Blog

  • সোনারগাঁয়ে ১২০০ পিস ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেফতার

    সোনারগাঁয়ে ১২০০ পিস ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেফতার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশ অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে।

    রোববার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৬টার দিকে সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ নাইমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আষারিয়ারচর এলাকার মেঘনা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করেন।

    এসময় ঢাকা মেট্রো-ব-১১-৭৭০৭ নম্বরের একটি সিডিএম বাসকে তল্লাশির জন্য সংকেত দিলে হঠাৎ এক নারী যাত্রী বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। পরে মহিলা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।

    আটককৃতের নাম মোসাঃ জেসমিন (৩৪)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কালিকাপুর ইউনিয়নের জামপুর গ্রামের মৃত হাফেজ মিয়ার মেয়ে ও জামাল মিয়ার স্ত্রী। তার কাছ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটক আসামিকে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

  • সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার বিকেলে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন এবং প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মোঃ শাহজাহান মেম্বার।
    সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি নাজমা সুলতানা। বক্তারা শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান জানান। অনুষ্ঠানে কৃতি ছয় শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান শেষে অতিথিরা বৃক্ষের চারা বিতরণ করেন।
  • সোনারগাঁয়ে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

    সোনারগাঁয়ে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রপাতে সিরাজুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

    রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পাঁচআনী গ্রামের খোলা মাঠে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানায়, বিকেলে খোলা মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন সিরাজুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত সিরাজুল ইসলাম পাঁচআনী গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে এবং দুই সন্তানের জনক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান দিগন্ত জানান, হাসপাতালে আনার আগেই সিরাজুলের মৃত্যু হয়েছে। পরে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

  • শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ: ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার্থীদের হাতে বিএনপির ৩১ দফার বুকলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

    রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের দবির উদ্দিন ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ে এ বুকলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন,
    “আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীদের হাতে রাষ্ট্র সংস্কারের রূপরেখা পৌঁছে দেওয়া তাদের মধ্যে সচেতনতা জাগাবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে। দেশ আজ ভয়াবহ সংকটে নিমজ্জিত। দুর্নীতি, দুঃশাসন ও গণতন্ত্র হত্যার কারণে মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।”

    তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী দেশনেতা তারেক রহমান যে ৩১ দফার রূপরেখা দিয়েছেন, সেটি বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশে সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। ছাত্রসমাজকে এই দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।”

    বুকলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রেজওয়ান উদ্দিন ভুঁইয়া, কানন মেম্বার, ইউনিয়ন বিএনপি নেতা আবদুল খালেক, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিক ভূঁইয়া, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব সাউদ, সম্পাদক প্রার্থী সোহেল আরমান, স্বেচ্ছাসেবক দল নেতা খোকা মোল্লা, বৈদ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আদিব, সহ-সভাপতি মাহবুব হোসেন লিমান, সাদিপুর ইউনিয়ন ছাত্রদল নেতা সোহান সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

  • সোনারগাঁয়ে সাঁতার শিখতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

    সোনারগাঁয়ে সাঁতার শিখতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ এলাকায় সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে ইসরাত জাহান রুবাইয়া (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বাড়ির পাশের বিলে এ ঘটনা ঘটে।

    নিহত রুবাইয়া সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও পৌরসভার দৈলেরবাগ গ্রামের আক্তার হোসেনের মেয়ে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রুবাইয়া তার বড় বোন ইভা আক্তারের সঙ্গে বাড়ির পাশের বিলে সাঁতার শিখতে যায়। একপর্যায়ে রুবাইয়া পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির পর বিকেল পৌনে চারটার দিকে তার মরদেহ উদ্ধার করেন।

    বড় বোন ইভা আক্তার জানান, সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন ছিল রুবাইয়ার। সেই লক্ষ্যেই সে সাঁতার শিখতে চেষ্টা করছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।”

  • মোগরাপাড়ায় ডাব পাড়া নিয়ে দ্বন্ধে মেজ ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

    মোগরাপাড়ায় ডাব পাড়া নিয়ে দ্বন্ধে মেজ ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

