Blog

  • সোনারগাঁয়ে সামাজিক সংগঠনের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

    সোনারগাঁয়ে সামাজিক সংগঠনের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকমঃ বহু দলীয় গনতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।

    শুক্রবার বিকেলে নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সামাজিক সংগঠন বিশনাদী উন্নয়ন পরিষদের আহবায়ক মোঃ সারোয়ার হোসেন এ আয়োজন করেন। নোয়াগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের প্রতিটি মসজিদে জুমার নামাজ আদায়ের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।

    শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপস্থিত সকলে বিনম্র শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করেন। এছাড়াও মোহাম্মদ সারোয়ার হোসেন বানেশ্বরদী আবুযর গিফারী রা: মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহু দলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার অবদানের কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, যতদিন বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম দেশ থাকবে, ততদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। উক্ত দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন- বিশনাদী উন্নয়ন পরিষদের আহবায়ক মোহাম্মদ সারোয়ার হোসেন। এ সময় মাওলানা মোঃ রাশেদ ও আলেম ওলামাগন, মাদ্রসার সকল এতিম ছাত্র ছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশনাদী গ্রামের সমাজসেবক মোহাম্মদ ফাইজুল ইসলাম,
    জসিমউদ্দীন, ডালিম, রুবেল প্রমুখ।

  • চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ, পাল্টা দাবি বলাৎকারের

    চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ, পাল্টা দাবি বলাৎকারের

    নারায়ণগঞ্জ (সোনারগাঁ):

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় চাঁদা না দেওয়ায় আব্দুল মতিন মুন্সী (৫৫) নামে এক বিএনপি নেতাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের সাবেক এক নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ভুক্তভোগীর মেয়ে মহিতুন নেছা ১০ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    অভিযোগে বলা হয়েছে, উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় ‘হৈচৈ পার্ক’ নামে একটি ব্যবসা পরিচালনা করে আসছিলেন আব্দুল মতিন। কয়েকদিন আগে শম্ভুপুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফারুক তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। মতিন মুন্সী দুই লাখ টাকা দেওয়ার পরও অবশিষ্ট অর্থের জন্য তাকে নিয়মিত হুমকি দেওয়া হয়।

    সর্বশেষ গত ২৮ মে সন্ধ্যায় চরকিশোরগঞ্জ ফেরিঘাট এলাকায় পুনরায় চাঁদা চাইলে মতিন তা দিতে অস্বীকার করেন। তখন ফারুক ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে হাত-পায়ের হাড় ভেঙে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

    অভিযুক্তদের মধ্যে রয়েছেন—ফারুক (৩২), শহিদ (২৭), বাবু (২৭), রিমন (২৬), সোহাগ (২২), শাহাদাৎ হোসেন (৩০), মাসুদ (২৪), ফয়জল হক (৩০), মহিন (২৮) ও সাব্বির (২৪)। আহত মতিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

    এ বিষয়ে অভিযুক্ত মো. ফারুক ফোনে বলেন, “আব্দুল মতিন সম্প্রতি এক শিশুকে বলাৎকারের চেষ্টা করেন। এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। এর আগেও তিনি এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আপনি চাইলে এলাকায় গিয়ে মানুষের কাছে শুনতে পারেন।”

    তবে ঘটনার সত্যতা নিশ্চিত বা অস্বীকার না করে সোনারগাঁ থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    উল্লেখ্য, আব্দুল মতিন মুন্সী সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক।

  • বন্দরে মাটি কাটায় দুই জনকে অর্থদন্ড

    বন্দরে মাটি কাটায় দুই জনকে অর্থদন্ড

    বন্দরে  ইটভাটায় বিক্রির জন্য ভেক্যু দিয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে নেওয়ার সময় ২ জনকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    গত মঙ্গলবার ২৭মে বিকেল ৫টায়  বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের মনারবাড়ি এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন বন্দর সহকারী কমিশনার(ভুমি) রহিমা আক্তার ইতি।

