপূর্বক কেটে ফেলে এবং জমি দখলের চেষ্টা চালায়। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
মাহফুজ ভুঁইয়া অভিযোগ করে বলেন, বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তার বড় ভাই রুবেল ভুঁইয়াকে দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এ সময় হামলাকারীরা তার সঙ্গে থাকা নগদ ৫ হাজার টাকাও ছিনিয়ে নেয়। পাশাপাশি তারা পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
ঘটনার পর মাহফুজ ভুঁইয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। -

সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
সোনারগাঁয়ে অভিযান: ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে ৬৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কবীর (৩৪), সাদিপুর ইউনিয়নের গংগাপুর গ্রামের মফিমজউদ্দীন, এবং রনি (৩২), জামপুর ইউনিয়নের মিমেরবাগ এলাকার শাহ আলমের ছেলে। বর্তমানে তিনি নানার বাড়ি (আদম আলী), গংগাপুর কালিবাড়ি, ইউপি সাদিপুর এলাকায় বসবাস করেন।আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে কবীরের বসতবাড়ির দ্বিতীয় তলার পূর্ব পাশের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৩ (তেষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। -

র্যাব-১১ এর অভিযানে সোনারগাঁওয়ে বিপুল মাদক উদ্ধার, দুইজন আটক;
র্যাব-১১ এর অভিযানে সোনারগাঁওয়ে বিপুল মাদক উদ্ধার, দুইজন আটক; রূপগঞ্জে ম্যাগাজিন ও গুলি উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় র্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। একই দিনে পৃথক অভিযানে রূপগঞ্জ এলাকা থেকে পিস্তলের ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ এপ্রিল ২০২৬ তারিখ ভোর ৪টা ৩০ মিনিটে সোনারগাঁও থানার চেঙ্গাইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০২৩ বোতল ফেনসিডিল, ২৬ কেজি গাঁজা, স্কাফ সিরাপ এবং একটি বিদেশি মদের বোতলসহ দুইজনকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন সুজন মোল্লা (২১), ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ভন্ডবাসা গ্রামের বাসিন্দা এবং জাবেদ (৩৫), নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার বাসটেকি এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, আটককৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এদিকে, একই দিনে রাত ২টার দিকে রূপগঞ্জ থানার মাসুমপুর এলাকায় পৃথক আরেকটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তলের ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ম্যাগাজিন ও গুলি রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ আরও জানায়, মাদক নির্মূল ও অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। -

সোনারগাঁ এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের যাকারিয়া প্রধান
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন গণঅধিকার পরিষদের নেতা যাকারিয়া প্রধান। তিনি আনুষ্ঠানিকভাবে সোনারগাঁ এনসিপিতে যোগ দিয়েছেন।
আজ সোনারগাঁ এনসিপির এক পরিচিতি সভায় কেন্দ্রীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, সোনারগাঁ শাখার প্রধান সমন্বয়ক শাকিল সাইফুল্লাহ এবং সোনারগাঁ এনসিপি শাখার আহ্বায়ক পনির খন্দকারের উপস্থিতিতে হাত মিলিয়ে তিনি দলে যোগদানের ঘোষণা দেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
যাকারিয়া প্রধান পূর্বে গণঅধিকার পরিষদের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনীতিতে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন।
তার এ যোগদানের ফলে সোনারগাঁর রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে, শিগগিরই আরও কয়েকজন নেতাকর্মীর এনসিপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
দলীয় সূত্র জানায়, সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন স্তরের অভিজ্ঞ নেতাদের দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। -

