Blog

  • সাইনবোর্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ: তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা

    সাইনবোর্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ: তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা

    গত সোমবার রাজধানীর উত্তরায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্যাপক যানবাহন ভাংচুরের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। এসময় তারা ঢাকামূখী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে শত শত যানবাহন আটকা পড়ে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট এক পর্যায়ে মহাসড়কের সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত বিস্তৃত হয়। ফলে ভোগান্তিতে পড়েরর বিভিন্ন গণপরিবহনের যাত্রীরা। পরে হাইওয়ে এবং ট্রাফিক পুলিশ সাইনবোর্ড সহ বিভিন্ন পয়েন্টে গিয়ে শ্রমিকদের শান্ত করে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটা থেকে পরিবহন মালিক ও শ্রমিকরা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ শুরু করে। তারা এসময় সোবারের ঘটনার জন্য সরকারের কাছে নিরাপত্তা প্রদান ও সুষ্ঠু বিচারসহ ক্ষতিপূরণ দাবী করেন। এসময় মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিভিন্ন গণপরিবহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এসময় গণপরিবহনের যাত্রীদের কেউ কেউ এর প্রতিবাদ করলে পরিবহন শ্রমিকরা কয়েকজনকে বেধড়ক পেটায়। পরে হাইওয়ে ও ট্রাফিক পুলিশ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলেও এখন পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি। যানজট অব্যাহত রয়েছে।

    অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম জানানতবে জেলা পুলিশের কর্মকর্তারা জানান, মহাসড়ক সচল রাখতে সব ধরণের চেষ্টা অব্যাহত রয়েছে।#

  • দেশের তথাকথিক সুশীল সমাজ বেগম খালেদা জিয়ার কাঁধে বন্দুক রেখে শেখ হাসিনাকে হটাতে চায় : শামীম ওসমান

    দেশের তথাকথিক সুশীল সমাজ বেগম খালেদা জিয়ার কাঁধে বন্দুক রেখে শেখ হাসিনাকে হটাতে চায় : শামীম ওসমান

    দেশের তথাকথিক সুশীল সমাজ বেগম খালেদা জিয়ার কাঁধে বন্দুক রেখে শেখ হাসিনাকে হটাতে চায় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  মঙ্গলবার বিকেলে বন্দর উপজেলার একরামপুর এলাকায় অনুষ্ঠি আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    শামীম ওসমান বলেন, তাদের টার্গেট আওয়ামীলীগ না, তাদের টার্গেট হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা। কারন তারা বুঝে গেছে যে শেখ হাসিনাকে হটাতে না পারলে তাদের অস্তিত্ব থাকবে না। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র নেতাদের উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, আপনাদের প্রতি আমার লজ্জা লাগে। ম্যাডাম খালেদা জিয়া আপনাদের একজনকেও বিশ্বাস করতে পারলেন না। তিনি জেলখানায় যাওয়ার আগে দলের দায়িত্ব দিলেন তারেক রহমানকে। যিনি টেম্প নদীর পাড়ে বসে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। শামীম ওসমান বলেন, ম্যাডাম খালেদা জিয়ার নের্তৃত্বে যারা ২৮৫ জন মানুষকে পুঁড়িয়ে হত্যা করেছে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

    শামীম ওসমান বলেন, সামনে কঠিন খেলা হবে। বাম, ডান, সুশীল, কুশীল ইতর, বদমাশ সব এক হয়ে যাবে। তাদের টার্গেট শেখ হাসিনা। সুতরাং দেশ বাঁচাতে চাইলে শেখ হাসিনাকে বাঁচাতে হবে।

    বিএনপির নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শামীম ওসমান বলেন, আমি শামীম ওসমান চ্যালেঞ্জ করে বললাম, আজকের দিনটা লিখে রাখেন। আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। তিনি বলেন, পরিস্কারভাবে বলতে চাই, আগামী দুই মাস পর অক্টোবর থেকে খেলা শুরু হবে। ইনশাল্লাহ এই খেলা শুরু হবে নারায়ণগঞ্জ থেকে। আমরা ক্ষমতা ছাড়ার পর পুলিশ আমাদের পাশে থাকবে না। আপনারা আর আমরা তখন সমানে সমান হব।

    তিনি হুঁশিয়ার করে বলেন, ক্ষমতা ছাড়ার পর নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লক্ষ মানুষ নিয়ে জনসভা করব। কেউ যদি খেলায় ফাউল করে তাদরেকে কঠিন জবাব দেয়া হবে। শামীম ওসমান সেই পরিস্থিতি মোকাবেলা করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিসহ দলের সব নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান। তিনি দলের নেতাকর্মীদেরকে বিভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, আগামী নির্বাচন শেখ হাসিনার নের্তৃত্বে মহাজোট থেকেই হবে। দলের কেউ কেউ নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই নৌকার প্রার্থী চায়। আমি বলব, দরকার হলে ৩০০ আসনেই নৌকার প্রার্থী চাইব। তবে আমার নেত্রীযাকে খুশি তাকে মনোনয়ন দেবেন। নেত্রীর সিদ্ধান্তই আমাদের মেনে নিতে হবে।

    মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দুলাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন-বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণন সম্পাদক শাহ্ নিজাম, জেরা আওয়ামীলীগ নেতা নূর হোসেন ও  সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনগুলোর অন্যান্য নেতারা#

  • দরজার বাইরের তালা ভেঙে উদ্ধারকৃত নারীর লাশটি মডেল মাহমুদার

    দরজার বাইরের তালা ভেঙে উদ্ধারকৃত নারীর লাশটি মডেল মাহমুদার

    নারায়ণগঞ্জের গোগনগর এলাকা থেকে সোমবার মধ্যরাতে উদ্ধারকৃত অজ্ঞাত নারীর লাশের পরিচয় মিলেছে। তার নাম মাহমুদা আক্তার (৩০)। তিনি শহরের দেওভোগ নাগবাড়ি এলাকার আক্কাছ আলীর মেয়ে। শহরের উকিলপাড়া এলাকার “টপটেন” নামের একটি মেগামলের বিক্রয়কর্মী ছিলেন তিনি। ইতিপূর্বে তিনি একাধিক শর্টফিল্মে কাজ করেছিলেন বলে বলে জানা গেছে। তার পরিচয়পত্র থেকে পুলিশ এসব তথ্য উদঘাটন করেছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