    বন্দর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রহিমা আক্তার ইতি জানান, ব্যক্তি মালিকানাধীন জমির মাটি অবৈধভাবে কেটে নেওয়ার ব্যাপারে তার কাছে লিখিত অভিযোগ দেন স্থানীয়রা। অভিযোগ পেয়ে বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি বন্দরের মনারবাড়ি এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।

    এ সময় তিনি সুজন নামের এক ব্যক্তিকে ভেক্যু দিয়ে মাটি কাটতে দেখেন এবং  ভ্রাম্যমান আদালতের তাৎক্ষণিকভাবে মাধ্যমে তার কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেন। এরপর মাটি পরিবহনের সময় আলআমিন নামের অপরজনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন। জরিমানা প্রদানকারী সুজন(২৩) নোয়াখালী সদর থানার দক্ষিণ নাজিরপুর এলাকার জসিমউদ্দিনের ছেলে ও আল আমিন(৪০) কুমিল্লার দাউদকান্দি থানার পাইদার চর এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে।

  • সোনারগাঁয়ে ছাগলকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দাদা-নাতিকে বেধড়ক মারধর

    সোনারগাঁয়ে ছাগলকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দাদা-নাতিকে বেধড়ক মারধর

    নিজস্ব প্রতিবেদক:
    নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পিরোজপুর ইউনিয়নের বড় কোরবানপুর গ্রামে ছাগলকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই শিশু ও তাদের দাদাকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে স্থানীয় নাসির উদ্দিন, আলী আব্বাস ও ইয়াসিনসহ কয়েকজনকে।

    ভুক্তভোগী পরিবার জানায়, গত ১০ মে (শনিবার) বিকেলে ফাহিম হোসেন (১২) ও ফরহাদ হোসেন (১০) পার্শ্ববর্তী কাঠবাগানে ছাগল চরাতে গেলে প্রতিবেশী আলী আব্বাস, নাসির উদ্দিন ও ইয়াসিন গং তাদের ওপর চড়াও হন। তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে তারা দুই শিশুকে বেধড়ক মারধর করেন।

    পরবর্তীতে এলাকাবাসীর মধ্যস্থতায় সালিশি বৈঠকের চেষ্টা হলেও বিষয়টির সমাধান না হওয়ায় ভুক্তভোগী পরিবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

    এরই জের ধরে, গত সোমবার রাতে দুধঘাটা কবরস্থান এলাকায় সাহেব আলী (৭০) নামের বৃদ্ধকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে অভিযুক্তরা। তার মাথায় একটি, হাতে দুটি এবং পায়ে একটি ধারালো অস্ত্রের কোপ লাগে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলেও, পরে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার প্রচুর রক্তক্ষরণ হয় বলে জানা গেছে।

    আহত সাহেব আলী জানান, “আমার নাতিদের ওপর হামলার পর আমি আইনের আশ্রয় নিয়েছিলাম, সেই কারণেই আজ আমাকে কোপানো হয়েছে। আমি সঠিক বিচার চাই।”

    এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

  • সোনারগাঁয়ে গভীর রাতে ১২ লাখ টাকার ৫টি গরু চুরি

    সোনারগাঁয়ে গভীর রাতে ১২ লাখ টাকার ৫টি গরু চুরি

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এক গৃহস্থের গোয়াল ঘর থেকে গভীর রাতে ১২ লক্ষাধিক টাকার গরু চুরির অভিযোগ পাওয়া গেছে।

    ভুক্তভোগী মোসাঃ তাসলিমা জানান, তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করে আসছেন। প্রতিদিনের মতো গত ২৩ মে রাতে তিনি তার খামারে থাকা ২টি ষাড়, ২টি গাভী ও ১টি বাছুর মোট ৫টি গরু গোয়াল ঘরে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন।

