Blog

  • সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যোগে বুকলেট বিতরণ ও গণসংযোগ

    সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যোগে বুকলেট বিতরণ ও গণসংযোগ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলের নির্দেশনায় গণসংযোগ ও বুকলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশ দফা সংযোজন করে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বুকলেট বিতরণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুবেল নিলয়, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান, জেলা ছাত্রদলের সমাজসেবা সম্পাদক হাবিবুর রহমান, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু, নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকাশ, পিরোজপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সজিব বাশার এবং সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু ইসলাম।

    কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, “৩১ দফাই আগামীতে একটি গণতান্ত্রিক ও জনগণের রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা।”

  • সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের পাঁচ ইউনিয়নের কর্মী সম্মেলন

    সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের পাঁচ ইউনিয়নের কর্মী সম্মেলন

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পাঁচ ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সম্মেলন বসে।

    নোয়াগাঁও, জামপুর, বারদী, বৈদ্দারবাজার ও মোগরাপাড়া ইউনিয়নের নেতাকর্মীরা এতে অংশ নেন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত থেকে আসন্ন আন্দোলন-সংগ্রামকে শক্তিশালী করার আহ্বান জানান।

    বক্তারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও স্বৈরাচারী শাসনের অবসানে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। তারা আরও জানান, ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে এবং তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে পুনর্গঠন করা হবে। স্থানীয় নেতাদের মতে, এ সম্মেলনের মাধ্যমে সোনারগাঁয়ে বিএনপির রাজনীতি আরও সুসংগঠিত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাশির উদ্দিন নাশির, কেন্দ্রীয় কমিটির সদস্য দেওয়ান শফিক এবং সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়ন।

    এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে অংশ নেন আবু মোরশেদ মোল্লা, শামিম আহাম্মেদ, শফিক ভুইয়া, আতিক হাসান লেনিন, ফয়সাল ভুইয়া রিপন ও জাহাঙ্গীর আলম।
    ১নং সদস্য মো. এজাজ ভুইয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবু, সদস্য সোহেল আরমান, আলমগীর, কামাল দেওয়ানসহ আরও অন্যান্যরা।

  • সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের আরও এক সদস্যের মৃত্যু

    সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের আরও এক সদস্যের মৃত্যু

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম মুন্নি আক্তার (১৪)।

    জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শরীরের প্রায় ২৮ শতাংশ দগ্ধ হওয়ায় মুন্নি গত সোমবার রাতে ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

    এর আগে গত ৪ সেপ্টেম্বর ভোরে সিলিন্ডারের লাইনে লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। তাদের সবাইকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় প্রথমে ৭ সেপ্টেম্বর মানব চৌধুরী এবং পরদিন ৮ সেপ্টেম্বর বাচা চৌধুরী মারা যান।

    বর্তমানে মুন্নির দুই বোন— তন্নি ও মৌরি— এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “একই পরিবারের তিনজনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনায় কারও গাফিলতি থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

  • সোনারগাঁয়ে নারীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মারধর

    সোনারগাঁয়ে নারীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মারধর

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নারীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মারধর ও হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী (২৭) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত হাবিবুর রহমান রিপন (৩২) দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে প্রেম, পরকীয়ার প্রলোভন ও অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি রিপনের পরিবারকে জানানো হলে উল্টো ওই নারীকে অপমান ও ভয়ভীতি দেখানো হয়।

    ভুক্তভোগীর দাবি, গত ১৪ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে সোনারগাঁও পৌরসভার দরপত ঠোটালিয়া এলাকায় নিজ বাড়ির সামনে রিপন তাকে অনৈতিক সম্পর্কে জড়ানোর প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হলে রিপন তার চুলের মুঠি ধরে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে পাশের ইট দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে লক্ষ্যভ্রষ্ট হয়ে তার মুখে লাগে, এতে তিনি রক্তাক্ত জখম হন।