    সোমবার রাতে গোগনগর আলামীননগর এলাকার মোহাম্মদ আলী আকবরের তিনতলা ভবনের নিচ তলার একটি ফ্ল্যাট থেকে পঁচা দূর্গন্ধ ছড়ালে এলাকাবাসী থানা পুলিশকে জানরায়। পরে পুলিশ এসে ফ্ল্যাটের দরজার বাইরের তালা ভেঙে উদ্ধার করে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ। পরে ময়না তদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এদিকে ওই নারীর ফ্ল্যাট তল্লাশি করে উদ্ধার হয় তার একটি পরিচয়পত্র। সেই পরিচয়পত্রের সূত্র ধরেই পুলিশ তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত মাহমুদার পরিবারের পক্ষ থেকে কেউ থানায় আসেনি। তার বাবার বাসায় গিয়েও কাউকে পাওয়া যায়নি।

    সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ইতিপূর্বে মাহমুদার বিয়ে হয়েছিল। সেই সংসারের ৭বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে। প্রায় দুই মাস আগে অজ্ঞাত পরিচয়ের এক বয়ফ্রেন্ডকে স্বামী পরিচয় দিয়ে আলামীননগর এলাকার মোহাম্মদ আলী আকবরের বাড়ির এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন মাহমুদা। ধারণা করা হচ্ছে, দুই/তিনদিন আগে দ্বিতীয় স্বামী মাহমুদাকে শ্বাসরোধ করে হত্যা করে ফ্ল্যাটের দরজার বাইরে তালা দিয়ে পালিয়ে গেছে। তবে তার সেই কথিত স্বামীর পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে। তাকে গ্রেফতার করতে পারলে মাহমুদার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

    জানা গেছে, মডেলিংয়ে প্রতিষ্ঠিত হতে চাওয়া মাহমুদা ছিলেন অত্যন্ত উচ্চবিলাসী। তার জীবন যাপনও ছিলো সেই ধরনের। এ কারণেই স্বামী ও কন্যা সন্তান ফেলে রেখে অনেকের সাথে এদিক সেদিক ঘুরে বেড়াতেন তিনি। যার কারনে মা-বাবাসহ পরিবারের কেউই তার সাথে কোন সর্ম্পক রাখেননি।#

  • ৩০০ শয্যা হাসপাতালে বেপরোয়া স্বাচিপ নেতা অমিত রায়

    ৩০০ শয্যা হাসপাতালে বেপরোয়া স্বাচিপ নেতা অমিত রায়

    নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতালে বেপরোয়া হয়ে উঠেছেন স্বাচিপ নেতা অমিত রায়। নিজে তিনি রোগীর প্রেসক্রিপশন লিখেন না। লেখে অন্য কেউ। এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করলেও ভয়ংকর ক্ষেপে যান তিনি। তার বেপরোয়া আচরনের শিকার হয়েছেন ৩০০ শয্যা হাসপাতালেরই স্বাস্থ সেবা কমিটির সদস্য ও এনটিভির জেলা প্রতিনিধি নাফিজ আশরাফ। প্রশ্ন উঠেছে একজন প্রভাবশালী সাংবাদিকের সাথেই যিনি এমন আচরন করেন সাধারন মানুষের সাথে তিনি কি আচরন করেন।

    গতকাল ৩০ জুলাই সকালে নাফিজ আশরাফ নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোতালেব মিয়ার কাছে তার সাথে ঔদ্ধত্যপূর্ন ও অপেশাদারি আচরনের ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে নাফিজ আশরাফ বলেন, গত ২৯ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮টা। পায়ে আঘাতজনিত কারণে আমার কন্যাকে নিয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিতে হাজির হই। এ সময় কর্মরত চিকিৎসকের আসন শূণ্য পাই। পাশের চেয়ারে এক যুবক রোগীর প্রেসক্রিপশন লিখছেন। তার পাশে তাকে ঘিরে তিন চার যুবক দাঁড়িয়ে। তাদেরকে ঐ যুবকের সহকর্মী মনে হলো। আমার মেয়ের পায়ের আঘাতের ক্ষত দেখলেন চেয়ারে বসা যুবক। তিনিই প্রেসক্রিপশন লিখলেন। আমি জানতে চাইলাম ডাক্তার কোথায়? তিনিই তো প্রেসক্রিপশন করবেন। যুবক কোনো উত্তর দিলেন না। ভেতরের কামরায় যেয়ে একজনকে দেখে জানতে পারলাম তিনি চিকিৎসক (কর্তব্যরত)। তিনি বেড়িয়ে আসলেন। আমি সাধারণত ব্যক্তিগত কারণে নিজের পেশার পরিচয় দেই না। তারপরও পরিস্থিতি বাধ্য করল নিজের ভিজিটিং কার্ড ( বসা যুবকের হাতে) দিলাম। এবং চিকিৎসক ডা. অমিত রায়ের কাছে মৌখিকভাবে নিজের পরিচয় দিলাম । তিনি তা আমলে না নিয়ে চিকিৎসা সরঞ্জাম হাতে তুলে বাইরে গেলেন। মনে হলো খানিক পর অন্য রোগী দেখে ফিরে এসে নিজের আসনে বসলেন। আমার মেয়ের প্রেসক্রিপশনে সাক্ষর করতে করতে তাচ্ছিল্যের স্বরে বললেন,‘কি যেন পরিচয় আপনার?’ তখন আমার পরিচয় দিয়ে এ-ও বললাম, ‘আমি এই হাসপাতালের স্বাস্থ সেবা কমিটির সদস্য।’ কথাগুলো বিনয়ের সঙ্গে বলেছিলাম। তিনি প্রেসক্রিপশনে সাক্ষর করে আমার হাতে তুলে দিলেন। আমি বললাম, আপনি রোগী দেখে তারপর প্রেসক্রিপশন ঠিক আছে কিনা দেখে দেন। কারণ এটা তো শিক্ষানবিশ লিখেছেন। ডা. অমিত রায় তখন উচ্চ স্বরে বলেন, ‘আপনার কাছে আমার শিখতে হবে? এখানে কোনো শিক্ষানবিশ নেই।’ তারপর তিনি ঝগড়া করার জন্য উদ্যত হলেন। আমি বললাম,‘ নো, নো ঝগড়া। আমি জেনে নেই।’ তারপর আমি যখন পিএস সিদ্দিকুর রহমান সাহেবকে ফোন করি ডা. অমিত তখন ধমক দিয়ে আমাকে বেরিয়ে যেতে বলেন। ফোনে পিএস সিদ্দিকুর রহমান ডা. অমিত রায়ের ব্যাপারে অসহায়ত্ব প্রকাশ করলেন। এতে পরিষ্কার হয়ে যায় রোগীরা কতটা অসহায় এই চিকিৎসকের কাছে। প্রসঙ্গত মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা জনসেবা করার জন্য চিকিৎসকদের যে নির্দেশ দিয়েছেন, ডা. অমিত রায় কী তাঁর চেয়ে উর্ধ্বের কেউ?