    পরদিন ২৪ মে ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের সময় গোয়াল ঘরে গিয়ে তিনি দেখেন, তালা ভাঙা এবং গরুগুলো আর সেখানে নেই। এসময় সেখানে চোরদের আনা দুইটি রামদা পাওয়া যায়।

    ভুক্তভোগীর ধারণা, রাত আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে ৪টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা দেশীয় অস্ত্র নিয়ে গোয়ালঘরে প্রবেশ করে গোয়াল ঘরের তালা ভেঙে গরুগুলো চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ১২ লাখ ১০ হাজার টাকা বলে তিনি জানান।

    তিনি আরও জানান, এ বিষয়ে পাশ্ববর্তী ও হাইওয়ে এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

    এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

  • সোনারগাঁয়ে তিতাসের মোবাইল কোর্টের অভিযানে ১২শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    সোনারগাঁয়ে তিতাসের মোবাইল কোর্টের অভিযানে ১২শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    পরিমল বিশ্বাস: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি ও নয়াপুর এলাকায় ১২০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ২৬ মে, সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।

    তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, প্রায় ৩ কিলোমিটার জুড়ে ৫০০টি বাড়িতে ব্যবহৃত ১২০০টি চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বড়িবাড়ি ও নয়াপুর রিয়া মহলের বিপরীত পাশে ২টি স্থানে অভিযান চালিয়ে প্রতিটি অবৈধ সংযোগের উৎসস্থলে কিলিং ক্যাপিং করা হয়েছে।

    অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হাসিবুর রহমান এবং তিতাস গ্যাসের জেনারেল ম্যানেজার আনোয়ারুল আজিম।

    তিতাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারা সতর্ক করে বলেন, “যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।”

  • সোনারগাঁয়ে অস্থায়ী হাটের ইজারা কত টাকায় পেলেন যারা

    সোনারগাঁয়ে অস্থায়ী হাটের ইজারা কত টাকায় পেলেন যারা

    সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে কোরবানির ঈদ উপলক্ষে ২০২৫ সালের জন্য অস্থায়ী পশুর হাট বসানোর উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। ইতোমধ্যে বিভিন্ন হাটের ইজারা প্রদান সম্পন্ন হয়েছে। মোট ১৪টি অস্থায়ী পশুর হাটের ইজারাদারদের নাম ও ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে।

    ইজারাকৃত অস্থায়ী হাট ও ইজারাদারদের তালিকা:

    ১. হোসেনপুর কবরস্থান সংলগ্ন বিল্লাল বেপারীর বাড়ীর পাশের হাট, ৩৮ হাজার ৫শত টাকায় ইজারা পেয়েছেন আলী আহম্মেদ।

    ২. মঙ্গলেরগাঁও গিয়াস উদ্দিনের বালুর মাঠ হাট ৩৬ হাজার টাকয়, ইজারা পেয়েছেন জালাল উদ্দিন।

    ৩. মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠ হাট ৪৪ হাজার টাকায় ইজারা পেয়েছেন  আলহাজ্ব জয়নাল আবেদীন মেম্বার।

    ৪. খুলিয়াপাড়া বালুর মাঠ হাট ৫৫ হাজর ৫শত টাকায় ইজারা পেয়েছেন মোস্তফা কামাল বাবুল।

    ৫. বৈদ্যেরবাজার লঞ্চঘাট সংলগ্ন মাঠ হাট ১ লাখ ২৩ হাজার টাকায় ইজারা পেয়েছেন  মোঃ শফিউদ্দিন ভূইয়া।

    ৬. অলিপুরা বাজার সংলগ্ন হাট ৪০ হাজার টাকায় ইজারা পেয়েছেন  মোহন মিয়া।

    ৭. ধন্ধীর বাজার হাট ৬০ হাজার ৭শত টাকায় ফরহাদ আহমেদ তুহিন।

    ৮. ভটেরপাড়া করিম বেপারীর বালুর মাঠ সংলগ্ন হাট ৪ লাখ ৫১ হাজার ২শত টাকায়, ইজারা পেয়েছেন মোঃ আলমগীর হোসেন।