    তিনি আরও জানান, এসময় চিৎকার করলে রিপন হুমকি দেয় যে, তার চাহিদা পূরণ না করলে ভুক্তভোগীকে বাড়ি থেকে তুলে নিয়ে বড় ধরনের ক্ষতি করা হবে।

    ঘটনার পর ভুক্তভোগী নারী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

  • সোনারগাঁয়ে জামপুরে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আল মুজাহিদ মল্লিক

    সোনারগাঁয়ে জামপুরে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আল মুজাহিদ মল্লিক

    পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার ও মেরামত কাজের উদ্বোধন করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।

    সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে মাঝেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এ সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রভাকরদী থেকে বাবুবাজার পর্যন্ত প্রায় জরাজীর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় জনদুর্ভোগ নিরসনে তিনি নিজস্ব উদ্যোগে এ সংস্কারের ব্যবস্থা নেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাঝেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার মণ্ডল, সহকারী প্রধান শিক্ষক সালাউদ্দিন, জামপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক, স্থানীয় নেতা মতলব, মোকাররম, আওলাদ, সালমান, সফিকুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, “রাস্তার বেহাল অবস্থার কারণে স্কুলশিক্ষার্থী ও সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছিল। এলাকাবাসীর অনুরোধে আমি নিজস্ব অর্থায়নে এই সংস্কারের উদ্যোগ নিয়েছি। সামাজিক কাজে আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।”

    তিনি আরও বলেন, এ সড়ক সংস্কারের ফলে শিক্ষার্থীরা এখন নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে এবং এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হবে।

  • আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ — ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

    আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ — ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

    নিউজ সোনারগাঁ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃষ্টিতে ভিজেই ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগ চালাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত (নারায়ণগঞ্জ-৩) সোনারগাঁ-সিদ্দিরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।

    রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও কাইকারটেক হাট এলাকায় দাঁড়িপাল্লা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করেন। বৃষ্টির দিনেও নিরবচ্ছিন্নভাবে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে তাকে। যেখানে অন্য রাজনৈতিক দলের নেতাদের অনুপস্থিতি চোখে পড়ে, সেখানে ড. ইকবাল হোসাইন ভূঁইয়া কর্মীদের নিয়ে বিরামহীনভাবে গণসংযোগ চালান।

    গণসংযোগকালে ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, “আল কুরআনের ঝাণ্ডা সমুন্নত রাখা ও ইসলামী সমাজ-রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা কাজ করছি। প্রাকৃতিক দুর্যোগ কোনো বাধা নয়, আমরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছি। আমরা বিশ্বাস করি, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ।”

    তিনি আরও বলেন, “যদি আমি সোনারগাঁওয়ের এমপি নির্বাচিত হই, তবে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা হবে। মজলুম মানুষের পাওনা আদায় করে দেওয়া হবে। যত বড় শক্তিধর বা প্রভাবশালী ব্যক্তি থাকুক, সাধারণ মানুষের অধিকার রক্ষা করাই আমাদের অঙ্গীকার।”

    ৫ই আগস্টের পর থেকে দেশের বিভিন্ন প্রেক্ষাপটে সংঘটিত অন্যায় বা ক্ষতির প্রমাণ সংরক্ষণের আহ্বানও জানান তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা জামায়াতের দক্ষিণ সেক্রেটারি মো. আসাদুল ইসলাম মোল্লা, ইউনিয়ন সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি মাওলানা বেলয়েত হোসেন, যুব বিভাগের সভাপতি মো. রাশেদুল ইসলাম, মোহাম্মদ আবু তালেব, মাওলানা মো. শাহিনসহ অসংখ্য নেতাকর্মী।

  • সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ভ্যাকসিন না থাকায় গৃহবধূর মৃত্যু

    সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ভ্যাকসিন না থাকায় গৃহবধূর মৃত্যু

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ভ্যাকসিন না থাকায় বিষাক্ত সাপের কামড়ে পপি (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

    শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাগলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পপি ওই গ্রামের পারভেজের স্ত্রী।

    স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঘুম থেকে উঠে খাট থেকে নামার সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। মুহূর্তেই ক্ষতস্থানে রক্ত বের হতে শুরু করে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে সাপের ভ্যাকসিন না থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

     

  • “তৃণমূলই বিএনপির প্রাণ, তৃণমূল না থাকলে আমরাও থাকব না” মামুন মাহমুদ

    “তৃণমূলই বিএনপির প্রাণ, তৃণমূল না থাকলে আমরাও থাকব না” মামুন মাহমুদ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “তৃণমূলই বিএনপির প্রাণ। তৃণমূল না থাকলে আমরাও থাকব না।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, চাঁদাবাজি, দখলবাজিসহ অপকর্ম বন্ধ করতে হবে। এসব অপকর্মের কারণে বিএনপির বদনাম হচ্ছে এবং এর দায়ভার কেউ নেবে না। তিনি সতর্ক করে বলেন, “এখনও সময় আছে অপকর্ম থেকে সরে আসুন। না হলে জেলখানা আপনাদের জন্য অপেক্ষা করছে।”

    শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলার প্রতাপের চর এলাকায় উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত “বর্তমান প্রেক্ষাপটে তৃণমূলের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “কারো সঙ্গে হিংসা করবেন না, সাংবাদিকদের ভুল তথ্য দেবেন না এবং কোনো অন্যায়কারীকেও প্রশ্রয় দেওয়া হবে না। তৃণমূলের সঙ্গে ভাব দেখাবেন না, তাদের ভালোবাসুন ও পাশে থাকুন। সামনে আমাদের অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ করতে হবে। ক্লিন অপারেশন শুরু হতে পারে—সতর্ক থাকবেন।” তিনি আরও বলেন, “নির্বাচন আসলে নতুন প্রার্থী আসতেই পারে। তাই ঝগড়া না করে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের জন্য কাজ করতে হবে।”

    সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সেলিম হক রুমি, পৌরসভা বিএনপি সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম, সনমান্দি ইউনিয়ন সভাপতি শাফিরউদ্দিন মজনু, বৈদ্যেরবাজার ইউনিয়ন সভাপতি তাজুল ইসলাম সরকার, পিরোজপুর ইউনিয়ন সভাপতি মনিরুজ্জামান, সাদিপুর ইউনিয়ন সভাপতি কামরুজ্জামান মাসুম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার দীনা প্রমুখ।

    এ সময় সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর বিএনপির সভাপতি–সাধারণ সম্পাদকসহ সকল ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • জুলাই শহীদ–আহত স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫ অনুষ্ঠিত

    জুলাই শহীদ–আহত স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫ অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ :জুলাই–আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থানের আহত সম্মুখ যোদ্ধাদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাই, নারায়ণগঞ্জ এর আয়োজনে “জুলাই শহীদ–আহত স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১২ সেপ্টেম্বর) সোনারগাঁও উপজেলার বৈদ্দারবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া (রামগঞ্জ বালুর মাঠে) এ খেলা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  তুহিন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় যুবশক্তি–এনসিপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ হাবিবুর রহমান মোল্লা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ওয়ারিয়র্স অফ জুলাই ও আহ্বায়ক, ওয়ারিয়র্স অফ জুলাই, নারায়ণগঞ্জ, শাকিল সাইফুল্লাহ, প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি–এনসিপি, সোনারগাঁও উপজেলা, নুরজামাল হাসান, সদস্য, এডহক কমিটি, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, রাইসুল ইসলাম রিফাত, সদস্য, জাতীয় নাগরিক পার্টি–এনসিপি, নারায়ণগঞ্জ জেলা।

