Blog

  • বিএনপি থেকে পদত্যাগ করলেন সোনারগাঁও পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ আবুল হোসেন

    বিএনপি থেকে পদত্যাগ করলেন সোনারগাঁও পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ আবুল হোসেন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সোনারগাঁও পৌরসভা শাখার সভাপতি মোঃ আবুল হোসেন আজ আনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ বুধবার (১৮ মে) তার স্বাক্ষরিত এক চিঠিতে তিনি এই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

    পদত্যাগ পত্রে তিনি লিখেন দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও শ্রমিক দলের সাথে নিবিড়ভাবে যুক্ত থেকে বহু ত্যাগ ও সংগ্রামের সাক্ষ্য বহন করেছেন তিনি। নিজ ভাষায়, “দলের জন্য নির্যাতন সহ্য করেছি, মার খেয়েছি, জেল খেটেছি, মিথ্যা মামলার শিকার হয়েছি। তবুও বিপদের সময় দলকে একা ফেলিনি।”

    তবে সাম্প্রতিক সময়ে দলের ভেতরে কিছু সুবিধাভোগী এবং হাইব্রিড নেতাদের কারণে যথাযথ সম্মান না পাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, “ত্যাগের মূল্য না পেয়ে আজ আমি অবহেলার পাত্র। তাই গভীর কষ্ট থেকে আমি বিএনপি দল থেকে পদত্যাগ করছি।”

    এই পদত্যাগে নারায়ণগঞ্জ জেলার শ্রমিক দল ও বিএনপির স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দলীয় ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার অভিযোগ নতুন করে সামনে এসেছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

     

  • সোনারগাঁয়ে গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই

    সোনারগাঁয়ে গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই

    সোনারগাঁ :সোনারগাঁয়ে একটি খালপাড় থেকে গলাকাটা অবস্থায় রতন নামের এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

    গতকাল মঙ্গলবার (১৭ জুন) রাতে রূপগঞ্জ উপজেলার দিঘি বরাবো এলাকা থেকে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তাররা হলেন- রূপগঞ্জ উপজেলার দিঘি বরাবো এলাকার ইউনুস প্রধানের ছেলে ইসমাইল প্রধান (২৪), এবং একই থানার মোঘড়াকুল গ্রামের মনির হোসেনের ছেলে ওসমান গনি (২৩)। নিহত রতন (৪০) সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে।

    স্ত্রী ও সন্তান নিয়ে রূপগঞ্জের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

     

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড়ের বেরিবাঁধের পূর্ব পাশে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

    র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

    পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সোনারগাঁয়ে খালপাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

    সোনারগাঁয়ে খালপাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:;নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামানগর খালপাড় বেরিবাঁধের পূর্বপাশ থেকে রতন (৩৮) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    রোববার (১৭ জুন) সকাল ৮টার দিকে স্থানীয়রা খালপাড়ে মরদেহটি দেখতে পেয়ে সোনারগাঁ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

    নিহত রতন কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী-সন্তানসহ নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, নিহত রতন একজন মাদকাসক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

  • সোনারগাঁয়ে ওলামা দলের আহবায়ক কমিটি গঠন

    সোনারগাঁয়ে ওলামা দলের আহবায়ক কমিটি গঠন

    পরিমল বিশ্বাস:
    নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার, ১৫ জুন সকালে নোয়াগাঁও ইউনিয়নের বিষনন্দী বাজারে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে উপজেলার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

    অনুষ্ঠানে মাওলানা ওমর ফারুককে আহ্বায়ক, মাওলানা মোজ্জামেল হককে সদস্য সচিব এবং মাওলানা দেলোয়ার হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

    সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা ওমর ফারুক এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা মোজ্জামেল হক।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাকারিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মামুন, যিনি নবঘোষিত কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান (উদ্বোধক), বিশেষ অতিথি হিসেবে, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম ভুইঁয়া, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হালিম, ওলামা দল নেতৃবৃন্দ হাফেজ মাওলানা নাসির উদ্দীন, মাওলানা শাহজালাল, আব্দুল মতিন, মুফতি জসিম উদ্দিন, মাসুদ প্রমুখ।