    এ ব্যাপারে কথা বলতে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোতালেব মিয়ার  মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।#

  • হাইরাইজ ভবনগুলির বিধিমালা লঙ্ঘন সরেজমিন পরিদর্শনের মেয়র ডাঃ আইভী

    হাইরাইজ ভবনগুলির বিধিমালা লঙ্ঘন সরেজমিন পরিদর্শনের মেয়র ডাঃ আইভী

    নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় হাইরাইজ ভবনগুলি ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করছে বলে অভিযোগ রয়েছে। সবচেয়ে বেশি অভিযোগ নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত আল্লামা ইকবাল রোডের হাইরাইজ বিল্ডিংগুলির বিরুদ্ধে। মেয়র সোমবার সকালে আল্লামা ইকবাল রোডের বহুতল ভবনগুলি পরিদর্শন করে ভবন নির্মাণ নিতীমালার ব্যাপক লঞ্ঘনের প্রমান পান। এসময় নিয়ম লংঘন করা ভবনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য তিনি তার কর্মকর্তাদের নির্দেশ দেন।

    মেয়র প্রথমেই আল্লামা ইকবাল রোডের কাদের ভবনের সামনে থামেন। এ ভবনটি নির্মাণের সময় ভবনের চারদিকে তিনফুট করে জায়গা ছাড়লেও বর্তমানে তারা আবার সেই ছেড়ে যাওয়া জায়গা ভবনের ভেতরে দিয়ে নিয়ে নিয়েছে। সিটি কর্পোরেশনের কর্মচারিরা মেপে এই নিয়ম লঞ্ঘনের প্রমান পান।

    এলাহী ভিলা নির্মাণাধীন দশতলা বহুতল ভবন। কিন্তু এর মালিক মোহাম্মদ মাকসুদ এলাহী তার ভবনের সামনে, পাশে কোথাও একটুও জায়গা ছাড়েননি। তিনি বিদ্যুতের যে মেইন লাইন থেকে বহুতল ভবনে লাইন নিয়েছেন সেই মেইন লাইনের ক্যাবল টানা হয়েছে এলাহী ভিলার সামনে সিটি কর্পোরেশনের জায়গা দখল করে মাত্র দুই ইঞ্চি গভীর দিয়ে। ফলে কোনো কারনে বিদ্যুতের লাইন লিক হলে ভয়াবহ দূর্ঘটনার আশংকা থাকে। তিনি এ ভবনে ওঠার সিড়ি নির্মাণ করেছেন যে জায়গা ছেড়ে দেয়ার কথা সেখানে। আন্ডারগ্রাউন্ডে গাড়ি রাখার জায়গা রাখা হলেও সেখানে গাড়ি যাওয়ার পর্যাপ্ত জায়গা রাখা হয়নি। এসব অভিযোগের ব্যাপারে মাকসুদ এলাহী জানান, তিনি অচিরেই বিধিমালা অনুযায়ী ভবনের জায়গা ছেড়ে দেবেন। অন্যান্য নিয়মও সিটি কর্পোরেশনের নির্দেশনা অনুযায়ী মেনে ভবন ঠিক করে নেবেন।

    সাত্তার টাওয়ার যে জায়গা ছেড়েছিলো উপর দিয়ে আবার সেটি বাড়িয়ে দিয়ে সেখানে বেশ কয়েকটি টয়লেট নির্মাণ করেছে। এসব টয়লেটের পাইপ রাস্তার উপর ঝুলন্ত অবস্থায় রয়েছে। এসব পাইপ লিক হয়ে প্রায়ই পানি পড়ে বলে এলাকাবাসি জানান। এ ভবনের অন্যতম মালিক খালেদ ভূইয়া জানান, এই পাইপের পানি যাতে রাস্তায় না পড়ে এজন্য পাইপের নিচে পাকা ফলস ছাঁদ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    মোহাম্মদ রতন তার গাড়ি নামার রাস্তা ও ভবনের একাংশ সিটি কর্পোরেশনের রাস্তার উপর নিয়ে এসেছেন বলে সিটি কর্পোরেশনের সার্ভেয়ার দেখতে পান। পরিতোষ কান্তি সাহা ও মোহাম্মমদ দুলাল মিয়া-ও যথযাথভাবে জায়গা না ছেড়ে ভবন নির্মাণ করেছেন বলে সিটি কর্পোরেশনের কর্মীরা মেপে দেখতে পান।