    অনুষ্ঠানের প্রোগ্রাম সমন্বয়ক ছিলেন—

    • মোঃ শাকিল, সংগঠক, ওয়ারিয়র্স অফ জুলাই, নারায়ণগঞ্জ (সোনারগাঁও উপজেলা)।
  • একজন শিক্ষিকার মানবিক আর্তনাদ: সোনারগাঁয়ে চিকিৎসা সেবার বেহাল চিত্র

    একজন শিক্ষিকার মানবিক আর্তনাদ: সোনারগাঁয়ে চিকিৎসা সেবার বেহাল চিত্র

    ঠিক আছে, আপনার বর্ণনার ভিত্তিতে ঘটনাটি সংবাদ আকারে সাজিয়

    সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চিকিৎসা ব্যবস্থার অব্যবস্থাপনা ও মানবিক সংকটের চিত্র ফুটে উঠেছে এক শিক্ষিকার কান্নাজড়িত অভিজ্ঞতায়। শুক্রবার মোগরাপাড়া চৌরাস্তায় তার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি স্থানীয় একটি পুরাতন প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসার পরিবর্তে উপেক্ষা ও অমানবিক আচরণের সম্মুখীন হন।

    শিক্ষিকা জানান, রোগীকে হাসপাতালে নেয়ার পরও কর্তৃপক্ষ কেউ এগিয়ে আসেনি। এমনকি প্রাথমিক সেবা—বিছানায় শোয়ানো বা প্রেসার চেক করার ব্যবস্থাও ছিল না। দীর্ঘ অনুরোধ ও পরিচয় দেয়ার পর অনিচ্ছাসত্ত্বেও রোগীকে একটি বেডে রাখা হয়। পরে মালিক ও কর্মীরা জানান, “রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যান।”

    তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “যদি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা না থাকে, তাহলে এমন হাসপাতাল কিভাবে অনুমোদন পায়?”

    পরে অনেক কষ্টে রোগীকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা দেখে ঢাকা মেডিকেল বা প্রো-অ্যাকটিভে নেয়ার পরামর্শ দেন। যদিও হাসপাতালের বাইরে থেকে আনা ইসিজি রিপোর্টে রোগীর অবস্থা মাঝারি ধরণের পাওয়া যায়, ডাক্তার জানান রোগী স্ট্রোক করেছেন।

    শিক্ষিকা বলেন, নিজের প্রচেষ্টা, মানসিক সাপোর্ট ও প্রাথমিক যত্নের ফলে তার স্বামী ধীরে ধীরে সুস্থতার দিকে ফেরেন। কিন্তু সরকারি হাসপাতালের চিকিৎসকও অসহায়ত্ব প্রকাশ করে বলেন, “এখানে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, কিছু হলে দায় নেব কিভাবে?”

    তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ডাক্তার হওয়ার আগে আল্লাহর কাছে প্রার্থনা করি তারা যেন মানবিক মানুষ হন। ব্যবসায়ী নয়, যেন প্রকৃত চিকিৎসক হয়ে ওঠেন। মানুষের জীবনের মুল্য যাদের কাছে নেই, তারা কিভাবে হাসপাতাল চালায়?”

    এ ঘটনায় এলাকায় প্রশ্ন উঠেছে— শুক্রবারে প্রাইভেট ও সরকারি হাসপাতালে যদি জরুরি সেবার ব্যবস্থা না থাকে, তাহলে সাধারণ মানুষ অসুস্থ হলে আশ্রয় নেবে কোথায়।

  • সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে নদীর জায়গা বালু ভরাট করে দখলের অভিযোগ

    সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে নদীর জায়গা বালু ভরাট করে দখলের অভিযোগ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নদীর জায়গা ও সরকারী খাস জমিতে আল- মোস্তফা কোম্পানির পক্ষে বালু ভরাট করার অভিযোগ উঠেছে । স্থানীয় বিএনপির নেতা আপন দুই ভাই এ ভরাট কাজ করছেন বলে অভিযোগ করেছে এলাকাবাসী। উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় মেঘনা নদীর শাখা মারীখালি নদীতে রাতের আধারে ড্রেজারের মাধ্যমে বালু ফেলে এ জমিগুলো দখল করা হচ্ছে। সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের বিরুদ্ধে এ বালু ভরাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
    তবে বিএনপি নেতার দাবি, তারা নিজের ও আল-মোস্তফা কোম্পানির ক্রয়কৃত জমিতে বালু ভরাট করেছেন। সেখানে কোন নদীর জায়গা নেই।
    জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর ব্রীজ এলাকায় মেঘনা নদীর শাখা মারীখালি নদীর জায়গা ও সরকারী খাস জমি দখল করে আল-মোস্তফা কোম্পানিকে বালু ভরাট করে দেয়ার দায়িত্ব দেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ ও তার ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলকে। অবৈধ ভরাটের ফলে এ নদীতে বিভিন্ন নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে পরেছে।
    এলাকাবাসীর দাবি,দীর্ঘদিন ধরে এ এলাকার কয়েক হাজার মানুষ এ নদীতে গোসল করা থেকে শুরু করে রান্নাবান্নার পানি নেয়ার জন্য এ স্থানটি ব্যবহার করতো। বর্তমানে বালু ভরাট করে ফেলার কারনে তা আর সম্ভব হচ্ছে না। মানুষের মাছ ধরার জীবিকাও নষ্ট করে ফেলা হয়েছে। নদীর জমির পাশাপাশি ব্যক্তিমালিকানা জায়গাও দখল নিয়েছেন তারা।
    সরেজমিনে গিয়ে দেখা যায়, আষাঢ়িয়ার চর ব্রীজের পূর্ব পাশে বির্স্তৃণ এলাকা জুড়ে শাখা নদীতে বালু ভরাট করে রাখা হয়েছে। মারীখালির নদীর মধ্যভাগে বাঁশের খুটি ও বেড়া দিয়ে বালু ভরাট করা হচ্ছে। সেখানে গেলে তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পান না।
    তবে বালু ভরাট কাজ করতে আসা এক শ্রমিক জানান, আব্দুর রউফ ও জলিল আল-মোস্তফা নামের কোম্পানির বালু ভরাট করেছেন।
    আষাঢ়িয়ার চর গ্রামের মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, এ নদী ভরাট প্রতিদিন রাতে বেলায় করা হচ্ছে। । দিনের বেলায় কোন কাজ করা হচ্ছে না।
    অভিযুক্ত সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ জানান, এখানে কোন নদীর জায়গা নেই। আমার জায়গা ও কোম্পানির ক্রয়কৃত জমিতে বালু ভরাট করা হয়েছে। নদী আরো এক প্লট পরে রয়েছে।
    কোম্পানীর চেয়ারম্যান আল-মোস্তফা জানান, এলাকাবাসী জায়গা ভরাট করছে।  এখানে আমাদের কোম্পানীরও  কিছু জমি রয়েছে। আমাদের জমিও ভরাট করা হচ্ছে। আমাদের জমি থেকে আড়াইশ’ ফুট দুরে হচ্ছে খাল। বিআইডব্লিউটিএ লোকও  মেপেছে। এখন যেহেতু বর্ষাকাল, সব জায়গায় খাল দেখা যায়। তাই তরা ভরাট কাজ বন্ধ রাখতে বলেছেন। বর্তমানে আমরা ভরাট কাজ বন্ধ করে দিয়েছি।
    হোসেনপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে বালু ভরাটের প্রমাণ পাওয়া গেছে। দখলদারদের তাদের স্বপক্ষের কাগজপত্র নিয়ে এসিল্যান্ড কার্যালয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
    সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান বলেন, সরকারি খাস সম্পত্তি ও নদীর জায়গা কাউকে দখল করতে দেয়া হবে না। ঘটনা স্থলে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে পাঠানো হয়েছে। দখলের প্রমাণ পাওয়া গেলে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
    বিআইডব্লিউটিএ মেঘনা ঘাট নদী বন্দরের উপ-পরিচালক মো. রেজাউল করিম বলেন, শাখা নদীগুলো বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) দেখভাল করবেন। কেউ নদীর জায়গা দখল করলে তিনি ব্যবস্থা নেবেন।

