Blog

  • কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি : ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

    কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি : ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘রমজানের মাহাত্ম্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার বিকেলে উপজেলার অভিজাত রেস্টুরেন্ট Panam Food Park-এ মোগরাপাড়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডুকেশন সোসাইটির পরিচালক, বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সেক্রেটারি ও দেশ বরেণ্য শিক্ষাবিদ ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি। তাই আমরা মুসলিম হলেও আমাদের আচরণ সঠিকভাবে গড়ে উঠেনি।” তিনি আরও বলেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন-এর একমাত্র সংসদ সদস্যের সঙ্গে মাননীয় স্পিকারের আচরণ গ্রহণযোগ্য নয়।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামি নারায়ণগঞ্জ মহানগর কর্মপরিষদের সদস্য মাওলানা মো. সাইফুদ্দিন মনির। তিনি বলেন, যারা নিজেকে আল্লাহ-সচেতন মনে করেন, তাদের আল্লাহ সম্পর্কে জানতে হবে এবং তা মেনে চলতে হবে। এর বাইরে নিজেকে মুসলিম দাবি করার সুযোগ নেই।

    মোগরাপাড়া ইউনিয়ন জামায়াত নেতা আল আমিনের সভাপতিত্বে এবং জামায়াত নেতা শাহআলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামায়াতের সহ-সেক্রেটারি সোহেল রানা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সোরহাব হোসাইন।

    এ সময় আরো বক্তব্য দেন সোনারগাঁ উপজেলা উত্তর জামায়াতের আমীর মাওলানা ইসহাক এবং সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামায়াতের সহ-সেক্রেটারি আসাদুল ইসলাম আসাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

  • সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩

    সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩

    সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩
    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই করেছে অজ্ঞাত ছিনতাইকারী দল। এ সময় ছিনতাইকারীদের হামলায় আমিন (১৬) নামে এক কর্মচারী গুরুতর আহত এবং মো. হযরত (৪০) ও ওয়াসিম (৪০) আহত হয়েছেন।
    শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেরিখালী ব্রিজের নিচে ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে।
    ভুক্তভোগী ব্যবসায়ী সোহাগ জানান, তার তিন কর্মচারী পিকআপযোগে গজারিয়া এলাকায় গরু কেনার জন্য ১০ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে একটি সিএনজিতে করে আসা ৬ জন মুখোশধারী দুর্বৃত্ত পিকআপের গতি রোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং গামছায় মোড়ানো ১০ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হামলায় আমিন গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
    সোনারগাঁও থানার ওসি মহিবুল্লাহ জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • শহীদুল ইসলাম স্বপনের বহিস্কাদেশ প্রত্যাহার করলো যুবদল

    শহীদুল ইসলাম স্বপনের বহিস্কাদেশ প্রত্যাহার করলো যুবদল

    নিউজ সোনারগাঁ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে নেওয়া পূর্বের সিদ্ধান্ত বাতিল করে স্ব স্ব পদে বহাল করা হয়েছে।
    জানা গেছে, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পিরোজপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ সিকদার, ফেনী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মামুন পাটোয়ারী এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিমকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাদের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
    এছাড়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা যুবদলের আহ্বায়ক মো. শহীদুর রহমান স্বপন এবং চট্টগ্রাম উত্তর জেলার রাঙ্গুনিয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী ফরহাদকেও পূর্বে একই অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তাদের আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় স্ব স্ব পদে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।
    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
    যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ বার্তা প্রেরণ করেন।