    ৯. তালতলা বালুর মাঠ হাট ৭২ হাজার টাকায় , ইজারা পেয়েছেন মোঃ গোলজার হোসেন।

    ১০. মুন্দিরপুর নোয়াদ্দা বাবু বাজার হাট ১ লাখ ২৬ হাজার টাকায় ইজারা পেয়েছেন  মোঃ জাকির হোসেন বাবুল।

    ১১. নয়াপুর বাগানবাড়ী হাট ৮ লাখ ২০ হাজার টাকায় ইজারা পেয়েছেন সেলিম সরকার।

    ১২. চৌড়াপাড়া হাট  ৩৫ হাজার টাকায় ইজারা পেয়েছেন মোঃ শাহজালাল।

    ১৩. গঙ্গাপুর বাজার সংলগ্ন বালুর মাঠ হাট ১ লাখ ৪০ হাজার টাকায় ইজারা পেয়েছেন জনাব মোঃ সালাউদ্দিন।

    ১৪. কাঁচপুর ইউনিয়নের পাঠাহাত্তা বালুর মাঠ হাট – (ইজারাদারের নাম অনুল্লিখিত)

    উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠুভাবে পশুর হাট পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক তদারকি থাকবে। হাটগুলোতে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ভেটেরিনারি টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম প্রস্তুত থাকবে।

  • নয়াপুর গরু হাটের ইজারা পেলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির নেতা হাজী সেলিম সরকার

    নয়াপুর গরু হাটের ইজারা পেলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির নেতা হাজী সেলিম সরকার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর গরু হাটের ইজারা পেয়েছেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির প্রভাবশালী নেতা হাজী সেলিম সরকার। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ দরদাতা হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

    ইজারা পাওয়ার পর প্রতিক্রিয়ায় হাজী সেলিম সরকার বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন গরুর হাটের ইজারা থেকে বঞ্চিত ছিল। এখন সেই স্বৈরাচারের পতনের পর আমরা আবারও ইজারায় অংশগ্রহণ করতে পারছি। আমি আমার সকল সহকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে হাট পরিচালনা করবো।”

    তিনি আরও বলেন, “এই বছর অন্য যেকোনো সময়ের তুলনায় হাঁসিলের হার কম থাকবে। গরু ক্রেতা-বিক্রেতাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। সকলের সহযোগিতা কামনা করছি, যেন একটি সুন্দর ও সুশৃঙ্খল হাট পরিচালনা করা যায়।”

    এদিকে নয়াপুর গরু হাটের ইজারা পেয়ে সাদিপুর ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

  • সোনারগাঁ থেকে গিয়াসউদ্দিনকে এমপি প্রার্থী করার দাবি

    সোনারগাঁ থেকে গিয়াসউদ্দিনকে এমপি প্রার্থী করার দাবি

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানিয়েছেন সোনারগাঁ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।

    শনিবার (২৪ মে) বিকেলে সোনারগাঁয়ের পানাম নগরে তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ গিয়াসউদ্দিন। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল।

    সভায় গিয়াসউদ্দিন বলেন, “আমি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির একজন সদস্য। সেই সুবাদে আমার রাজনীতির ক্ষেত্র পুরো বাংলাদেশ জুড়ে। সোনারগাঁয়ে আমার দীর্ঘদিনের সম্পর্ক, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব রয়েছে। এখানকার মানুষের সঙ্গে আমার আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে। আপনাদের এই আন্তরিকতা ও আস্থার জন্য আমি কৃতজ্ঞ।”

