Blog

  • সোনারগাঁয়ে রক্ষণাবেক্ষণ কাজে আগামীকাল শনিবার দিনব্যাপী বিদ্যুৎ বন্ধ থাকবে

    সোনারগাঁয়ে রক্ষণাবেক্ষণ কাজে আগামীকাল শনিবার দিনব্যাপী বিদ্যুৎ বন্ধ থাকবে

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আগামীকাল শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জরুরি রক্ষণাবেক্ষণ ও রাইট অফ ওয়ে কাজের জন্য বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    বিদ্যুৎ না থাকার আওতায় থাকা এলাকাগুলো হলো— উপজেলা পরিষদ, হাসপাতাল, থানা, বাড়ি মজলিস, চিলারবাগ, পার্কের মোড়, কোম্পানীগঞ্জ, দৈলেরবাগ, হাতকোপা, মিন্দিভিটা, পৌর ভবনাথপুর, ভট্টপুর, ভবনাথপুর, রতনপুর, চর ভবনাথপুর, জিয়ানগর, ভাটিবন্ধর, উদ্ধবগঞ্জ, সাহাপুর ও বৈদ্যেরবাজার এলাকা।

    এসময় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে জানানো হয়, “রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করছি।”

  • মোগরাপাড়ায় প্রতি পিস আখ দেড় শত টাকা

    মোগরাপাড়ায় প্রতি পিস আখ দেড় শত টাকা

    নিউজ সোনারগাঁ:  আখ একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। এটি থেকে চিনি, গুড়, মোলাসেসসহ নানা উপকারী পণ্য তৈরি হয়। বাংলাদেশের গরম ও আর্দ্র আবহাওয়া আখ চাষের জন্য উপযুক্ত। আখ শুধু মিষ্টি স্বাদের জন্য নয়, এটি শরীরকে শক্তি জোগায় এবং গরমে তৃষ্ণা মেটায়। গ্রামীণ অর্থনীতিতে আখ চাষ অনেক মানুষের জীবিকার উৎস।

     

    সেই আখ মোগরাপাড়া চৌরাস্তায় প্রতি পিস বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। মোগরাপাড়া চৌরাস্তার আশপাশের এলাকাগুলোতে ঘুরে দেখা হয় যেখানে আখ বিক্রি হচ্ছে সেখানে প্রতি দোকানদার তাদের আখগুলো কাস্টমারের কাছে বিক্রি করছেন একদামে যার প্রতি পিস মাঝারী সাইজের আখ দেড়শত টাকা আর ছোট সাইজের আখ বিক্রি হচ্ছে ১শত টাকায়।

    আখ বিক্রেতা আলি হোসেন জানান, তারা যেখানে বসে আখ বিক্রি করছেন সেই জায়গার ভাড়া প্রতিদিন ৫শত টাকা। আর যেখান থেকে আখ কিনে আনেন সেখানে কৃষকদের উৎপাদন খরচ অনেক বেশী সেই কারণে তারা কম দামে আখ বিক্রি করতে পারেন না।

  • “আমি প্রতিহিংসা বা চাঁদাবাজির রাজনীতি করি নাই”

    “আমি প্রতিহিংসা বা চাঁদাবাজির রাজনীতি করি নাই”

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম বলেছেন, “আমি কখনো প্রতিহিংসার রাজনীতি করিনি, চাঁদাবাজির রাজনীতিও করিনি। যতদিন ক্ষমতায় ছিলাম, মানুষের উন্নয়নের জন্য কাজ করেছি। আর যতদিন বেঁচে থাকবো, মানুষের সেবা করে যেতে চাই।”

    শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজ শেষে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তার জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

    তিনি আরও বলেন, “প্রত্যেকের উচিত ঈমান ও আকিদার ভেতর থেকে কাজ করা, পিতা-মাতার সেবা করা এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা।”

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি বলেন, “আমি কোনো পূজামণ্ডপে অনুদান দিই না, তবে দেশের ও ইসলামের নিয়ম মেনে অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও সহায়তায় সর্বদা পাশে থাকি।”

    এসময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

    এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাদে, আহত অন্তত ১০

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাদে, আহত অন্তত ১০

    নিউজ সোনারগাঁ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মালিবাগ জাঙ্গাল এলাকায় দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁয়ের মোগরাপাড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি মালিবাগ এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করেন।

    খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

    সোনারগাঁও ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ জাহিদ চৌধুরী বলেন, “বাসটি উল্টে থাকায় কেউ নিহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। আমাদের ডুবুরি দল তল্লাশি চালিয়েছে। ইতোমধ্যে একটি রেকার এসে পৌঁছেছে, আরেকটি রেকার আসার পথে রয়েছে। বাসটি তোলার পরই নিশ্চিত হওয়া যাবে কেউ ভেতরে আটকা ছিলেন কি না।”

    এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে কিছু সময়ের জন্য যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • সাদিপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৭ অক্টোবর

    সাদিপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৭ অক্টোবর

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ অক্টোবর বিদ্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের শেষ তারিখ ১২ অক্টোবর, যাচাই-বাছাই ১৩ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
    এই নির্বাচনে শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি ও দাতা সদস্যসহ মোট কয়েকটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ বছর বিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ৬৩৪ জন

    সাদিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল আজিজ বলেন, “সরকারি নিয়মনীতি মেনে নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী যে কোনো অভিভাবক প্রার্থী হতে পারবেন— এতে কোনো বাধা নেই।”

    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহজালাল জানান, “উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এই নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন। তার নির্দেশনা অনুযায়ী মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে আমরা নিরলসভাবে কাজ করছি। অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করছি।

  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই: চার সদস্য গ্রেফতার, ব্যাগ ও মোবাইল উদ্ধার

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই: চার সদস্য গ্রেফতার, ব্যাগ ও মোবাইল উদ্ধার

    নিউজ সোনারগাঁ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। সোমবার (৮ অক্টোবর) দিবাগত রাতে আষাড়িয়ার চর ব্রিজের পূর্ব পাশে এ অভিযান পরিচালিত হয়।

    পুলিশ জানায়, ওই রাতে চট্টগ্রামগামী লেনে একটি সন্দেহভাজন সিএনজি (রেজি নং: নারায়ণগঞ্জ-থ-১১-৫৭৩৭) থামানোর সংকেত দিলে সিএনজিতে থাকা পাঁচজনের মধ্যে একজন পালিয়ে যায়। বাকী চারজনকে ঘটনাস্থলেই আটক করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন— রহমত (৩২), মুরাদ (৪৫), তুসার (৩২)মো. ছামিদুল ইসলাম (২৮)

    তল্লাশির সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি চাকু, সিএনজি যানবাহন, ভিকটিমের ব্যাগ, মোবাইল ফোনমহিলাদের হ্যান্ডব্যাগ উদ্ধার করা হয়।

    পরে উদ্ধারকৃত মোবাইল ফোনে একটি ইনকামিং কল আসলে পুলিশের মাধ্যমে ভিকটিমের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়। ভিকটিম থানায় উপস্থিত হয়ে চারজন আসামিকে শনাক্ত করেন এবং নিজের মালামাল চিহ্নিত করেন।

    ঘটনাটি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার এলাকায় সংঘটিত হওয়ায় কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ গ্রেফতারকৃত আসামি ও ভিকটিমকে গজারিয়া থানায় হস্তান্তর করে।

    পরবর্তীতে ভিকটিম রাসেল শিকদার বাদী হয়ে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

    এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, “এই ধরনের অপরাধীদের দ্রুত গ্রেফতার করা অবশ্যই প্রশংসনীয়, তবে প্রশাসনের মূল্যবান সময় নষ্ট করে তাদের গ্রেফতার করে আবার আইনের ফাঁকফোকর ব্যবহার করে জামিনে বেরিয়ে আসা একটি উদ্বেগজনক বিষয়। এতে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে।”

  • সোনারগাঁয়ে নোয়াগাঁও যুবদলের আলোচনা সভা ও ৩১ দফা লিফলেট বিতরণ

    সোনারগাঁয়ে নোয়াগাঁও যুবদলের আলোচনা সভা ও ৩১ দফা লিফলেট বিতরণ

    নিউজ সোনারগাঁ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৯ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ধন্দী বাজারে এ আলোচনা সভা হয়। সভা শেষে নেতাকর্মীরা বাজার এলাকার সাধারণ মানুষের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

    সভায় সভাপতিত্ব করেন নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সানাউল্লাহ প্রধান, এবং সঞ্চালনা করেন যুবদল নেতা ফরহাদ আহমেদ তুহিন