    পরে মেয়র বালুরমাঠ এলাকায় এলাকায় এলাকাবাসি অভিযোগ করেন, এখানে আবাসিক এলাকায় সুগন্ধা নামের একটি বেকারি গড়ে তোলা হয়েছে। এ বেকারির বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে ড্রেনে। রাসায়নিক পদার্থ মেশানো এ বর্জ্য পাথরের মতো শক্ত হয়ে যায়। ফলে ড্রেন সহজেই ভরে যায়। অল্প বৃষ্টি হলেই গলাচিপা এলাকার পানি আটকে থাকছে।

    পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেন, ইমারত নির্মাণ বিধিমালা লংঘন করা সবগুলি ভবনকে নিয়ম অনুযায়ী ভবনের অতিরিক্ত অংশ ভেঙ্গে ফেলতে চিঠি দেয়া হবে। না ভাংলে সিটি কর্পোরেশন ভেঙ্গে দেবে। প্রয়োজনে এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তিনি বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচুর বহুতল ভবন নির্মাণ হচ্ছে। বিধিমালা মেনে ভবন না মানা ভবনগুরিল বিরুদ্ধে আগেও আমরা ব্যবস্থা নিয়েছি। প্রক্রিয়াটি আরো জোরদার করতে আমি সরেজমিনে পরিদর্শন করছি। সুগন্ধা বেকারির বিরুদ্ধে সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তিনি বিধিমালা না মানা ভবনগুলোর ব্যাপারে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে রাজউককে  আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান।#

  • স্বর্ণ ব্যবসায়ী প্রবীর হত্যাকান্ড:  ‘বড়ভাই’ মামুন ২ দিনের রিমান্ডে

    স্বর্ণ ব্যবসায়ী প্রবীর হত্যাকান্ড: ‘বড়ভাই’ মামুন ২ দিনের রিমান্ডে

    নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারের স্বর্ণ ব্যবসায়ী প্রবীর কুমার ঘোষকে ৭ টুকরো করে হত্যার মামলায় গ্রেফতারকৃত বড় ভাই খ্যাত আবদুল্লাহ আল মোল্লা মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসানের আদালতে গ্রেফতারকৃতকে ৭ দিনের রিমান্ড চেয়ে হাজির করে মামলাটির তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে শুনানী শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    প্রবীর ও স্বপন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এস আই মফিজুল ইসলাম জানান, স্বর্ণ ব্যবসায়ী প্রবীর কুমার ঘোষকে হত্যা মামলায় আবদুল্লাহ আল মোল্লা মামুনকে শ্যোন এরেষ্ট দেখিয়ে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    মফিজুল ইসলাম আরো জানান, গত ১৪ জুলাই স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষকে ৭ টুকরো করে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছিল গ্রেফতারকৃত ঘাতক বন্ধু স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দেবনাথ। ১৭ জুলাই পিন্টুর সহযোগী বাপান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছিল। ২১ দিন নিখোঁজ থাকার পরে গত ৯ জুলাই শহরের আমলাপাড়া এলাকার রাশেদুল ইসলাম ঠান্ডু মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী প্রবীর কুমার ঘোষের খন্ডিত লাশের ৫ টুকরো উদ্ধার করা হয়। ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতো পিন্টু দেবনাথ। পরদিন ১০ জুলাই পার্শ্ববর্তী ড্রেন থেকে আরো দুই টুকরো উদ্ধার করা হয়। স্বর্ণ ব্যবসায়ী প্রবীর কুমার ঘোষ কালিরবাজার স্বর্ণপট্টির ভোলানাথ জুয়েলার্সের মালিক ভোলানাথ ঘোষের পুত্র। ঘাতক পিন্টু দেবনাথের পক্ষ নিয়ে বিভিন্ন জনকে হুমকী ধমকী ও ভয়ভীতি দেখানোর অভিযোগ ছিল মোল্লা মামুনের বিরুদ্ধে। #

  • বিশ্বখ্যাত জাপানী সুয়িং মেশিন ব্রান্ড ‘ইয়ামাতো‘র মেশিন প্রদর্শণী

    বিশ্বখ্যাত জাপানী সুয়িং মেশিন ব্রান্ড ‘ইয়ামাতো‘র মেশিন প্রদর্শণী

    পোশাক শিল্প কারখানার জন্য বিশ্ববিখ্যাত জাপানী সুয়িং মেশিন ব্রান্ড ‘ইয়ামাতো‘ কোম্পানী নতুন মডেলের মেশিন বাজারে এনেছে। কোম্পানীর দাবী, নতুন এই মেশিনগুলির উপৎপাদন ক্ষমতা আগের চেয়ে বেশি। এগুলি অদক্ষ শ্রমিকরাও চালাতে পারবে। ফলে নতুন এ মেশিনগুলি নীট গার্মেন্ট সেক্টরে বিদ্যমান শ্রমিক সংকট সমাধানে ভূমিকা রাখবে। মেশিনগুলি ব্যবহার করা গার্মেন্ট মালিকরা বলছেন, নতুন মেশিনগুলি আসলেই আগের চেয়ে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক। তারা ইয়ামাতো কোম্পানীর বিক্রয়োত্তর সেবারও প্রশংসা করেন।

    সোমবার বিকেলে নারায়ণগঞ্জ ক্লাবে ইয়ামাতো মেশিন শো আয়োজন করে ইয়ামাতো সুইং মেশিন ম্যানুফ্যাকচারিং কোম্পানী লিঃ এর বাংলাদেশ লিয়াজোঁ অফিস। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের ১০০ টি গার্মেন্ট প্রতিষ্ঠানের সাড়ে তিন শতাধিক প্রতিনিধি অংশ নেন।