    তিনি বলেন, “২০০১ সালের নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে বিএনপি বিজয়ী হয়েছিল। আবার সেই বিজয়ের পুনরাবৃত্তি ঘটাতে আমাদের সংগঠিত হয়ে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে। এ সময়ে দলের ভেতরে লোভী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কিছু লোকের কারণে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমাদের উচিত জনগণের আস্থা ও ভালোবাসা ফিরিয়ে আনা।”

    সভায় গিয়াসউদ্দিন আরও বলেন, “আপনারা দাবি করেছেন আমি যেন নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচনে দাঁড়াই—আপনারা এ দাবি করতেই পারেন। তবে প্রার্থী মনোনয়ন দেওয়ার দায়িত্ব আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের, এবং সর্বোপরি আল্লাহর ফয়সালা। আমি চাই, সোনারগাঁয়ে একটি শক্তিশালী সংগঠন গড়ে উঠুক এবং বিএনপির জনপ্রিয়তা আরও বাড়ুক। আমি আপনাদের পাশে থেকে একজন কর্মী হিসেবে কাজ করে যেতে প্রস্তুত।”

    সভায় সোনারগাঁ বিএনপির শতাধিক তৃণমূল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

     

  • গিয়াসউদ্দিনকে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে প্রার্থী করার দাবি

    গিয়াসউদ্দিনকে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে প্রার্থী করার দাবি

    নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানিয়েছেন সোনারগাঁ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।

    শনিবার (২৪ মে) বিকেলে সোনারগাঁয়ের পানাম নগরে তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ গিয়াসউদ্দিন। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল।

    সভায় গিয়াসউদ্দিন বলেন, “আমি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির একজন সদস্য। সেই সুবাদে আমার রাজনীতির ক্ষেত্র পুরো বাংলাদেশজুড়ে। সোনারগাঁয়ে আমার দীর্ঘদিনের সম্পর্ক, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব রয়েছে। এখানকার মানুষের সঙ্গে আমার আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে। আপনাদের এই আন্তরিকতা ও আস্থার জন্য আমি কৃতজ্ঞ।”

    তিনি বলেন, “২০০১ সালের নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে বিএনপি বিজয়ী হয়েছিল। আবার সেই বিজয়ের পুনরাবৃত্তি ঘটাতে আমাদের সংগঠিত হয়ে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে। এ সময়ে দলের ভেতরে লোভী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কিছু লোকের কারণে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমাদের উচিত জনগণের আস্থা ও ভালোবাসা ফিরিয়ে আনা।”

    সভায় গিয়াসউদ্দিন আরও বলেন, “আপনারা দাবি করেছেন আমি যেন নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচনে দাঁড়াই—আপনারা এ দাবি করতেই পারেন। তবে প্রার্থী মনোনয়ন দেওয়ার দায়িত্ব আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের, এবং সর্বোপরি আল্লাহর ফয়সালা। আমি চাই, সোনারগাঁয়ে একটি শক্তিশালী সংগঠন গড়ে উঠুক এবং বিএনপির জনপ্রিয়তা আরও বাড়ুক। আমি আপনাদের পাশে থেকে একজন কর্মী হিসেবে কাজ করে যেতে প্রস্তুত।”

    সভায় সোনারগাঁ বিএনপির শতাধিক তৃণমূল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সোনারগাঁয়ে ঈদ-উল-আযহা উপলক্ষে ১৩টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন

    সোনারগাঁয়ে ঈদ-উল-আযহা উপলক্ষে ১৩টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সোনারগাঁ উপজেলায় ১৩টি অস্থায়ী গরু ও ছাগলের হাট ইজারা প্রদানের জন্য দরপত্র আহ্বান করেছে উপজেলা প্রশাসন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনার প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

    প্রকাশিত তালিকা অনুযায়ী এবার, হোসেনপুর, মঙ্গলেরগাঁও, মেঘনা শিল্পনগরী, খুলিয়াপাড়া (সোনারগাঁ সরকারী কলেজ সংলগ্ন), বৈদ্যেরবাজার, অলিপুরা, ধন্ধীর বাজার, ভটেরপাড়া, তালতলা, মুন্দিরপুর, নয়াপুর, গঙ্গাপুর এবং কাঁচপুর এলাকায় অস্থায়ীভাবে পশুর হাট বসানো হবে। এসব হাটের সরকারি মূল্য সর্বনিম্ন ৩৪ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ ৯১ হাজার ৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