  • সোনারগাঁয়ে নিষিদ্ধ পলিথিন ব্যবহারে চার প্রতিষ্ঠানকে জরিমানা

    সোনারগাঁয়ে নিষিদ্ধ পলিথিন ব্যবহারে চার প্রতিষ্ঠানকে জরিমানা

    নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে নারায়ণগঞ্জে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে কাঁচপুর কাঁচাবাজারের চারটি প্রতিষ্ঠান থেকে প্রায় ১১৬ কেজি পলিথিন জব্দ করা হয় এবং মোট ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

     

    বুধবার (১০ সেপ্টেম্বর, ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা সমন্বয় করেন। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন দাখিল করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে এই চারটি প্রতিষ্ঠানকে ১৫(১) ধারায় জরিমানা করা হয়।

    জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, মহাসিন স্টোর: ২০ হাজার টাকা জরিমানা, ৯৫ কেজি পলিথিন জব্দ। বরিশাল স্টোর: ৯ হাজার টাকা জরিমানা, ১০ কেজি পলিথিন জব্দ। কুমিল্লা ভাই ভাই স্টোর: ১ হাজার টাকা জরিমানা, ২ কেজি পলিথিন জব্দ। আল্লাহ ভরসা স্টোর: ৯ হাজার টাকা জরিমানা, ৯ কেজি পলিথিন জব্দ।

    পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার, মজুদ ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • কাঁচপুরে মহাসড়ক দখলমুক্তে এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ

    কাঁচপুরে মহাসড়ক দখলমুক্তে এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি, কাঁচপুর অঞ্চল) ফাইরুজ তাসনীম, কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী, কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. শাহআলম এবং সোনারগাঁ থানার পুলিশ সদস্যরা।

    উচ্ছেদ অভিযানে মহাসড়কের দুই পাশে থাকা অন্তত এক হাজার অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে ফেলা হয়।

    অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন,
    “মহাসড়ককে যানজটমুক্ত ও দুর্ঘটনামুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ ছিল অবৈধ স্থাপনার কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

    তিনি আরও জানান, জনস্বার্থে মহাসড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

  • সোনারগাঁয়ে গিয়াসউদ্দিনের গণসংযোগ

    সোনারগাঁয়ে গিয়াসউদ্দিনের গণসংযোগ

    সোনারগাঁয়ে গিয়াসউদ্দিনের গণসংযোগ শুরু

    নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন ধানের শীষের পক্ষে দিনভর গণসংযোগ করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পথসভা ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

    গণসংযোগে গিয়াসউদ্দিন বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয়ের জন্য আমরা মাঠে নেমেছি। সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ আসনে ধানের শীষকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

    তিনি আরও প্রতিশ্রুতি দেন, সোনারগাঁয়ের শিক্ষা, উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবেন।

    এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, যুবদল নেতা সহিদুর রহমান স্বপন, সাবেক ছাত্রনেতা শাহাদাত হোসেন রনি, স্বেচ্ছাসেবক দলের নাসির উদ্দিন নাসিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

    সূত্র জানায়, সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে গণসংযোগ চালানো হবে। এ কর্মসূচি স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