    বক্তারা তাদের বক্তব্যে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নেতাকর্মীরা দেশের সংকটে ত্যাগ স্বীকার করেছেন, জেল-জুলুম সহ্য করেছেন। সঠিক নেতৃত্বের মাধ্যমে দল আরও সুসংগঠিত হবে এবং দুঃসময়ে যারা কাজ করেছেন, তাদেরই সম্মান ও মূল্যায়ন করা হবে।”

    নবনির্বাচিত আহ্বায়ক মাওলানা ওমর ফারুক বলেন, “উপজেলার দায়িত্ব নিয়ে আমি সাধারণ মানুষের পাশে থাকতে চাই। নতুন কমিটির সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে ওলামা দলকে সুসংগঠিত করে তুলব। সকলের কাছে দোয়া চাই।”

     

  • সোনারগাঁয়ের সংসদ সদস্য প্রার্থী জামায়েত নেতার গণসংযোগ

    সোনারগাঁয়ের সংসদ সদস্য প্রার্থী জামায়েত নেতার গণসংযোগ

    রুহুল আমিন: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য এমপিপ্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং এডুকেশন সোসাইটির সেক্রেটারি প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া গণসংযোগ করেছেন।

    শনিবার (১৪ জুন) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও হতে হোসেনপুর বাজার পর্যন্ত গণসংযোগ করেন তিনি।

    গণসংযোগকালে ড. ইকবাল হোসাইন ভূঁইয়া উপস্থিত সকলের উদ্দেশে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চাই। আমারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন তিনি।

    তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা গত ১৭ বছর জামায়াত, ছাত্রশিবির ও বিএনপির ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও কোনো কিছুতেই জামায়াতে ইসলামী এক মুহূর্তের জন্য থেমে থাকেনি, থেমে যায়নি। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে।

    এসময় উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি মো. আসাদ উল্লাহ, জামায়াত নেতা ও সৌদি প্রবাসী মো. হোসেন, যুব বিভাগের নেতা সোহানুর রহমান সবুজ, জামায়াত নেতা ও ব্যবসায়ী শাহ আলম, রিজভীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

  • সাংবাদিক মোক্তার হোসেন মোল্লার মায়ের ইন্তেকাল

    সাংবাদিক মোক্তার হোসেন মোল্লার মায়ের ইন্তেকাল

    শোক সংবাদ:

    সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাব এর নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা মোক্তার হোসেন মোল্লার মা হাজী সাফিয়া খাতুন (৯৮) আজ শনিবার ভোর ৫ টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    তার নামাজের জানাযা আজ শনিবার বেলা ১১ টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

  • সোনারগাঁয়ে প্রাচীন স্থাপত্যকীর্তি কোম্পানিকা সেতু রক্ষার দাবীতে মানববন্ধন

    সোনারগাঁয়ে প্রাচীন স্থাপত্যকীর্তি কোম্পানিকা সেতু রক্ষার দাবীতে মানববন্ধন


    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাচীন স্থাপত্যকীর্তি কোম্পানিকা সেতু রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে ‘সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রতœসম্পদ সংরক্ষণ কমিটি’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে।
    মানববন্ধনে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রতœ সম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কবি রহমান মুজিব, সোনারগাঁ প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেল, সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রতœসম্পদ সংরক্ষণ কমিটি’র সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সংস্কৃতিকর্মী ও ব্যাংকার মতিউর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোফাখ্খার সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, ব্যাবসায়ী মোঃ মহিউদ্দিন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের তথ্য ও প্রযুক্তি সম্পাদক এরশাদ হুসাইন অন্য, নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী, শিক্ষিকা শামীমা নাসরিন ও সংগঠক খাদিজা আক্তার।
    এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইমরান হোসেন, রাসেল আহমেদ ও ইসকান্দার আলী আলভী প্রমূখ।
    মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁও ছিল প্রাচীন বাংলার রাজধানী। এ অঞ্চলে বহু প্রত্মসম্পদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসব প্রত্ম সম্পদের মধ্যে কোম্পানিকা সেতু অন্যতম। যেটি স্থানীয় ভাবে পিঠাওয়ালী ব্রীজ নামে পরিচিত। এ প্রাচীন সেতুটি যথাযথ সংরক্ষণের অভাবে অযত্নে অবহেলায় এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।
    এ সেতুটির দুই প্রান্তে বিকল্প সড়ক তৈরি করা হলেও সেতুটি দিয়ে ভারি যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। সেজন্য  সেতুটি বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে। সেতুটির বেশির ভাগ অংশ ইতিমধ্যে ধসে পড়েছে। তাই অবিলম্বে এ প্রত্মসম্পদকে সংস্কারের মাধ্যমে সংরক্ষণ করার জন্য প্রশাসনের কাছে দাবী জানান বক্তারা।

  • সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

    সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

    সোনারগাঁ: পূর্ব শত্রুতার জের ধরে হামলার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে সোনারগাঁ থানার একটি টিম তাকে নিজ বাড়ি চেঙ্গাকান্দি এলাকা থেকে আটক করে।

    জাহাঙ্গীর বারদি ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

    উল্লেখ্য, গত বছরের ২৯ মার্চ নাছিরউদ্দিন নামে এক ব্যক্তিকে পূর্ব পরিকল্পিতভাবে পথরোধ করে জাহাঙ্গীরসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করেন। এ ঘটনায় আহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর মামলায় জাহাঙ্গীরসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এছাড়া জাহাঙ্গীর বিগত আওয়ামী সরকারের আমলে ৫০ টি তোরণ তৈরী করে সাবেক এমপি কায়সার হাসনাতের হাত ধরে আওয়ামী লীগের রাজনীতি যোগ দেন। এরপর সে বেপরোয়া জীবন যাপন শুরু করে। এলাকায় এমন কোন অপকর্ম নেই যে জাহাঙ্গীর ও সাঙ্গপাঙ্গরা করতো না। নিরিহ মানুষকে বিনা কারণে হামলা মামলা ছিলো তাদের নিত্যদিনের সঙ্গী। তার হাত থেকে রক্ষা পায়নি গোয়ালের গরু পযর্ন্ত। অবশেষে দীর্ঘদিন আত্ম গোপনে থাকার পর আজ শুক্রবার তাকে সোনারগাঁ থানা পু্লিশ গ্রেপ্তার করে।

    পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হবে।

  • আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ফেন্সি সোহেল মেম্বার ও সহযোগী ফজু গ্রেফতার

    আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ফেন্সি সোহেল মেম্বার ও সহযোগী ফজু গ্রেফতার

    সোনারগাঁ: নারায়ণগঞ্জের আড়াইহাজারের কুখ্যাত সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল (৩৮) এবং তার সহযোগী ফজলুল হক ফজু (৩০) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

    ১৩ জুন ভোরে কুমিল্লার দাউদকান্দি ব্রিজ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার সোহেল ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এলাকায় সে ফেন্সি সোহেল নামে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, মাদক, চুরি ও অপহরণসহ ১৪-১৫টি মামলা রয়েছে।

    তার সহযোগী ফজু’র বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা। তারা দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল বলে র‍্যাব জানায়।

    গ্রেফতারকৃতদের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সোনারগাঁয়ে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত খানের বিরুদ্ধে অভিযোগ

    সোনারগাঁয়ে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত খানের বিরুদ্ধে অভিযোগ

    সোনারগাঁ:

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের কাছ থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ শান্ত খানের বিরুদ্ধে।

    ঘটনাটি ঘটে উপজেলার সাদীপুর ইউনিয়নের লস্করবাড়ি এলাকায়। অভিযোগে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ রিপন (২৫), পিতা মোঃ আলী হোসেন মিয়া—কে পুলিশ গ্রেফতার করলে শান্ত খান দলীয় প্রভাব খাটিয়ে দলবল নিয়ে তাকে ছিনিয়ে নেয়।