    সোনারগাঁয়ে ডাব পাড়াকে কেন্দ্র করে মেঝো ভাইয়ের ছুরিকাঘাতে ওমর ফারুক খোকা (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

    শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর উপজেলার মোগরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওমর ফারুক মোগরাপাড়ার আলাপদী এলাকার মৃত জাহের আলীর ছেলে।

    স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুপুরে নিজেদের গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র ভিকটিম ও তার মেঝো ভাই আক্তার হোসেন ঝগড়ায় জড়িয়ে পড়েন। তাদের ঝগড়ার একপর্যায়ে আক্তার হোসেনের ছুরিকাঘাতে খোকা গুরুতর আহত হয়ে বাড়িতে মৃত্যুবরণ করেন।

    সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সানোয়ার বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছি। ডাব পাড়াকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। ঘটনার পর হতে ছুরিকাঘাত করা ব্যক্তি পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • সোনারগাঁয়ে পাঁচ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে পাঁচ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    পরিমল বিশ্বাস: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পাঁচ ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সাদিপুর, কাঁচপুর, সনমান্দি, পিরোজপুর ও শম্ভুপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন নাসির, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য শফিক দেওয়ান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবু, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়নসহ থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    সম্মেলনে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিক হাসান লেলিন এবং সঞ্চালনা করেন উপজেলা কমিটির সদস্য এজাজ।

    বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারা স্পষ্টভাবে জানান, অতীতে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, তাদের কোনোভাবেই স্বেচ্ছাসেবক দলের কমিটিতে অন্তর্ভুক্ত করা যাবে না।

    বক্তারা আরও বলেন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী ও সুশৃঙ্খল সংগঠনে রূপ দিতে হবে। এজন্য তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে এবং যাচাই-বাছাই করে নতুন কমিটি গঠন করা হবে। এ সম্মেলনের মাধ্যমে সোনারগাঁয়ে বিএনপির রাজনীতি আরও সুসংগঠিত হবে বলে স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন।

  • সোনারগাঁয়ে পরিবেশ অধিদপ্তরের ৩ পরিবহনকে জরিমানা

    সোনারগাঁয়ে পরিবেশ অধিদপ্তরের ৩ পরিবহনকে জরিমানা

    সোনারগাঁয়ের পরিবেশ অধিদপ্তরের অভিযানে শব্দদূষণের অপরাধে তিনটি যানবাহনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ওই তিন যানবাহনের ব্দর তিনটি হর্ন জব্দ করা হয়।

    বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার কাঁচপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। কাঁচপুর রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজা তাছনিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    অভিযানে সোনারগাঁও থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।

    পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযান চলাকালে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা মোতাবেক তিনটি যানবাহনকে এ জরিমানা করা হয়।

    এ ছাড়া আরও জানানো হয়েছে, পরিবেশ দূষণকারী যানবাহন ও কারখানার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।।

  • সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের লিফলেট বিতরণ ও পথসভা

    সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের লিফলেট বিতরণ ও পথসভা

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।

    মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে মোগড়াপাড়া পুরান বাজার এলাকায় তিনি লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ সাজ্জাদ চৌধুরী চপল, মোগড়াপাড়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বুলু, বিএনপি নেতা বাবুল, বিএনপি নেতা সুমন, উপজেলা ছাত্রদল নেতা এস এম শিহাবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    পথসভায় আল মুজাহিদ মল্লিক বলেন,
    “আমি সবসময় সততা ও ত্যাগের রাজনীতি করে আসছি। কোনো ভোগের রাজনীতি করি না, লোভ-লালসার রাজনীতিও করি না। তাই জনগণ আমার মধ্যে সবসময় সততা খুঁজে পাবেন। সোনারগাঁকে সুন্দরভাবে সাজাতে শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবস্হা খাতে কাজ করে যাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘরে মানুষের কাছে লিফলেট পৌঁছে দিচ্ছি। আগামী সংসদ নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে একটি সুন্দর ও উন্নত সোনারগাঁ গড়তে কাজ করব। বেকারত্ব দূর করব, মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গড়ে তুলব।”