  • সোনারগাঁয়ে মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

    সোনারগাঁয়ে মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পেছাইন, উটমা ও কোবাগা এলাকার উদ্যোগে মাদক ব্যবসায়ী, মাদক সেবী ও এশিয়ান হাইওয়ে সড়কের ছিনতাইকারীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    ৮ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে এশিয়ান হাইওয়ের পেছাইন এলাকায় আয়োজিত মানববন্ধনে শত শত স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও বিকেএমইএ’র পরিচালক নজরুল ইসলাম স্বপন। এছাড়া জামপুর ইউনিয়ন পরিষদের সদস্য বদরুজ্জামান বদু সহ এলাকাবাসীরা এতে যোগ দেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। পাশাপাশি এশিয়ান হাইওয়ে সড়কে সন্ধ্যার পর থেকেই ছিনতাইকারীরা সক্রিয় হয়ে ওঠে, প্রতিনিয়ত ঘটছে নানা অঘটন। এ অবস্থার দ্রুত প্রতিকার চেয়ে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

    এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, “মাদকের কালো ছোবলে পরিবার ও সমাজ ধ্বংস হচ্ছে। এ থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে, সন্তান কোথায় যায় তার খোঁজ রাখতে হবে। মাদকের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি এশিয়ান হাইওয়েতে ছিনতাইয়ের ঘটনায় প্রশাসনকে আরও কঠোর নজরদারি চালাতে হবে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।”

    তিনি আরও আশ্বস্ত করে বলেন, “মাদক ও ছিনতাই প্রতিরোধে এলাকাবাসীর পাশে সবসময় আছি এবং থাকব।”

  • ডাকসু নির্বাচনে ভুয়া পরিচয়ে প্রার্থী! নারায়ণগঞ্জের শিক্ষার্থী রায়ান ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    ডাকসু নির্বাচনে ভুয়া পরিচয়ে প্রার্থী! নারায়ণগঞ্জের শিক্ষার্থী রায়ান ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনে ভুয়া পরিচয়ে প্রার্থী হওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষার্থী মো. রায়ান ইসলামের বিরুদ্ধে।

    অভিযোগ রয়েছে, রায়ান ইসলাম নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র ও শহীদুল্লাহ হলের বাসিন্দা পরিচয় দিয়ে ডাকসু নির্বাচনে প্রার্থী দাবি করেন। তার প্রচারপত্রে তাকে “ডাকসু প্রার্থী” হিসেবে তুলে ধরা হয় এবং ব্যালট নম্বর ১৬১ ব্যবহার করা হয়। একইসাথে তিনি নিজেকে ‘রেড জুলাই’ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচয় দেন।

    কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত তালিকা অনুযায়ী, ব্যালট নম্বর ১৬১ বরাদ্দ ছিল ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী ও শহীদুল্লাহ হলের ভোটার মো. সজিব হোসাইনের জন্য। একইসাথে জানা গেছে, ‘রেড জুলাই’ সংগঠনের প্রকৃত প্রতিষ্ঠাতাও সজিব হোসাইন।

    অভিযোগ রয়েছে, ভুয়া পরিচয় ব্যবহার করে রায়ান ইসলাম নির্বাচনী প্রচারণা চালানোর পাশাপাশি নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল থেকে চাঁদা সংগ্রহ করেন। বিষয়টি প্রকাশ্যে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

    প্রকৃত প্রার্থী মো. সজিব হোসাইন বলেন,
    “এ ধরনের প্রতারণা শুধু আমার ব্যক্তি সুনাম নয়, বরং পুরো ডাকসু নির্বাচনের গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেছে। আমি চাই, প্রশাসন দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিক।”

    রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন,
    “এটা অত্যন্ত লজ্জাজনক যে, আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এমন কাজে জড়িয়েছে। প্রশাসনের উচিত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।”

    এ ঘটনায় সাধারণ মানুষও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলছেন, সময়মতো ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও শিক্ষার্থী বা তরুণ এ ধরনের প্রতারণায় উৎসাহী হয়ে উঠবে।

    অভিযুক্ত রায়ান ইসলামের সঙ্গে তার ব্যক্তিগত নম্বর +880 1975-794005-এ একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

    বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা আবারও প্রমাণ করেছে—শিক্ষাঙ্গনের বাইরে কোনো পরিচয় বা দাবি যাচাই না করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থেকেই যায়।