    অনুষ্ঠানে ইয়ামাতো সুইং মেশিন ম্যানুফ্যাকচারিং কোম্পানী লিঃ এর বাংলাদেশ লিয়াজোঁ অফিসের জেনারেল ম্যানেজার এম শামীম হোসেন বলেন, বাংলাদেশে শ্রম ব্যায় দিনে দিনে বেড়ে যাচ্ছে। দক্ষ শ্রমিকের অভাবও তৈরী হয়েছে। গার্মেন্ট ব্যবসা দিনে দিনে প্রতিযোগিতামূলক হচ্ছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের উৎপাদন খরচ কমাতে হবে। এজন্য প্রয়োজন অটোমেটিক মেশিন যাতে বেশি উৎপাদন করা যায়, কিন্তু তুলনামূলক কম খরচে। এ বিষয়টি মাথায় রেখে ইয়ামাতো নতুন অটোমেশিনগুলির ডিজাইন করেছে।

    অনুষ্ঠানে এসে  মেট্রো নিটিং ও ডাইং মিল এর জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম লাভলু  ও ফকির এ্যাপারেলস এর ডেপুটি জেনারেল ম্যানেজার আহসান হাবিব খন্দকার জানান, তারা আগে থেকেই ইয়ামাতো সুইং মেশিন ব্যবহার করছেন। এগুলি বাজারের অনেক মেশিনের চাইতে উন্নতমানের। নতুন মেশিনগুলি দেখে তাদের মনে হচ্ছে এগুলি আসলেই কম শ্রমিক বা অদক্ষ শ্রমিক দিয়ে পরিচালনা সম্ভব হবে। এবং আগের তুলনায় উৎপাদনও বেশি হবে।

    রবিনটেক্স গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান গাজী জানান, ইয়ামাতোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এ কোম্পানীর বিক্রয়োত্তর সেবা। মেশিন বিক্রির পর তারা প্রথমতঃ শ্রমিকদের বুঝিয়ে দিতে কারখানায় বেশ সময় ব্যায় করেন। এরপরেও মেশিনে যেকোন সমস্যা হলে তাদের ডাকলে পাওয়া যায়।#

  • রূপগঞ্জ থানার মামলায় ২ জেএমবি সদস্য গ্রেপ্তার

    রূপগঞ্জ থানার মামলায় ২ জেএমবি সদস্য গ্রেপ্তার

    নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানার মামলায় দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২৯ জুলাই) রাতে উপজেলার যাত্রামুড়া ব্রিজের পার্শ্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো আশরাফুল ইসলাম ওরফে অপু (৪৮) ও মিজানুর রহমান (৩১)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

    র‌্যাব-১১ এর সিনিয়র এএসসি আলেপ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আশরাফুল ইসলাম ওরফে অপুর বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর রতন কান্দির নুন্দাহ এলাকায়। বর্তমানে সে বর্তমানে ঢাকার লালবাগে কেবি রুদ্র রোডে ভাড়ায় থাকে। সে ১৯৮৫ সালে শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাশ করে। বর্তমানে সে শেয়ার মার্কেটের সাথে জড়িত। ২০০৮ সালে জসিম উদ্দিন রাহমানির হাতেম বাগ মসজিদে যাতায়াত করত। এই সময়ে জসিম উদ্দিন রাহমানির বিভিন্ন বই, ওয়াজ, লেকচার শুনে উগ্রবাদিতার প্রতি আকৃষ্ট হয়। এ সময় জেএমবির গ্রেপ্তারকৃত শুরা সদস্য তাসলিমের মাধ্যমে জেএমবিতে যোগদান করে।

    তাসলিমের মাধ্যমে র‌্যাব-১১ কর্তৃক ইতিপূর্বে বিভিন্ন সময় গ্রেপ্তারকৃত জেএমবির সদস্য ইমরান আহম্মেদ, সাদেক, নাফিজ, আঃ রহমান ওরফে রুবেল, সাগর, মাওলানা ইসহাক, শায়েখ আরিফ সহ আরও অনেক সদস্যের সাথে আশরাফুল ইসলাম ওরফে অপু’র পরিচয় হয়। সে মূলত পুরান ঢাকা, যাত্রাবাড়ী, ডেমরা ও নারায়ণগঞ্জ জেলার বর্তমানে জেএমবির দাওয়াতি শাখার সক্রিয় কর্মী হিসেবে কাজ করছে। তার মাধ্যমে বেশ কয়েকজন সদস্য জেএমবিতে যোগদান করে। তার নামে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় জঙ্গি সংক্রান্ত ৩টি মামলা রয়েছে।

    অপরদিকে মিজানুর রহমান ডেমরার সারুলিয়া ডগাইর এলাকায় থাকে। সে ২০০১ সালে গেন্ডারিয়া এম শফিউল্লাহ হাফিজিয়া মাদ্রাসা থেকে হেফজ সম্পন্ন করে। ২০১১ সালে জামিয়া ইসলামিয়া দারুলউলুম মাদ্রাসা থেকে দাওরা সম্পন্ন করে। বর্তমানে বাইতুন নুর জামে মসজিদ হোমনা, কুমিল্লায় ইমাম হিসেবে নিয়োজিত আছে। মিজানুর রহমান ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত বগুড়া পৌরসভা পার্ক মসজিদে ইমামতি করেছিলেন। ওই সময় তার মসজিদে শিহাব নামে জনৈক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। শিহাব তাকে জেএমবির দাওয়াত দেয় এবং সে দাওয়াত গ্রহন করে জেএমবিতে যোগদান করে। এরপর থেকে সে জেএমবির দাওয়াতি কাজে নিজেকে যুক্ত হয়। তার মাধ্যমে গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ, সিয়াম, এহসানসহ কয়েকজন সদস্য জেএমবিতে যোগদান করে। পরবর্তী সময়ে ২০১৭ সালে মিজান ঢাকায় আসে এবং ডেমরার আয়েশা মসজিদে ইমামতি শুরু করে ।