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম ভূইয়া, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহমেদরাকিব হাসান, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইকবাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইয়ামিন রহমান শিশির, যুবদল নেতা মিজানুর রহমান, সোনারগাঁও উপজেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা মোজাম্মেল হক, এবং নোয়াগাঁও ইউনিয়ন জাসাসের সভাপতি মোঃ ডালিম

    এছাড়াও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিলন, সাধারণ সম্পাদক আশরাফুল, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি হৃদয় হাসান, ওসমান, ফারুক, বোরহান, সানাউল্লাহ, বিএনপি নেতা নয়ন মিয়াসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    বক্তারা বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। এ লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাঠে নামতে হবে, যাতে জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়।

    অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ ধন্দী বাজারে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগে অংশ নেন।

  • পেরাব আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৩ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন

    পেরাব আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৩ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ৩ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে।

    বুধবার (৮ অক্টোবর) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন ও শিক্ষকবৃন্দ নবনির্বাচিত এডহক কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

    গঠিত এডহক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পেরাব এলাকার বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মো. আল মাহমুদ মনি, শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বশীর আহমেদ, এবং অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. আবু মুসা মিয়া

    বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।

    সংবর্ধনা অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা দলমত নির্বিশেষে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অগ্রগতির জন্য নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানান।

  • সোনারগাঁয়ে মেঘনা নদীতে পুলিশের সঙ্গে নৌ-চাঁদাবাজদের সংঘর্ষ

    সোনারগাঁয়ে মেঘনা নদীতে পুলিশের সঙ্গে নৌ-চাঁদাবাজদের সংঘর্ষ

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে বালু ও মালবাহী বিভিন্ন নৌযানে চাঁদাবাজির সময় পুলিশের সঙ্গে নৌ-চাঁদাবাজদের সংঘর্ষ, গোলাগুলি ও টেটাবিদ্ধের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।

    মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী কুমিল্লার মেঘনা উপজেলার নলচর গ্রামের বারেকের নেতৃত্বে তার ছেলে মহসিন, হাসনাত, রানা, সাজ্জাদসহ ২০-৩০ জনের একটি চাঁদাবাজ চক্র নদীতে বালু ও পণ্যবাহী নৌযান থেকে চাঁদা আদায় করে আসছে।

    মঙ্গলবার সকালে বারেকের নেতৃত্বে টিটু, মহসিনসহ তাদের লোকজন দেশীয় অস্ত্র—টেটা, বল্লম ও রামদা নিয়ে ‘এসবি জয়নব বৃষ্টি পরিবহন’ নামের একটি বাল্কহেডে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় শ্রমিক মহিবুল্লাহ ও জাকারিয়া ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

    খবর পেয়ে বৈদ্যেরবাজার ও চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথভাবে অভিযান চালালে চাঁদাবাজরা পুলিশের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে এএসআই মাকসুদ, কনস্টেবল সোহাগ ও কনস্টেবল সাইদুর আহত হন। পরে আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে চাঁদাবাজ রানা ও সাজ্জাদকে আটক করে।

    আহতদের প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কনস্টেবল সোহাগ ও শ্রমিক জাকারিয়া ইসলামের অবস্থা অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    বাল্কহেডের সুকানী মো. শফিকুল ইসলাম জানান, “আমরা আড়াইহাজারের মরিচাকান্দি এলাকা থেকে বালু নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম। নুনেরটেকে পৌঁছালে চাঁদাবাজরা আমাদের নৌযান আটক করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় আমাদের দুই শ্রমিককে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। প্রায় প্রতিদিনই এ পথে তারা নৌযান থেকে চাঁদা আদায় করে থাকে।”

    অভিযুক্ত বারেকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তাকে এসএমএস পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।

    বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, “দীর্ঘদিন ধরে একটি চাঁদাবাজ চক্র মেঘনা নদীতে নৌযান থেকে চাঁদা আদায় করে আসছে। আজ সকালে তারা শ্রমিকদের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা হয়। বর্তমানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রীর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রীর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

    নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুর দুইটার দিকে জেলা পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতের নাম মোজাম্মেল (৫৫)। তিনি স্থানীয় এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মৌমিতা ট্রান্সপোর্টের দুটি বাস ভাঙচুর করে। বিকেল চারটার দিকেও সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। এতে কিছুক্ষণ ওই রুটে যান চলাচল বন্ধ থাকে।

    পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কটি পরবর্তীতে চলাচলের উপযোগী করা হয়।

  • সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রির অভিযোগে ফার্মেসিকে জরিমানা

    সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রির অভিযোগে ফার্মেসিকে জরিমানা

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ও সরকারি হাসপাতালের ওষুধ বিক্রির অভিযোগে এক ফার্মেসিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার কাচপুর সোনালী মার্কেট এলাকায় সহকারী পরিচালক হৃদয় রঞ্জনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে মেসার্স সোনাপুর মেডিসিন সার্ভিস সেন্টার থেকে মেয়াদোত্তীর্ণ হেপাটাইটিস-বি ইনজেকশন, প্রেগনেন্সি টেস্ট স্ট্রিপ এবং সরকারি হাসপাতালে বিতরণের জন্য নির্ধারিত বিক্রয় নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

    অভিযান পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ড্রাগ অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন কাচপুর আঞ্চলিক শাখার সভাপতি মো. মনিরুজ্জামান, জেলা পুলিশের উপ-পরিদর্শক নিউটনসহ পুলিশ সদস্য এবং ভোক্তা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

  • বৈরি আবহাওয়া উপেক্ষা করে জামায়াতে ইসলামীর গণসংযোগ

    বৈরি আবহাওয়া উপেক্ষা করে জামায়াতে ইসলামীর গণসংযোগ

     

    নিউজ সোনারগাঁ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ডক্টর মো. ইকবাল হোসাইন ভূঁইয়া মেঘনা শিল্পাঞ্চল প্রতাব নগড়, ইসলামপুর, আদর্শগ্রাম, গঙ্গানগর, নিউটাউন বাসস্ট্যান্ড এলাকায় এ বৈরী আবহাওয়ার মধ্যেও জনগণের সাথে সম্পৃক্ততা রক্ষার জন্য অবিরাম গণসংযোগ করে যাচ্ছেন।

    এসময় জামায়াতের প্রার্থী ও কর্মীরা জনগণকে পি আর পদ্ধতি ও জুলাই সনদের গুরুত্বসহ জামায়াতের ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে দাড়িপাল্লার পক্ষে ভোট চান।

    তিনি পিরোজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ৫ অক্টোবর রবিবার বিকাল তিনটা থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত চলে এ গণসংযোগের কাজ।

    এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাহবুবুর রহমান, সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ মোল্লা, পিরোজপুর ইউনিয়ন জামায়াতের আমীর নুরুল ইসলাম, সেক্রেটারি শাহআলম ও ৯নং ওয়ার্ডের জামায়ত নেতা আব্দুল বাতেন, আলীআকবর, ওমর ফারুক, ইউসুফ, সফিকুল ইসলাম, নুরুউদ্দিন, আমানউল্লাহ, জয়নাল, বাদল, শরীফ, মনির হোসেন, ইসলাম, শারজাহান প্রমুখ।

  • আড়াইহাজারে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    আড়াইহাজারে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে ওয়াসিম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

    নিহত ওয়াসিম ওই গ্রামের দিলা মিয়ার ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টি চলাকালীন সময় ওয়াসিম বাড়ির পাশের মাঠে ছিল। হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই মারা যায়।

    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • বিশ্ব শিক্ষক দিবসে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আমাদের পথপ্রদর্শকদের স্মরণে

    বিশ্ব শিক্ষক দিবসে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আমাদের পথপ্রদর্শকদের স্মরণে

    শিক্ষক—এই একটি শব্দের মাঝেই লুকিয়ে রয়েছে সমাজ, সভ্যতা ও একটি জাতির ভবিষ্যৎ। শিক্ষক শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান দান করেন না, তারা একটি শিশু মনকে গড়ে তোলেন আদর্শ মানুষ হিসেবে, চিনিয়ে দেন জীবনের উদ্দেশ্য, ন্যায়-অন্যায়ের পার্থক্য এবং সত্যিকার সাফল্যের পথ। আর আজ, বিশ্ব শিক্ষক দিবসে, আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি আমার জীবনের সেইসব আলোকবর্তিকা, যাদের আদর, শাসন, ভালোবাসা ও দিকনির্দেশনায় আমি মানুষ হতে পেরেছি।