    দরপত্র জমাদানের সময়সূচি:

    দরপত্র সংগ্রহ: ২২ মে থেকে ২৫ মে ২০২৫, সকাল ৯টা থেকে বিকাল ৪টা (অফিস চলাকালীন সময়ে)।

    দরপত্র জমা: ২৬ মে ২০২৫, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

    দরপত্র খোলা হবে: ২৬ মে বিকাল ২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দরপত্রদাতাদের উপস্থিতিতে।

    প্রধান শর্তাবলি:

    প্রতিটি দরপত্রের সঙ্গে নির্ধারিত দরের ৫০% অর্থ ডিডি/পে-অর্ডার আকারে জামানত হিসেবে জমা দিতে হবে।

    সর্বোচ্চ দরদাতাকে অনুমোদনের পর অবশিষ্ট অর্থসহ ১৫% ভ্যাট ও ১০% আয়কর তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে।

    হাট বসানো যাবে ঈদের আগে সর্বোচ্চ তিন দিন।

    মহাসড়কের ওপর কিংবা ১০ মিটারের মধ্যে হাট বসানো যাবে না এবং যানজট সৃষ্টি হয় এমন কোনো অবস্থান নির্বাচন করা যাবে না।

    প্রতিদিন সকাল ৭টার মধ্যে ইজারাদারদের নিজ খরচে হাট প্রাঙ্গণ পরিষ্কার রাখতে হবে।

    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইজারা সংক্রান্ত যাবতীয় তথ্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে অফিস চলাকালীন সময়ে পাওয়া যাবে।

  • সোনারগাঁয়ে গণঅধিকার পরিষদের প্রধান কার্যালয়ের উদ্বোধন করলেন ভিপি নুর

    সোনারগাঁয়ে গণঅধিকার পরিষদের প্রধান কার্যালয়ের উদ্বোধন করলেন ভিপি নুর

    পরিমল বিশ্বাস, সোনারগাঁ:

    গণঅধিকার পরিষদের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ললাটি বড়িবাড়ি এলাকায়। শুক্রবার (২৩ মে) সন্ধ্যার পর এ কার্যালয়ের উদ্বোধন করেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা।
    এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর সদস্য আবু হানিফ, সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কী, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল, নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সহ-সভাপতি কাউছার আলী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল, শিক্ষা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মাস্টার।

    এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কমিটির

  • ইসলামের সুমহান আদর্শের আহ্বান ঘরে ঘরে পৌছে দিতে হবে

    ইসলামের সুমহান আদর্শের আহ্বান ঘরে ঘরে পৌছে দিতে হবে

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর বলেছেন, একটি ন্যায় ইনসাফপূর্ণ সমাজ বিনির্মানের জন্য ইসলামী আদর্শের বিকল্প নেই।
    তিনি আজ সকালে রূপগঞ্জ দক্ষিণ উপজেলা আয়োজিত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ দক্ষিণ উপজেলার উদ্যোগে আজ ২৩ মে জুমাবার দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। থানা আমীর সাইফুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মুহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূইয়া, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, রূপগঞ্জ দক্ষিণ থানা কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ আমীর হোসাইন প্রমূখ।

    হাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য নানামুখী অপতৎপরতা চলছে। দেশ বিরোধী এবং ঐক্য বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ সতর্ক থাকার জন্য তিনি আহ্বান জানান।

  • গরম থেকে বাঁচতে যা করবেন

    গরম থেকে বাঁচতে যা করবেন

    জ্যৈষ্ঠ মাসের গরমে দেশে আম কাঁঠাল লিচু পাকতে শুরু করে। দেশের সবথেকে বেশি গরম পরে এ জ্যৈষ্ঠ মাসে।