    এ সময় গ্রেপ্তারকৃত জেএমবির আশরাফুল ইসলাম ওরফে অপুর সাথে মিজানের পরিচয় হয়। ডেমরা নারায়ণগঞ্জ এলাকায় জেএমবির কার্যক্রম কিভাবে বাড়ানো যায় এই নিয়ে প্রায়ই আশরাফুল ইসলাম ওরফে অপুসহ আরো অন্যান্যদের সাথে তারা গোপন বৈঠকে মিলিত হত। নারায়ণগঞ্জে আইনশৃংখলা বাহিনীর ব্যাপক তৎপরতার কারণে সে কুমিল্লার হোমনায় চলে যায় এবং বাইতুন নুর জামে মসজিদ হোমনা, কুমিল্লায় ইমাম হিসেবে কর্মরত থাকে। এরপরও সে বিভিন্ন সময় দাওয়াতি কাজে নারায়ণগঞ্জে আসত ও অন্যান্য সদস্যদের সাথে গোপন বৈঠকে মিলিত হত। ময়মনসিংহ ও আরামবাগ থেকে গ্রেপ্তারকৃত নারী জঙ্গি ফিরোজা রহমান, নাঈমা ও রুবাইয়া বিনতে নুর উদ্দিন ওরফে হুরের রাণীর সাথে তার স্ত্রী’র মাধ্যমে পরিচিত হয়। মিজান বিভিন্ন সময় এই নারী জঙ্গিদের কে অনলাইনে জেএমবির বয়ান প্রদান করত বলে ইতিপূর্বে গ্রেফতারকৃত নারী জঙ্গিরা স্বীকারোক্তি প্রদান করেছে। মিজানুর রহমান মূলত জেএমবির দাওয়াতি শাখার সদস্য হিসেবে নিযুক্ত প্রাপ্ত।

    র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।#

  • নিখোঁজের ২৫ দিন পর খোঁজ মিলল রবির এসআর মোঃ সাঈদ গাজীর

    নিখোঁজের ২৫ দিন পর খোঁজ মিলল রবির এসআর মোঃ সাঈদ গাজীর

    নারায়ণগঞ্জের নিখোঁজের অভিযোগের ২৫ দিন পর রবি কোম্পানীর এস আর মোঃ সাঈদ গাজীকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে নিখোঁজের ১৮ দিন পর (২২ জুলাই) তাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করে ২ জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় মামলা দায়ের করেছিলেন তার মা হোসনে আরা। সোমবার (৩০ জুলাই) ভোরে তাকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকার রায়পুরা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। মোঃ সাঈদ গাজী সদর উপজেলার শহীদনগর এলাকার আজিজ মিয়ার ভাড়টিয়া মোস্তফা গাজীর ছেলে।

    নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, সাঈদ গাজীর বরাত দিয়ে জানান, উদ্ধার হওয়ার পরে সাঈদ গাজী জানিয়েছে তাকে অপহরণ করা হয়নি সে নিজেই আত্মগোপনে ছিল। মূলত তার কাছ থেকে রবি কোম্পানী ও কিছু মানুষ টাকা পেত। সেই টাকার চাপ থেকেই সে নিজে আত্মগোপনে যান। পরে সেখানে গিয়ে একটি কাজও জোগাড় করেন তিনি। এরপর তিনি ভারতে পালিয়ে যাবার জন্য সেখানে থাকা তার বন্ধু হরিদাস চন্দ্র পালের সঙ্গে যোগাযোগও করেন।

    এর আগে রবি কোম্পানীর ডিআইটিস্থ কর্মস্থলে যাওয়ার জন্য প্রতিদিনের মত ৪ জুলাই সকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন মোঃ সাঈদ গাজী। নিখোঁজ থাকার ১৮ দিন পর সাঈদ গাজীকে অপহরণ করা হয়েছে বলে দাবি করে দুই জনের নাম উল্লেখ করে তার মা হোসনে আরা রোববার সকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহারনামীয় দুই আসামীকে ২২ জুলাই রাতে শহরের তামাকপট্টি এলাকা থেকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো তামাকপট্টি এলাকার শফি মিয়ার ছেলে মোঃ জুয়েল (৩০) ও একই এলাকার জুবায়ের মিয়ার ছেলে লিখন (৩২)। #

  • আবারো শ্রেষ্ঠ অধ্যক্ষ হলেন বেলা রানী সিংহ

    আবারো শ্রেষ্ঠ অধ্যক্ষ হলেন বেলা রানী সিংহ

    গতকাল নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিস আয়োজিত নারায়ণগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ ২০১৭ইং হিসাবে নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করছেন নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রানী সিংহ। তিনি বর্তমানে সরকারী তোলারাম কলেজের অধ্যক্ষ হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে বেলা রানী সিংহ নারায়ণগঞ্জ জেলাস্থ আড়াইহাজার উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও বেলা রানী সিংহ ২০১৮ইং সালের জাতীয় শিক্ষা সপ্তাহে উপলক্ষে আয়োজিত প্রতিযোগীতায় শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন।

    বেলা রানী সিংহ ১৯৬৩ইং সালে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার গাংধাইর গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষকতা জীবনে বহু সুনাম ও বিভিন্ন পর্যায়ে পুরস্কৃত হয়েছেন তিনি।#

  • আনন্দধামের আত্মপ্রকাশ: সভাপতি তাজিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহ আলম

    আনন্দধামের আত্মপ্রকাশ: সভাপতি তাজিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহ আলম