  • পারলেন এমপি মান্নান: মোগরাপাড়া চৌরাস্তায় মিলেছে যানজট থেকে স্বস্তি

    পারলেন এমপি মান্নান: মোগরাপাড়া চৌরাস্তায় মিলেছে যানজট থেকে স্বস্তি

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অন্যতম ব্যস্ত সড়ক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যা অনেকের কাছে থানা রোড নামেও পরিচিত। এই সড়ক দিয়ে প্রতিদিন সোনারগাঁ ও পার্শ্ববর্তী উপজেলার কয়েক হাজার মানুষ চলাচল করেন। তবে দীর্ঘদিন ধরে সড়কটি প্রয়োজনের তুলনায় সরু হওয়ায় এখানে সকাল থেকে রাত পর্যন্ত তীব্র যানজট লেগে থাকত।
    ইতিপূর্বে বিভিন্ন সময় অনেক সংসদ সদস্য ও জনপ্রতিনিধি যানজট নিরসনের উদ্যোগ নিলেও তা স্থায়ীভাবে সফল হয়নি। তবে সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান মোগরাপাড়া এলাকার যানজট নিরসনে সরাসরি উদ্যোগ নেওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে বড় বড় শপিংমল, বাজার, রেস্তোরাঁ, স্কুল-কলেজ ও বাসস্ট্যান্ড থাকায় প্রতিদিন কয়েক হাজার মানুষ নানা প্রয়োজনে এখানে আসেন। পাশাপাশি শতাধিক অটোরিকশা, সিএনজি ও বিভিন্ন কোম্পানির ভারী যানবাহন চলাচলের কারণে প্রায়ই দীর্ঘ যানজট সৃষ্টি হতো।
    এর সঙ্গে মোগরাপাড়া চৌরাস্তার আশপাশে রাস্তার উপর গড়ে ওঠা অবৈধ ফুটপাত ও হকারদের দোকান যানজটকে আরও তীব্র করে তুলেছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন সভা-সমাবেশে প্রশাসনকে অবহিত করা হলেও রাজনৈতিক নানা কারণে আগে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভায় যানজট নিরসনে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন এমপি মান্নান। পরে তিনি সরেজমিনে মোগরাপাড়া এলাকায় গিয়ে অবৈধ ফুটপাত ও দোকান উচ্ছেদের ঘোষণা দেন।
    এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন কয়েকদিন ধরে অভিযান চালিয়ে মোগরাপাড়া ফুটওভার ব্রিজ এলাকা ও চৌরাস্তায় থাকা হকার ও অবৈধ দোকানপাট উচ্ছেদ করে। পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের সহায়তায় প্রতিদিন যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কাজও পরিচালনা করা হচ্ছে।
    এসব উদ্যোগের ফলে বর্তমানে মোগরাপাড়া চৌরাস্তায় যানজট অনেকটাই কমে এসেছে। এতে পথচারী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। এখন লোকজন তুলনামূলক স্বাভাবিকভাবে মোগরাপাড়ায় এসে কেনাকাটা করে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন।

  • সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নোবেলকে কারণ দর্শানোর নোটিশ

    সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নোবেলকে কারণ দর্শানোর নোটিশ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নুরে ইয়াছিন নোবেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
    সম্প্রতি সোনারগাঁয়ে সংঘটিত জনসম্পৃক্ত আন্দোলনের সাথে জড়িত স্থানীয় অধিবাসীদের বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ তার বিরুদ্ধে উত্থাপিত হয়েছে বলে কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগ এসেছে। এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী উল্লেখ করে নোটিশে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
    নোটিশে বলা হয়েছে, তিনি থানা যুবদলের যুগ্ম আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সত্ত্বেও অভিযোগ অনুযায়ী অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। এ অবস্থায় তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে আগামীকাল ১৫ মার্চ রোববার বিকাল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
    এ সময় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সম্মুখে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
    যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে নোটিশটি প্রেরণ করেন সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।

  • সোনারগাঁয়ে এতিমখানা ও মাদ্রাসায় সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ

    সোনারগাঁয়ে এতিমখানা ও মাদ্রাসায় সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়ে সৌদি আরব সরকারের উপহার দেওয়া ২০ কার্টুন (১৬০ কেজি) খেজুর ৪৬টি এতিমখানা ও মাদ্রাসার মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।
    শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং আসিফ আল জিনাত বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষকদের হাতে এসব খেজুর তুলে দেন।
    এসময় এমপি মান্নান বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব সরকারের পক্ষ থেকে দেওয়া এই উপহার এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একটি মানবিক সহায়তা। তিনি বলেন, এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো সমাজের সকলের নৈতিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, সৌদি আরব সরকারের উপহার হিসেবে পাওয়া খেজুর উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় সঠিকভাবে বিতরণ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা রমজান মাসে ইফতারের সময় এই খেজুর থেকে উপকৃত হতে পারে।
    অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী বিএনপির নেতৃবৃন্দ, এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • সোনারগাঁয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার

    সোনারগাঁয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
    গ্রেফতারকৃতরা হলেন, মো. আব্দুর রশিদ (৭০), মতলব (ঠোটালিয়া) মতলব গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ও মো. আল আমিন (৩৮), সোনারগাঁ উপজেলার কাদিরগঞ্জ গ্রামের সাইজুদ্দিন মোল্লার ছেলে।
    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানাধীন প্রতাবের চর সাকিস্থ মেঘনাঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জনৈক আল আমিনের খাবার হোটেলের ভেতর তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়।
    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ

  • হোসেনপুর বাজারে ফার্নিচার ও টেলিকম দোকানে দুর্ধর্ষ চুরি, প্রায় ৪ লাখ টাকা লুট

    হোসেনপুর বাজারে ফার্নিচার ও টেলিকম দোকানে দুর্ধর্ষ চুরি, প্রায় ৪ লাখ টাকা লুট

    নিউজ সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর বাজারে একটি ফার্নিচার ও টেলিকম দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪ লাখ টাকা নিয়ে গেছে চোরেরা।
    শুক্রবার (১৩ মার্চ) দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটের দিকে হোসেনপুর বাজারের বিসমিল্লাহ ফার্নিচার টেলিকম এন্ড ভ্যারাইটিজ স্টোর দোকানে এ ঘটনা ঘটে।
    দোকান মালিক মো. নাহিদ জানান, দুর্বৃত্তরা দোকানের পেছনের টিন কেটে ভেতরে প্রবেশ করে ক্যাশে থাকা প্রায় ৪ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে তিনি দোকানে এসে চুরির ঘটনা দেখতে পান।
    এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
    চুরির ঘটনায় দোকান মালিক মো. নাহিদ সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    স্থানীয়রা জানান, এলাকায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

  • ইফতার মাহফিলে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি মান্নানের

    ইফতার মাহফিলে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি মান্নানের

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (১৩ মার্চ) বিকেলে জামপুর ইউনিয়নের বসিরগাঁও এলাকার মোজাফফর ভিলায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ারের বাসভবনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন মোল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
    ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া মামুন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম লিটন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান এবং তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল হক।
    এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার কাজল, জামপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু মুসাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
    এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁয়ে কোনোভাবেই মাদককে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
    তিনি আরও বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। যুবসমাজকে রক্ষার জন্য মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
    অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

  • সোনারগাঁয়ে নারী ধর্ষণ ও শিশু নির্যাতন বিরোধী সচেতনতামূলক ক্যাম্পিং

    সোনারগাঁয়ে নারী ধর্ষণ ও শিশু নির্যাতন বিরোধী সচেতনতামূলক ক্যাম্পিং

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নারী ধর্ষণ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসচেতনতামূলক ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মহজমপুর বাজার এলাকায় মইনীয়া যুব ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
    দেশে চলমান নারী নির্যাতন, ধর্ষণ ও ইভটিজিংয়ের মতো অপরাধের প্রতিবাদে এই ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়। সারা দেশে ধর্ষণ ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে আওলাদে রাসুল (দ.) বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শাহজাদা ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী আল মাইজভান্ডারী (মা.) প্রতিষ্ঠিত সংগঠন মইনীয়া যুব ফোরামের সম্মানিত সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক এ মইনুদ্দীন আল হাসানীর নির্দেশনায় দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ, মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে সোনারগাঁয়ে এ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ সালেক বলেন, স্বাধীন বাংলাদেশে শিশু ধর্ষণের ঘটনা পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে। ঘুমন্ত প্রশাসনের সুযোগে অনৈতিক ও অমানবিক অপরাধ বেড়ে চলেছে, যা জাতির জন্য অশুভ সংকেত। দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে অপরাধীরা উৎসাহিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
    তিনি আরও বলেন, একটি উন্নয়নশীল রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিশুরাই আগামীর কর্ণধার। তাই নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান তিনি, যাতে নারীরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। তিনি বলেন, মইনীয়া যুব ফোরামের প্রায় ৩০ হাজার সদস্য সারাদেশে নারী নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে এবং সমাজ থেকে অনৈতিকতা দূর করতে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
    সচেতনতামূলক ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মাসুম, সোনারগাঁ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজাদ, বিশিষ্ট সমাজসেবক হযরত আলী, ডা. জেমিমা জেরিন আঁখি, সংগঠনের নেতৃবৃন্দ, কলেজ শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, সামাজিক গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় সাধারণ মানুষ।