    এ গরম থেকে রক্ষা পেতে অনেকেই অনেক টোটকা খোঁজেন। চলুন জেনে আসা যাক, গরম থেকে রক্ষা পাওয়ার উপায়।

    গরম থেকে বাঁচার প্রথম ও প্রধান উপায় সূর্যের আলো এড়িয়ে চলা। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রোদের প্রখরতা থাকে বেশি। এ সময় ঘরেই থাকা ভালো। বাইরে বের হলে ছাতা ব্যবহার করুন।

    সরাসরি রোদের নিচে পড়তে না চাইলে ছাতার চেয়ে ভালো উপায় নেই। এ ক্ষেত্রে অবশ্যই গরম হয় না, এমন কাপড়ের ছাতা কেনা উচিত।

    ক্যাপ ব্যবহারে শুধু মুখমণ্ডল সূর্যের আলো থেকে রক্ষা পায়। শরীরের সিংহভাগ বাঁচাতে চওড়া কিনারাযুক্ত টুপি ব্যবহার করুন। যারা কৃষিকাজ করেন তারা ‘মাথাল’ ব্যবহার করতে পারেন।

    শরীর গরম সহ্য করতে পারলে মুখ-হাত ঢেকে রাখুন। পানি খান প্রচুর। ফলের জুস খাওয়াও শরীরের জন্য ভালো। গরমে ঘাম হয়ে শরীর থেকে প্রচুর পরিষ্কার পানি বের হয়ে যায়। এ সময় ইলেক্ট্রোলাইট ইমব্যালান্স তৈরি হয়। এ সমস্যা থেকে রক্ষা পেতে পানি বা জুস পানের চেয়ে ভালো সমাধান নেই।

    সুতি কাপড় পরে চলাচল করুন। আঁটসাঁট কাপড় না পড়াই ভালো। ঢোলা জামা পরলে সাদা বা হালকা রঙের পরা ভালো।

    জুতা-স্যান্ডেল নির্বাচনেও চোখ খোলা রাখা জরুরি। পায়ে বাতাস চলাচল করতে খোলামেলা জুতা পরা উচিত। কাপড় বা সিনথেটিক বাদ দিয়ে চামড়ার জুতা হলে ভালো।

    খাবার হজম করতে সময় বেশি লাগে এমন ভারী খাবার, ফাস্ট ফুড এড়িয়ে চলুন। গরমের সময় তেলযুক্ত খাবার, মাংস, বিরিয়ানি কম খাওয়াই ভালো। গরমে শাক-সবজি ও ফলমূল খাওয়া উপযোগী। পুরোনো বা বাসি খাবার এড়িয়ে চলুন। প্রতিদিন সকাল সকাল গোসল করুন। বেশি গরম অনুভব হলে বার বার ওযু করতে পারেন। তাছাড়া রুমাল ভিজিয়ে সঙ্গে রাখতে পারেন।

    এসি ব্যবহার করলে সে অনুযায়ী চলাফেরা করা শ্রেয়। তবে গরমে এসির ব্যবহার ত্বক ও শরীরের ক্ষতি করতে পারে। সে জন্য এসির ব্যবহার কম করাই ভালো। ঘরের ভেতর ফ্যানের নিচে পানি ভর্তি বালতি রাখুন। এতে ঘর ঠাণ্ডা থাকবে।

    হিটস্ট্রোকের ক্ষেত্রে সতর্ক থাকুন। মাংসপেশি ব্যথা, দুর্বল লাগা ও প্রচণ্ড পিপাসা হওয়া, দ্রুত শ্বাস-প্রশ্বাস, মাথাব্যথা, মাথা ঝিমঝিম করা, বমিভাব হলে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিন।