    আমার প্রাথমিক শিক্ষা জীবনের প্রথম ভিত্তি গড়ে উঠেছিল সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে ছিলেন শ্রদ্ধেয় মোসলে উদ্দিন স্যার, মোঃ আব্দুল কাদির স্যার ও কাসেম স্যার—যারা শুধু পাঠদানের মাঝেই সীমাবদ্ধ ছিলেন না, আমাদের শাসন করতেন পিতৃসুলভ ভালবাসায়, শেখাতেন শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং দায়িত্ববোধ। তখন হয়তো বুঝতাম না, কিন্তু আজ বুঝি—তাদের কঠোরতা ছিল আমাদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় ভিত গঠনের অংশ। মোসলে উদ্দিন স্যারের আদর আজও যেন আমার পিঠে লেগে আছে। কাদির স্যার ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার আগে আমাদের জন্য কঠোর অনুশাসনের দেয়াল তৈরি করেছিলেন যেন আমরা ব্যর্থ না হই।

    এরপর জীবনের আরেক ধাপে পা রাখি সনমান্দী হাছান খান উচ্চ বিদ্যালয়ে, যেখানে পেয়েছি আরো কিছু অসাধারণ শিক্ষক: আলী আহম্মদ স্যার, নূরুল আমিন হুজুর, আশেক স্যার, কামাল স্যার, আবদুর রশিদ স্যার, হারেস স্যার ও আজিজুল হক স্যার। তারা ছিলেন শিক্ষা ও চরিত্র গঠনের প্রকৃত কারিগর। প্রধান শিক্ষক হিসাবে আলী আহম্মদ স্যারের দীর্ঘদিনের ত্যাগ ও অসামান্য শ্রমের ফসল আজকের সনমান্দী হাছান খান উচ্চবিদ্যালয়। নূরুল আমিন হুজুরের ধর্মীয় শিক্ষা, আশেক স্যারের গল্পবলার ভঙ্গিমা এবং কামাল স্যার, হারেস স্যার আজিজুল হক স্যারের কঠোর নিয়মশৃঙ্খলা—এই সবই আমাকে একজন পরিপূর্ণ শিক্ষার্থী হিসেবে গড়ে তুলেছিল। হিসাব বিজ্ঞানের শিক্ষক আবদুর রশিদ স্যারের অপার স্নেহ ও অনুপ্রেরণা ম্যাজিক মতো মনে হত। মাত্র এক সপ্তাহ সারের সান্নিধ্যে এসে একটি বিষয়ে সবাইকে ছাড়িয়ে গিয়েছিলাম । আরজু স্যারের গোটা গোটা সুন্দর হাতের লেখা ৭ম শ্রেনিতে পড়ুয়া আমার হৃদয়ে ঝড় তুলে দিয়েছিল।

    উচ্চশিক্ষার পথে পা রাখার পর যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাই, তখন পরিচিত হই নতুন ধরনের শিক্ষকতার সঙ্গে। দার্শনিক ও জ্ঞানতাপস সরদার ফজলুল করিম স্যার, ড. বজলুর রহমান খান স্যার, ড. আতাউর রহমান খান স্যার, ড. এনামুল হক খান স্যার, ড. শিরিন আক্তার ম্যাম, ড. তাইবুল হাসান খান স্যার, ড. এহতেশাম স্যার, লুৎফুল হাই জামী স্যার, ড. একেএম শাহনেওয়াজ স্যার ও আতিকুর রহমান স্যার—তাঁরা শুধু বিষয়বস্তুর ভেতরে সীমাবদ্ধ ছিলেন না, তাঁরা আমাদের শেখাতেন বিশ্লেষণ, ভাবনা, যুক্তি এবং জীবনদর্শন। সরদার ফজলুল করিম স্যারের দার্শনিক চিন্তাভাবনা আজও আমাকে ভাবতে শেখায়। তাইবুল হাসান খানের যুক্তিবাদী শিক্ষা ও ল্যুৎফুল হাই জামি স্যার, আতিকুর রহমান স্যারের বাস্তবতাবোধ আমার চিন্তার জগতে আলো ছড়িয়েছে।

    বিশ্ব শিক্ষক দিবস কেবল একটি দিন নয়; এটি একটি উপলক্ষ, যখন আমরা হৃদয়ের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাই সেই মানুষগুলোকে, যাঁরা নিঃস্বার্থভাবে আমাদের আলোকিত করেছেন।

    শিক্ষকের প্রতি শ্রদ্ধা একটি জাতির বুদ্ধিবৃত্তিক ও নৈতিক উন্নতির সূচক। আসুন, আজকের এই দিনে আমরা সম্মানিত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে নিজেদেরও আরও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলি।