    তালতলা তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ সেলিম মিয়া জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আসামি রিপনকে গ্রেফতার করে হাতকড়া পরানো হয়। কিন্তু আসামিকে থানায় আনার পথে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত খান দলবল নিয়ে এসে তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় এবং আমাদের ওপর হামলার চেষ্টা করে।”

    এ বিষয়ে বক্তব্য জানতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলার স্বেচ্ছাসেবক দল সভাপতি মোঃ সালাউদ্দিন সালুকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

    এদিকে নারায়ণগঞ্জ (বি) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলী ইমাম বলেন, “এই বিষয়ে এখনো আমি কিছু জানি না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

  • “বিএনপির সুনাম নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে” — আজহারুল ইসলাম মান্নান

    “বিএনপির সুনাম নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে” — আজহারুল ইসলাম মান্নান

    পরিমল বিশ্বাস:

    স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    ১২ জুন, বৃহস্পতিবার বিকেলে সনমান্দী স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহাগ প্রধান।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। তিনি তার বক্তব্যে বলেন,

    “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে আমরা তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিএনপির কোনো সুনাম যেন নষ্ট না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। যারা দলের জন্য ত্যাগ করেছেন, জেল খেটেছেন—দল অবশ্যই তাদের মূল্যায়ন করবে। সাধারণ মানুষের পাশে থেকে জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। কেউ যেন কারো ওপর অত্যাচার না করে, জমি দখল না করে—এই ব্যাপারে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি।”

    প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার, সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দিন মজনু, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, সাদিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, বৈদ্যেরবাজার ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ মেম্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, যুবদলের সাবেক নেতা হারুন রশিদ মিঠু, যুবদল নেতা ইব্রাহিম সরকার সোহেল, মাসুম বিল্লাহ, রাকিব হাসান, ছাত্রদলের সাবেক সহসভাপতি মেহেদী হাসানসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

  • সোনারগাঁয়ে অজ্ঞাতভাবে ফেলে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার

    সোনারগাঁয়ে অজ্ঞাতভাবে ফেলে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি এলাকায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    ১২ জুন (বৃহস্পতিবার) সকালে স্থানীয়রা বড়িবাড়ি এলাকার রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

    নিহতের পরিচয় পাওয়া গেছে। তিনি আড়াইহাজার উপজেলার মারুয়াদি এলাকার নুর মোহাম্মদের ছেলে সবুজ (৩৫)।

    স্থানীয়দের ধারণা, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা রাতের আঁধারে সবুজের মরদেহ এখানে ফেলে রেখে যায়।

    পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সোনারগাঁয়ে নোয়াগাঁওয়ে মাদকবিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা

    সোনারগাঁয়ে নোয়াগাঁওয়ে মাদকবিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতার গুরুত্ব বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১১ জুন) বিকেলে পরমেশ্বদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন ওয়ান আমব্রেলা

    সংগঠনের সভাপতি কাউছার আহম্মেদ শেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব

    সভায় আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নোবেল, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদল নেতা করিম রহমান ও ইব্রাহিম সরকার সোহেল, ওয়ান আমব্রেলা সংগঠনের সাধারণ সম্পাদক তুহিনুর রহমান ও কোষাধ্যক্ষ তানভীর আহম্মেদ।

    সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। একটি পরিবারের একজন সদস্য মাদকে জড়ালে পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

    বক্তারা আরও বলেন, যারা মাদক ব্যবসায় জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে যুব সমাজকে রক্ষা করতে হবে। প্রত্যেক অভিভাবককে নজর রাখতে হবে, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এ বিষয়ে সচেতন থাকতে হবে যাতে তারা কোনো খারাপ সঙ্গের প্রভাবে না পড়ে।

    সমাজ থেকে মাদক নির্মূল করতে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

  • সোনারগাঁয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    পরিমল বিশ্বাস, সোনারগাঁ:

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেলে পেকেরচর বালুর মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে টাইব্রেকারে বিষনন্দী একাদশ ৩-০ গোলে বারদী মিশ্রিপাড়া একাদশকে পরাজিত করে শিরোপা জয় করে।