    তিনি আরও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান এবং উপস্থিত সবার কাছে সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন।

  • সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যোগে বুকলেট বিতরণ ও গণসংযোগ

    সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যোগে বুকলেট বিতরণ ও গণসংযোগ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলের নির্দেশনায় গণসংযোগ ও বুকলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশ দফা সংযোজন করে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বুকলেট বিতরণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুবেল নিলয়, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান, জেলা ছাত্রদলের সমাজসেবা সম্পাদক হাবিবুর রহমান, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু, নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকাশ, পিরোজপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সজিব বাশার এবং সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু ইসলাম।

    কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, “৩১ দফাই আগামীতে একটি গণতান্ত্রিক ও জনগণের রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা।”

  • সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের পাঁচ ইউনিয়নের কর্মী সম্মেলন

    সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের পাঁচ ইউনিয়নের কর্মী সম্মেলন

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পাঁচ ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সম্মেলন বসে।

    নোয়াগাঁও, জামপুর, বারদী, বৈদ্দারবাজার ও মোগরাপাড়া ইউনিয়নের নেতাকর্মীরা এতে অংশ নেন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত থেকে আসন্ন আন্দোলন-সংগ্রামকে শক্তিশালী করার আহ্বান জানান।

    বক্তারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও স্বৈরাচারী শাসনের অবসানে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। তারা আরও জানান, ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে এবং তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে পুনর্গঠন করা হবে। স্থানীয় নেতাদের মতে, এ সম্মেলনের মাধ্যমে সোনারগাঁয়ে বিএনপির রাজনীতি আরও সুসংগঠিত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাশির উদ্দিন নাশির, কেন্দ্রীয় কমিটির সদস্য দেওয়ান শফিক এবং সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়ন।

    এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে অংশ নেন আবু মোরশেদ মোল্লা, শামিম আহাম্মেদ, শফিক ভুইয়া, আতিক হাসান লেনিন, ফয়সাল ভুইয়া রিপন ও জাহাঙ্গীর আলম।
    ১নং সদস্য মো. এজাজ ভুইয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবু, সদস্য সোহেল আরমান, আলমগীর, কামাল দেওয়ানসহ আরও অন্যান্যরা।

  • সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের আরও এক সদস্যের মৃত্যু

    সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের আরও এক সদস্যের মৃত্যু

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম মুন্নি আক্তার (১৪)।

    জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শরীরের প্রায় ২৮ শতাংশ দগ্ধ হওয়ায় মুন্নি গত সোমবার রাতে ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

    এর আগে গত ৪ সেপ্টেম্বর ভোরে সিলিন্ডারের লাইনে লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। তাদের সবাইকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় প্রথমে ৭ সেপ্টেম্বর মানব চৌধুরী এবং পরদিন ৮ সেপ্টেম্বর বাচা চৌধুরী মারা যান।

    বর্তমানে মুন্নির দুই বোন— তন্নি ও মৌরি— এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “একই পরিবারের তিনজনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনায় কারও গাফিলতি থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

  • সোনারগাঁয়ে নারীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মারধর

    সোনারগাঁয়ে নারীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মারধর

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নারীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মারধর ও হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী (২৭) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত হাবিবুর রহমান রিপন (৩২) দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে প্রেম, পরকীয়ার প্রলোভন ও অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি রিপনের পরিবারকে জানানো হলে উল্টো ওই নারীকে অপমান ও ভয়ভীতি দেখানো হয়।

    ভুক্তভোগীর দাবি, গত ১৪ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে সোনারগাঁও পৌরসভার দরপত ঠোটালিয়া এলাকায় নিজ বাড়ির সামনে রিপন তাকে অনৈতিক সম্পর্কে জড়ানোর প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হলে রিপন তার চুলের মুঠি ধরে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে পাশের ইট দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে লক্ষ্যভ্রষ্ট হয়ে তার মুখে লাগে, এতে তিনি রক্তাক্ত জখম হন।