    এই শিক্ষকগণই আমাদের সমাজের মূল স্তম্ভ। একজন প্রকৃত শিক্ষক নিজেকে বিলিয়ে দেন, ছাত্রের চোখে স্বপ্ন বুনে দেন, আর জীবনের প্রতিটি বাঁকে অনুপ্রেরণার বাতি জ্বালিয়ে দেন।

    আজ এই দিনটিতে আমরা প্রতিজ্ঞা করি—তাঁদের শিক্ষা, আদর্শ ও মূল্যবোধকে হৃদয়ে ধারণ করে আমরা হবো আলোর বাহক। আর ভবিষ্যত প্রজন্মের মাঝেও সেই শিক্ষার আলো ছড়িয়ে দেবো, যেমনটা তারা আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন।

    🖊️ মাহফুজুল ইসলাম হায়দার, সহকারী অধ্যাপক, সোনারগাঁও সরকারি কলেজ।

  • সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার অভিযোগ

    সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার অভিযোগ

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলায় যৌতুকের দাবিতে স্মৃতি রানী বর্মণ (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার সাত ভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত স্মৃতি রানী বর্মণ কুমিল্লার আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর এলাকার শ্যামু চন্দ্র বর্মণের মেয়ে। এ ঘটনায় নিহতের ভাই শ্যামু চন্দ্র বর্মণ শনিবার (৪ অক্টোবর) সোনারগাঁ থানায় স্বামী সনজিৎ চন্দ্র বর্মণ (৩২), শ্বশুর বেনু চন্দ্র বর্মণ, শাশুড়ি জোসনা রানী বর্মণ ও খালাতো বোন স্বরসতি চন্দ্র বর্মণকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে স্মৃতি রানীর বিয়ে হয় সনজিৎ চন্দ্র বর্মণের সঙ্গে। তাদের দাম্পত্য জীবনে এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে স্মৃতিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। পরিবারের পক্ষ থেকে তিন লাখ টাকা পরিশোধ করা হলেও বাকি দুই লাখ টাকার জন্য নির্যাতন অব্যাহত থাকে।

    গত ২ অক্টোবর রাত ৯টার দিকে স্মৃতি রানী তার ভাইকে ফোনে জানান, যৌতুকের বাকি দুই লাখ টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। পরদিন সকালেও স্বামী সনজিৎ ফোনে ওই টাকা দাবি করে এবং না দিলে সংসার না করার হুমকি দেয়।

    শুক্রবার দুপুরে পরিবার খবর পায় যে স্মৃতি রানীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে গিয়ে তারা স্মৃতির মরদেহ দেখতে পান। তার গলায় শ্বাসরোধের দাগ ছিল বলে অভিযোগকারীর দাবি। চিকিৎসকরা জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

    নিহতের ভাই শ্যামু চন্দ্র বর্মণ বলেন, “আমার বোনকে যৌতুকের টাকার জন্যই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।” ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক রয়েছেন।

    এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, “ঘটনাটি নিয়ে মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

  • আড়াইহাজারে বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার

    আড়াইহাজারে বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওরস থেকে তুলে নিয়ে এক বাক প্রতিবন্ধী ষোড়শী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    অভিযুক্তের নাম মো. আসমত আলী ওরফে আছু (৩৮)। আসু মিয়া দয়াকান্দা এলাকার বাতেনের ছেলে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরী রাতে স্থানীয় শাহীন দেওয়ানের বাড়িতে আয়োজিত ওরসে যান। সেখান থেকে প্রতিবেশী আসমত আলী তাকে জোর করে তুলে নিয়ে দয়াকান্দা খালপাড়ের একটি নির্জন ঝোপে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক ধর্ষণ করে।
    ভুক্তভোগীর মা জানান, অনেক কাকুতি-মিনতি করেও তার মেয়েকে বাঁচানো যায়নি। ঘটনার পর কিশোরী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে পরিবারের কাছে সবকিছু খুলে বলে। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, শুক্রবার তারা থানায় অভিযোগ দাখিল করেছেন।
    স্থানীয়রা অভিযোগ করেন, প্রতিবছর ওই বাড়িতে অনুমোদন ছাড়া ওরসের আয়োজন হয়। সেখানে মাদকের আসর বসানো হয় এবং কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকে না। তাদের দাবি, এই কারণে একের পর এক অঘটন ঘটছে।

    আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুউদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

    স্থানীয়রা প্রশাসনের কঠোর নজরদারি ও অনুমোদনবিহীন সমাবেশ বন্ধের দাবি জানিয়েছেন।