    নির্ধারিত সময়ের মধ্যে উভয় দল গোল করতে ব্যর্থ হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বিষনন্দী একাদশ অনায়াসে তিনটি গোল করে জয় নিশ্চিত করে।

    খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য বি এম ডালিম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান।

    অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফারুক পারভেজ, উপজেলা জাসাস সভাপতি আমির হোসেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ কবির হোসেন, ফরহাদ আহমেদ তুহিন ও আসাদুল্লাহ প্রমুখ।

    বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সহায়তা করে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের আয়োজনে ভবিষ্যতের জাতীয় মানের খেলোয়াড় তৈরি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

  • সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে হামলা: নারীসহ আহত ৭, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

    সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে হামলা: নারীসহ আহত ৭, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

    সোনারগাঁ (নারায়ণগঞ্জ), ১০ জুন: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। হামলায় নারীসহ অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, দেশীয় অস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসী ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও শ্লীলতাহানির মতো ঘটনা ঘটায়।

    অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ জুন সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় নিলু নামের এক নারী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগে জানান, প্রতিবেশী আব্দুল কাদের, মো. জুয়েল (২৪), মো. তুহিন (২২), মো. শরীফ (৩৮), ইয়াছিন (৩৩), আব্দুস সাত্তার (৬৫), আমানুল্লাহ (৩০), কবির হোসেন, সামিম (৩২), হাসেল (২৫), সাইদুল (২০) ও তাদের সহযোগী আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি একযোগে তার বাড়িতে হামলা চালায়।

    হামলাকারীরা লোহার রড, চাপাতি, চাইনিজ কুড়াল, এসএস পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে ঘরের দরজা-জানালা ভাঙচুর করে প্রায় ৭০-৮০ হাজার টাকার মালামালের ক্ষতি করে। হামলার একপর্যায়ে তারা নিলুর ভাই খোরশেদ আলম, মোশারফ হোসেন, সানাউল্লাহ, জানে আলম, তোফাজ্জল হোসেনসহ পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করা হয়।

    অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা নিলুর বোনের গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়, যার মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা। পাশাপাশি তার বোনকে শ্লীলতাহানির চেষ্টা করে। হামলার সময় ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং যাবার সময় প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

    আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

    এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

  • উপজেলার নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সম্মাননা ও পুনর্মিলনী

    উপজেলার নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সম্মাননা ও পুনর্মিলনী

    পরিমল বিশ্বাস:
    সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে ২০১২ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক বর্ণাঢ্য সম্মাননা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৯ জুন) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়াম হলরুমে এই আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষার্থীরা।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন এবং সহকারী প্রধান শিক্ষক আলী হোসেন। বিশেষ অতিথি ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, হাইজাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুল ইসলামসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষকবৃন্দ এবং ২০১২ ব্যাচের শিক্ষার্থীরা।

    প্রাক্তন শিক্ষার্থীরা তাদের অনুভূতিতে বলেন, “শিক্ষকরা আমাদের বাবা-মার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিভাবক। তাদের শিক্ষা, শাসন ও ভালোবাসা আমাদের জীবনে দিশা দেখিয়েছে। এই সম্মাননা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার সামান্য বহিঃপ্রকাশ। আমরা সব সময় আপনাদের পাশে আছি, যেমনটি সন্তান তার অভিভাবকের পাশে থাকে।”

    শিক্ষকরাও তাদের বক্তব্যে শিক্ষার্থীদের জন্য শুভ কামনা জানান। তারা বলেন, “তোমরা আমাদের গর্ব। শিক্ষা গ্রহণ করে ভালো মানুষ হও, ভালো প্রতিষ্ঠানে কাজ করো—এই আমাদের প্রার্থনা। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মা-বাবার দোয়া ও আশীর্বাদ নিও। আমরা চাই তোমরা জীবনে আরও সামনে এগিয়ে যাও।”

    আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন আরও দৃঢ় হবে বলে তারা আশাবাদী।