    টানবাজার ইয়ান মার্চেন্টের কনভেনশন হলে আনন্দধাম ২০১৮-২০২০ সালের নির্বাহী কমিটির পরিচিতি সভা ও নিয়মিত সাধারণ সভা সংগঠনের নব-নির্বাচিত সভাপতি তাজিমুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আনন্দধামের নব-নির্বাচিত কমিটির সভাপতি তাজিমুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহ আলম, নব-নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- প্রধান সমন্বয়কারী সৈয়দ দীল মোহাম্মদ দীলু, সহ-সভাপতিবৃন্দ হচ্ছেন মোঃ তাজিমুল ইসলাম বাবু (সার্বিক), মোঃ মাহাবুবুর রহমান (অর্থ), নুরুন নাহার (ত্রান ও পুনর্বাসন), ডাঃ তাবাস্সুম ফেরদৌসী (স্বাস্থ্য), মোঃ জাহাঙ্গীর আলম (শিক্ষা), ইকবাল হোসেন মান্নান (ক্রীড়া), রিপন ভাওয়াল (সাংস্কৃতিক), ইকবাল আহমেদ (কর্মসংস্থান), মোঃ শরিফ (পরিবেশ), আরমান হোসাইন আইমান (প্রচার ও প্রকাশনা), জসিম উদ্দিন বাদল (দপ্তর), গুড উইল- মোস্তাফিজুর রহমান, মোঃ বাবর আলী দেওয়ান, সভাপতির উপদেষ্টা- মনিরুল আলম পলাশ, যুগ্ম সম্পাদক- শিল্পী পাল, আনোয়ার হোসেন, পরিচালক বৃন্দ হচ্ছেন- কমরউদ্দিন আহম্মেদ (অর্থ), মোজাম্মেল হোসেন লিটন (শিক্ষা), মোঃ আক্তারুজ্জামান দুলু (স্বাস্থ্য), হযরত আলী (প্রচার ও প্রকাশনা), বোগদাদ হোসাইন অপু (সাংস্কৃতিক), রহিম উদ্দিন মোল্লা (ক্রীড়া), ইমরান মোস্তফা (কর্মসংস্থান), মোতালেব সানি (ত্রান ও পুনর্বাসন), কাজী শাহীন (পরিবেশ), সাফায়েত সারদীন (দপ্তর), যুগ্ম পরিচালক- মোঃ সানি (স্বাস্থ্য), তরিকুল ইসলাম জনি (প্রচার ও প্রকাশনা), মাকসুদুল রহমান হিটু (ক্রীড়া), মোঃ মামুন (দপ্তর), প্রস্তাবিত শাখা সভাপতি- কাজী মোঃ মোহসিন, শ্যামল দত্ত, মঞ্জুর, মুন্না। নবগঠিত কমিটির নাম ঘোষনা করেন সংগঠনের নব-নির্বাচিত সভাপতি তাজিমুল ইসলাম।

    তিনি নবগঠিত কমিটির উদ্দেশ্যে বলেন আমরা আনন্দধামকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই, এতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আর আনন্দধাম হচ্ছে একটি কল্যাণমুখী সামাজিক সংগঠন, আমরা এই সংগঠনের মাধ্যমে ভাল ভাল কাজগুলোকে গ্রহন করব এবং মন্দ কাজ থেকে বিরত থাকব। আমরা এই সংগঠনকে একটি সেরা সংগঠন হিসেবে গড়ে তুলতে সকলের ঐক্যবদ্ধ হিসেবে কাজ করতে হবে।

    সাধারণ সম্পাদক মোঃ শাহআলম বলেন আমরা এই সংগঠনকে সম্মিলিত ভাবে কাজ করে একটি কল্যাণমুখী সামাজিক সংগঠন হিসেবে রূপান্তর করতে চাই, আমরা সকলের সাহায্য সহযোগিতা চাই। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। সভায় নব-নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।#

  • সেচ্ছাসেবকলীগের সমাবেশে থাকবেন এ কে এম শামীম ওসমান

    সেচ্ছাসেবকলীগের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ (৩১ জুলাই) বন্দরে যাচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। সেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও শামীম ওসমানের আগমনকে কেন্দ্র করে বন্দরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগড় সেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা।

    এ ব্যাপারে নারায়ণগঞ্জ মহানগড় সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন জানান, গত ২৭শে জুলাই সেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাাবার্ষিকী উদযাপন করার জন্য ব্যপক প্রস্তুতি ছিল কিন্তু প্রাকৃতিক দূর্যোগের কারনে ২৭শে জুলাইর পরিবর্তে ৩১শে জুলাই করা হয়েছে এবং আমাদের অনুষ্ঠান সূচি পূর্বেরটাই বহাল থাকবে। আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। আমাদের সেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা  প্রধান অতিথিকে সাথে নিয়ে প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্মরনে পুষ্পস্থবক অর্পন করবে ।

    সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান বলেন, শামীম ওসমানের আগমনকে কেন্দ্র করে আমরা সংগঠনের নেতা কর্মী ও বন্দরবাসী ব্যপক প্রস্তুতি নিচ্ছি এবং সমাবেশ কে মহাসমাবেশে রুপান্তরিত করবো বলে আশা রাখি।#

  • বন্দরে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    বন্দরে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২শ’ ৩৭ পিছ ইয়াবা ও ৪৮ পুরিয়া গাজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।  রবিবার রাতে বন্দর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদক দ্রব্যসহ এদেরকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৪টি মামলা রুজু করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানাধীন কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ সরদারবাড়ি এলাকায় আভিযান চালিয়ে মৃত জাকির হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী রুবেল প্রধানকে ২শ’ পিছ ইয়াবাসহ আটক করে। অপরদিকে বন্দর থানা পুলিশ মাদক উদ্ধারের অভিযান চালিয়ে সালেহনগড় এলাকার মৃত মধু মিয়ার ছেলে শাহীন(৩৫) কে ১৫ পিছ, চাপাতলা এলাকার নিজাম উদ্দিনের ছেলে ইয়াছিন মিয়া(২৫)কে ২২ পিছ ইয়াবাসহ আটক করে। বন্দর কোটপাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে রাহাত হোসেন(২০) কে ৪৮ পুরিয়া গাজাসহ আটক করে। গ্রেপ্তারকৃত ৪ মাদক ব্যবসায়ীকে যথাযথ নিয়মে সোমবার আদালতে প্রেরণ করেছে।#