    তিনি আরও জানান, এসময় চিৎকার করলে রিপন হুমকি দেয় যে, তার চাহিদা পূরণ না করলে ভুক্তভোগীকে বাড়ি থেকে তুলে নিয়ে বড় ধরনের ক্ষতি করা হবে।

    ঘটনার পর ভুক্তভোগী নারী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

  • সোনারগাঁয়ে জামপুরে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আল মুজাহিদ মল্লিক

    সোনারগাঁয়ে জামপুরে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আল মুজাহিদ মল্লিক

    পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার ও মেরামত কাজের উদ্বোধন করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।

    সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে মাঝেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এ সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রভাকরদী থেকে বাবুবাজার পর্যন্ত প্রায় জরাজীর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় জনদুর্ভোগ নিরসনে তিনি নিজস্ব উদ্যোগে এ সংস্কারের ব্যবস্থা নেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাঝেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার মণ্ডল, সহকারী প্রধান শিক্ষক সালাউদ্দিন, জামপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক, স্থানীয় নেতা মতলব, মোকাররম, আওলাদ, সালমান, সফিকুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, “রাস্তার বেহাল অবস্থার কারণে স্কুলশিক্ষার্থী ও সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছিল। এলাকাবাসীর অনুরোধে আমি নিজস্ব অর্থায়নে এই সংস্কারের উদ্যোগ নিয়েছি। সামাজিক কাজে আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।”

    তিনি আরও বলেন, এ সড়ক সংস্কারের ফলে শিক্ষার্থীরা এখন নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে এবং এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হবে।

  • আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ — ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

    আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ — ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

    নিউজ সোনারগাঁ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃষ্টিতে ভিজেই ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগ চালাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত (নারায়ণগঞ্জ-৩) সোনারগাঁ-সিদ্দিরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।

    রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও কাইকারটেক হাট এলাকায় দাঁড়িপাল্লা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করেন। বৃষ্টির দিনেও নিরবচ্ছিন্নভাবে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে তাকে। যেখানে অন্য রাজনৈতিক দলের নেতাদের অনুপস্থিতি চোখে পড়ে, সেখানে ড. ইকবাল হোসাইন ভূঁইয়া কর্মীদের নিয়ে বিরামহীনভাবে গণসংযোগ চালান।

    গণসংযোগকালে ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, “আল কুরআনের ঝাণ্ডা সমুন্নত রাখা ও ইসলামী সমাজ-রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা কাজ করছি। প্রাকৃতিক দুর্যোগ কোনো বাধা নয়, আমরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছি। আমরা বিশ্বাস করি, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ।”

    তিনি আরও বলেন, “যদি আমি সোনারগাঁওয়ের এমপি নির্বাচিত হই, তবে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা হবে। মজলুম মানুষের পাওনা আদায় করে দেওয়া হবে। যত বড় শক্তিধর বা প্রভাবশালী ব্যক্তি থাকুক, সাধারণ মানুষের অধিকার রক্ষা করাই আমাদের অঙ্গীকার।”

    ৫ই আগস্টের পর থেকে দেশের বিভিন্ন প্রেক্ষাপটে সংঘটিত অন্যায় বা ক্ষতির প্রমাণ সংরক্ষণের আহ্বানও জানান তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা জামায়াতের দক্ষিণ সেক্রেটারি মো. আসাদুল ইসলাম মোল্লা, ইউনিয়ন সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি মাওলানা বেলয়েত হোসেন, যুব বিভাগের সভাপতি মো. রাশেদুল ইসলাম, মোহাম্মদ আবু তালেব, মাওলানা মো. শাহিনসহ অসংখ্য নেতাকর্মী।

  • সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ভ্যাকসিন না থাকায় গৃহবধূর মৃত্যু

    সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ভ্যাকসিন না থাকায় গৃহবধূর মৃত্যু

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ভ্যাকসিন না থাকায় বিষাক্ত সাপের কামড়ে পপি (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

    শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাগলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পপি ওই গ্রামের পারভেজের স্ত্রী।

    স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঘুম থেকে উঠে খাট থেকে নামার সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। মুহূর্তেই ক্ষতস্থানে রক্ত বের হতে শুরু করে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে সাপের ভ্যাকসিন না থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।