  • সৌদি আরবের উপহার খেজুর এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করলেন ইউএনও আসিফ আল জিনাত

    সৌদি আরবের উপহার খেজুর এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করলেন ইউএনও আসিফ আল জিনাত

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সৌদি আরব সরকারের উপহার দেওয়া খেজুর এতিমখানা ও মাদ্রাসাগুলোর মাঝে সঠিকভাবে বিতরণ করা হয়েছে। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষকদের হাতে এসব খেজুর তুলে দেন।
    জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব সরকারের দেওয়া এই খেজুর সোনারগাঁও উপজেলার ৪৭টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে খেজুর হস্তান্তর করা হয়।
    এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, পবিত্র রমজান মাসে এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকরা যেন ইফতারে এই খেজুর ব্যবহার করতে পারেন সে লক্ষ্যেই সৌদি আরবের পক্ষ থেকে এ উপহার দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে সঠিকভাবে তা বিতরণ করা হয়েছে।
    এ সময় সংশ্লিষ্ট এতিমখানা ও মাদ্রাসার শিক্ষকরা সৌদি আরব সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • আড়াইহাজারে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

    আড়াইহাজারে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে কর্মরত সাংবাদিকদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আড়াইহাজার থানা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রেসক্লাব ও জাতীয় দৈনিকের সাংবাদিকরা অংশ নেন। ফলে ইফতার মাহফিলটি সাংবাদিকদের এক মিলনমেলায় পরিণত হয়।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এসময় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক ঐক্য, সহযোগিতা এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।
    ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি একরান আলী ও সাধারণ সম্পাদক ইউসুফ, আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি হারাধন চন্দ্রদে ও সাধারণ সম্পাদক হাসান মাস্টার, আড়াইহাজার মডেল প্রেসক্লাবের সভাপতি আলম খান ও সাধারণ সম্পাদক সেলিম রেজা, আড়াইহাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহবুব মোল্লাসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
    এছাড়াও উপস্থিত ছিলেন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস ও দৈনিক কালের ছবি পত্রিকার স্টাফ রিপোর্টার সুলায়মান হাসান, দৈনিক যুগান্তরের মুক্তার হোসেন, দৈনিক আমার সংবাদ পত্রিকার শাহজাহান কবির, দৈনিক বাংলাদেশ বুলেটিনের রফিকুল ইসলাম রানা, দৈনিক ভোরের দর্পণের জাকির হোসেন, দৈনিক জনতার হাবিবুর রহমান, দৈনিক দেশ রূপান্তরের জিয়াউর রহমান, আমাদের নতুন সময়ের বাদল আহমেদ, আমাদের সময় পত্রিকার শাহজাহান, দৈনিক দেশের আলোর মনিরুজ্জামান, দৈনিক সমকালের শফুদ্দিন প্রভাত, দৈনিক ইনকিলাবের আলামিন, দৈনিক যায় যায় দিনের নজরুল ইসলাম এবং সাংবাদিক সাইদুল হাসানসহ আরও অনেকে।
    অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত ঐক্য সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

  • সোনারগাঁয়ের একরামপুর গ্রামে চুরির আতঙ্ক, প্রশাসনের সহায়তা কামনা এলাকাবাসীর

    সোনারগাঁয়ের একরামপুর গ্রামে চুরির আতঙ্ক, প্রশাসনের সহায়তা কামনা এলাকাবাসীর

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের একরামপুর গ্রামে একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটায় উদ্বেগ বেড়েছে পুরো এলাকায়।
    স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে গ্রামের অন্তত দুইটি বিল্ডিংয়ে চুরির ঘটনা ঘটে। চোরেরা বাড়ির জানালার থাই গ্লাস খুলে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এমনকি রান্নাঘরের হাড়ি-পাতিলও চুরির হাত থেকে রেহাই পাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
    সর্বশেষ গত মঙ্গলবার (১০ মার্চ) রাতে গ্রামের বাসিন্দা সুরুজ মিয়ার ছেলে মালয়েশিয়া প্রবাসী আসাদ মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা তিনটি জানালার থাই গ্লাস খুলে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।
    ঘন ঘন চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, রাতের বেলায় গ্রামে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় চোরেরা সুযোগ নিচ্ছে।
    একের পর এক চুরির ঘটনায় এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, গ্রামে পুলিশের টহল বৃদ্ধি ও চোরদের দ্রুত গ্রেপ্তার করা হলে এলাকায় স্বস্তি ফিরে আসবে।