  • বন্দরে দুই স্কুল ছাত্রী অপহরন গ্রেফতার-২

    বন্দরে দুই স্কুল ছাত্রীকে অপহরনের ঘটনায় অপহরনকারী মঈনুল(২৫) ও রিয়াদ (২৩)কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বন্দর একরামপুর সিএসডি গেট এলাকা থেকে অপহরন করে নারায়ণগঞ্জ ফতুলা নিলে পুলিশ ফতুল্লা থেকে স্কুল ছাত্রীদের উদ্ধার করে অপহরনকারীদের গ্রেফতার করে। এ ঘটনায় স্কুল ছাত্রীর ভাই বাদী হয়ে বন্দর থানায় একটি অপহরন মামলা দায়ের করে।

    বন্দর থানার এস আই হামিদুল ইসলাম জানান, একরামপুর এলাকার রতন মিয়ার মেয়ে শ্রাবন্তী ও একই এলাকার বাদল মিয়ার মেয়ে পুষপ বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্রী স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে সিএসডি গেটের সামনে এলে অপহরনকারী মঈনুল ও রিয়াদ মিথ্যে প্রলভোন দেখিয়ে তাদের নিয়ে যায়। স্কুল ছাত্রীর ভাই সংবাদ পেয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশি প্রযুক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জ ফতুল্লা থানার কুতুবপুর এলাকা থেকে দুই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয় ও অপহরনকারীদের গ্রেফতার করতে সক্ষম হই। অপহরনকারী দুই জনকে অপহরন মামলায় আদালতে প্রেরন করে বন্দর থানা পুলিশ।#

  • ব্যবসায়ী শাওন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদন্ড

    ব্যবসায়ী শাওন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদন্ড

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তেল ব্যবসায়ী মওদুদ আহমেদ শাওন হত্যা মামলায় দুই আসামীর মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত ১ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল আউয়াল এই রায় প্রদান করেন।
    মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন- বাসু ও রাকিব। রায় প্রদানকালে শুধুমাত্র বাসু আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামী রাকিব পলাতক রয়েছেন। নিহত শাওন সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকার মোঃ নাসির হোসেনের ছেলে।
    অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাকসুদা বেগম জানান, ২০১৪ সালে ৯ জুলাই সিদ্ধিরগঞ্জের নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় শাওন। এর পরদিন ১০ জুলাই সোনাগাঁও উপজেলার বারদী ইউনিয়নের দৌলদী গ্রাম থেকে গলা কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় শাওনের পরিচয় না পাওয়ায় ময়না তদন্ত শেষে ১১ জুলাই মাসদাইর কবরস্থানে বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হয়। পরে সোনাগাঁও থানা পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। ১২ জুলাই শাওনের পরিবার লাশ শনাক্ত করলে আদালত শাওনের লাশটিকে পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। ১৬ জুলাই একজন নির্বাহি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শাওনের লাশ উত্তোলন করা হয়। পরবর্তীতে সোনারগাঁ থানা পুলিশ এই হত্যাকান্ডের মূল হোতা বাসুকে গ্রেফতারের পর সে হত্যাকান্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মূলত: তেল ব্যবসার দুই লাখ টাকার লেনদেনের কারনেই শাওনকে হত্যা করা হয়েছে বলে জবানবন্দিতে বাসু স্বীকার করে। আদালত এই মামলায় ২৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেছেন। #

  • বন্দরে ২ নৈশ প্রহরী হত্যাকান্ড: ডাকাতির ঘটনার ৭জন গ্রেফতার

    বন্দরে ২ নৈশ প্রহরী হত্যাকান্ড: ডাকাতির ঘটনার ৭জন গ্রেফতার

    নারায়ণগঞ্জের বন্দরে দুই নৈশ প্রহরীকে হত্যা করে তিনটি ব্যাটারীর দোকানে ডাকাতির ঘটনার দলীয় প্রধান সহ ৭ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে মধ্য রাত ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ও যন্ত্রপাতি জব্দসহ উদ্ধর করা হয়েছে লন্ঠিত ৭০ হাজার টাকা মূল্যের ব্যাটারী। রবিবার দুপুরে জেলা পুলিশ সুপার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

    গ্রেফতারকৃতরা হচ্ছে-মোক্তার হোসেন, রনি হোসেন, রানা ফকির, জাহিদুল শরীফ, তাহিদুল, জসিম. মুন্না, শাওন রানা এবং আতিকুর রহমান। তাদের প্রত্যেকের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

    সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মঈনুল হক জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ৬ জনই জোড়া খুন ও ডাকাতির ঘটনায় স্বশরীরে অংশগ্রহণ করেছে। অপর একজন লন্ঠিত ব্যাটারী বেচাকেনার সাথে সম্পৃক্ত ছিল। এই ঘটনার পর পর সংঘবদ্ধ এই চক্রটি মুন্সীগঞ্জে এ ধরনের একটি ঘটনা ঘটিয়েছে। ডাকাত দলে কমপক্ষে এগারো থেকে বারো জন সদস্য রয়েছে। তবে এই হত্যৗাকান্ড ও ডাকাতির ঘটনার সাথে সাতজনের মধ্যে স্থানীয় একজন রয়েছে। ঘটনার আগে ডাকাতরা কয়েক দফায় ওই এলাকায় গিয়ে পর্যবেক্ষণ করে গেছে। পরে পূর্ব প্রস্তুতি নিয়ে ডাকাতি করতে আসে। তিনি জানান, গ্রেফতকারকৃত ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করা হবে।

    গত ২১ জুলাই রতা আনুমানিক দুইটার দিকে বন্দর উপজেলার দক্ষিণ লক্ষলেখালা বাজারে একদল তরুণ ডাকাত হানা দেয়। ডাকাতরা রায়হান উদ্দিন ও মোতালেব নামের দুই নৈশ প্রহরীকে নৃশংসভাবে হত্যা করে তিনটি ব্যাটারীর দোকান থেকে ২৭ লাখ ৭৮ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার পরদিন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পক্ষ থেকে বিছমিল্রাহ ব্যাটারীর মালিক আলমগীর হোসেন বাদি হয়ে বন্দর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। পরে সিসি ক্যামেরার ভিুডও ফুটেজ দেখে জেলা গোয়েন্দা পুলিশ ডাকাতদের পরিচয় শনাক্ত করে।#