সোনারগাঁও সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁও সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২ এপ্রিল) কলেজ ক্যাম্পাসজুড়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সুস্থ দেহে সুন্দর মন” স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
দিনব্যাপী প্রতিযোগিতায় ছাত্রীদের মিউজিক্যাল চেয়ার, ছাত্রদের ভলিবল ও মোরগ যুদ্ধের পাশাপাশি শিক্ষকদের মিনি গোলবারে বল নিক্ষেপ, শিক্ষিকাদের পিলো পাসিং এবং চতুর্থ শ্রেণির কর্মচারীদের ঝুড়িতে বল নিক্ষেপ ছিল বিশেষ আকর্ষণ।
দুপুরে কলেজের মুক্তমঞ্চে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ও পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোজামেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জান্নাতুল ফেরদৌস।
এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজুল ইসলাম হায়দার, আইসিটি বিভাগের প্রভাষক আল মামুন সিকদার এবং মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক এলিজা আক্তার।
প্রতিযোগিতার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে কলেজ বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, এবারের ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ ও ২০০ মিটার দৌড়, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, লৌহ গোলক নিক্ষেপ, ব্যাডমিন্টন, ফুটবল ও ভলিবলসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। সফলভাবে আয়োজন সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে কলেজ প্রশাসন। -

এক যুগ পেরিয়ে নতুন প্রত্যয়ে এগিয়ে চলছে নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম
পাঠক, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় ১২ বছরে পদার্পণ করেছে জনপ্রিয় এই অনলাইন সংবাদমাধ্যম।
২০১৪ সালের ৩১ মার্চ যাত্রা শুরু করে নিউজ সোনারগাঁ। শুরু থেকেই সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন ও স্থানীয় মানুষের কণ্ঠস্বর তুলে ধরার প্রত্যয়ে একঝাঁক তরুণ ও উদ্যমী সাংবাদিকদের নিয়ে পথচলা শুরু হয়। প্রতিষ্ঠালগ্নে সোনারগাঁ জেলা অডিটোরিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, কায়সার হাসনাত, আওয়ামী লীগের সাবেক সভাপতি সামসুল ইসলাম ভুইয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
দীর্ঘ এই পথচলায় নানা চড়াই-উতরাই পেরিয়ে নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম আজ স্থানীয় সংবাদমাধ্যমের একটি নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত। সোনারগাঁয়ের জনপদের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও মানুষের কথা তুলে ধরার পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে প্রকাশ করে আসছে এই প্ল্যাটফর্ম।
এই ১২ বছরের অর্জনের পেছনে সবচেয়ে বড় শক্তি ছিল পাঠকদের আস্থা ও ভালোবাসা। তাদের উৎসাহ, সমর্থন এবং গঠনমূলক মতামতই সংবাদমাধ্যমটিকে প্রতিনিয়ত সামনে এগিয়ে যেতে প্রেরণা জুগিয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে সংশ্লিষ্ট সকল পাঠক, শুভাকাঙ্ক্ষী, বিজ্ঞাপনদাতা এবং সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে নিউজ সোনারগাঁ পরিবার। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ, নির্ভুল ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
এক যুগের অভিজ্ঞতা আর আস্থাকে পাথেয় করে আগামী দিনগুলোতেও আরও শক্তিশালী ও দায়িত্বশীল সাংবাদিকতা উপহার দেওয়ার প্রত্যয়ে এগিয়ে চলেছে নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর -

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৭
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জের ধরে রাসেল ও আব্দুল হামিদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি এবং আহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। -

সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বুধবার (১ এপ্রিল) উপজেলার কাচপুর এলাকার সোনাপুরের মেম্বার গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আশরাফুল ইসলাম ও মো. সারোয়ার। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। পরে দেহ তল্লাশি চালিয়ে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানা পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। -

সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট
সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে চাঁদা না দেওয়ায় এক বিএনপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আবুল হোসেন ফ্রেশ কোম্পানির সঙ্গে স্ক্র্যাপ ব্যবসার সঙ্গে জড়িত। মঙ্গলবার রাতে তার একটি ট্রাক আটকিয়ে স্থানীয় রতন গংয়ের নেতৃত্বে সন্ত্রাসীরা ১ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে রাতেই ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল তার বাড়িতে হামলা চালায়।
ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং নগদ প্রায় ৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় হামলায় অন্তত ৪ জন আহত হন।
আবুল হোসেন আরও জানান, এর আগেও তার ট্রাক আটকিয়ে ৩০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিববুল্লাহ জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