  • নারায়ণগঞ্জ বন্দরে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার

    নারায়ণগঞ্জ বন্দরে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের বন্দরে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মো. দিপু (৩২)কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানার মদনপুর ইউনিয়নের পূর্ব চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
    র‍্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে কাজ করে আসছে। গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতার মাধ্যমে বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধের সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে র‍্যাব ইতোমধ্যে জনসাধারণের আস্থা অর্জন করেছে।
    র‍্যাব-১১ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের বন্দর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে দিপু তার সন্ত্রাসী বাহিনী নিয়ে চাঁদাবাজি, জমি দখল ও মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। স্থানীয়দের অভিযোগ, এলাকায় নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে গেলে তার বাহিনীকে মোটা অঙ্কের চাঁদা দিতে হতো। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়া ও মারধরের ঘটনাও ঘটত।
    এছাড়া শীতলক্ষ্যা নদীর বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী ট্রলার ও বাল্কহেড থেকে নিয়মিত চাঁদা আদায় করত তার বাহিনী। স্থানীয় ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে মাসোহারা আদায় এবং পৈতৃক জমি জোরপূর্বক দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আধিপত্য বজায় রাখতে দিপু আগ্নেয়াস্ত্রধারী সন্ত্রাসীদের ব্যবহার করত বলে জানিয়েছে র‍্যাব।
    র‍্যাব আরও জানায়, তার বাহিনীর ছত্রছায়ায় মদনপুর ও বন্দর এলাকায় মাদকের একটি বড় নেটওয়ার্ক গড়ে ওঠে। তার তত্ত্বাবধানে এলাকায় গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিলের কেনাবেচা চলত।
    গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি দল পূর্ব চাঁনপুর গ্রামে দিপুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি, একটি চাইনিজ কুড়াল, দুটি ছুরি এবং বেশ কিছু লোহার পাইপ উদ্ধার করা হয়।
    গ্রেফতারকৃত দিপুর বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ অন্তত ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
    র‍্যাব-১১ জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সোনার বাংলা গড়তে স্বেচ্ছাসেবক দলকে কাজে লাগতে হবে : এমপি মান্নান

    সোনার বাংলা গড়তে স্বেচ্ছাসেবক দলকে কাজে লাগতে হবে : এমপি মান্নান

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান  বলেছেন, সোনার বাংলা গড়তে যুবসমাজকে সংগঠিত করে ইতিবাচক কাজে লাগাতে হবে। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে যুব সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
    মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জের Sonargaon Upazila উপজেলার বারদী খেলার মাঠে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    এমপি মান্নান বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্বের মূল শক্তি হচ্ছে যুবসমাজ। তরুণদের একটি সংগঠিত ও সুসংহত প্ল্যাটফর্ম হিসেবে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
    তিনি বলেন, মাদক আমাদের সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং তরুণ প্রজন্মকে বিপথে নিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় যুবদলসহ সচেতন যুবসমাজকে সোচ্চার হতে হবে। যুবদলের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধভাবে মাদক ও অপরাধের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে সমাজ থেকে মাদক অনেকাংশেই নির্মূল করা সম্ভব।
    এ সময় তিনি আরও বলেন, যারা মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না। যেখানেই তাদের পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা করা হবে।
    প্রশাসনের উদ্দেশে এমপি মান্নান বলেন, মাদক ও অপরাধ দমনে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। কোনো ধরনের তদবির বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
    ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক Mosharraf Hossain, সিনিয়র সহ-সভাপতি Nazrul Islam Titu, সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়া, যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসমিন নোবেল, কাউসার আহমেদ, আব্দুল আলিম, হারুন অর রশিদ মিঠুসহ উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।

  • সোনারগাঁয়ে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক

    সোনারগাঁয়ে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক

    নিউজ সোনারগা: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬০ পিস ইয়াবাসহ সুমন (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।
    আটক সুমন সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের রাউৎগাঁও এলাকার মোঃ নবী হোসেনের ছেলে।
    স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়।
    এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।