    আরআইএস

  • ‘আমাকে দেখেই অশালীন ভঙ্গি দেখাতে শুরু করে’, রাতের রাস্তায় ভয়াবহ অভিজ্ঞতা সোফি চৌধুরীর

    ‘আমাকে দেখেই অশালীন ভঙ্গি দেখাতে শুরু করে’, রাতের রাস্তায় ভয়াবহ অভিজ্ঞতা সোফি চৌধুরীর

    মহিলারা কতটা সুরক্ষিত? বার বার এই প্রশ্ন ওঠে। আরও একবার সেই প্রশ্নই উস্কে দিলেন গায়িকা তথা অভিনেত্রী সোফি চৌধুরী। মুম্বইয়ের জনবহুল রাস্তাতেই তাঁর সঙ্গে ঘটে গিয়েছিল ভয়ঙ্কর ঘটনা। সম্প্রতি এক সক্ষাৎকারে নিজেই জানিয়েছেন সোফি।

    মাত্র এক মাস আগের এই ঘটনায় মানসিক ভাবে খুব বিধ্বস্ত হয়ে পড়েছিলেন সোফি। মুম্বইয়ের বান্দ্রা এলাকার ঘটনা। সোফি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন এক ব্যক্তি ‘অশালীন’ ভঙ্গিমা করতে শুরু করেন। সোফি বলেছেন, “কিছু দিন আগেরই ঘটনা। বান্দ্রার রাস্তা দিয়ে আমি গাড়িতে করে যাচ্ছিলাম। এক ব্যক্তি প্যান্টের চেন খুলতে লাগল। খুব আপত্তিকর ভঙ্গিতে তাকিয়েছিল সে।”

    তবে এই ব্যক্তি কি ইচ্ছে করেই এমন কাণ্ড ঘটিয়েছিল? সোফি বলেছেন, “আমার মনে হয় না সচেতন ভাবে সে এই কাজ করেছিল। আসলে কিছু ক্ষেত্রে পুরুষেরা কোনও কারণ ছাড়াই এই ধরনের কাণ্ড ঘটিয়ে থাকে।” এখানেই শেষ নয়। আরও এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন সোফি। খার অঞ্চলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সোফি। তখন এক ব্যক্তি তাঁকে দেখে বাইক নিয়ে দাঁড়িয়ে পড়ে এবং আপত্তিকর ভঙ্গি দেখাতে শুরু করে।

    সোফির কথায়, “এ ধরনের ঘটনা রোজকার হয়ে গিয়েছে। মনে আছে, তখন আমি লন্ডনের স্কুলে পড়ি। এক ব্যক্তি আমাকে দেখে ছবি তুলতে শুরু করল।”

    বর্তমানে নিরাপত্তারক্ষী সঙ্গে থাকে। কিন্তু তা সত্ত্বেও অনুরাগীরা নিজস্বী তোলার অছিলায় অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন বলেও দাবি করেন সোফি।

     

  • সোনারগাঁয়ে ১১ বছর বয়সী ছাত্রের গলায় ফাঁস দিয়ে মৃত্যু

    সোনারগাঁয়ে ১১ বছর বয়সী ছাত্রের গলায় ফাঁস দিয়ে মৃত্যু

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনার কান্দি গ্রামে ১১ বছরের এক মাদ্রাসা পড়ুয়া ছাত্র আত্মহত্যা করেছে। স্থানীয় মজলিস এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। মুবাসসি নিজ মাদরাসার গোসলখানায় গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেছে।

    নিহত মুবাসসিরের পিতা আবু তালেব জানিয়েছেন, প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে দিন শুরু করলেও, দুপুরে হঠাৎ করেই এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। মাদরাসার গোসলখানায় থাকা একটি স্টেইনলেস স্টিলের কাপড় রাখার পাইপে পায়জামা পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা না গেলেও স্থানীয় প্রশাসন জানিয়েছে, এটি প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    মুবাসসিরের এমন মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোক ও বিষাদের ছায়া। সকলেই শিশুটির আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।